২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল দলে ফিরলেন কাকা-রোনালদিনিয়ো

জল্পনার মুখে আপাতত ছাই। কোপা আমেরিকায় খেলেননি বলে রোনালদিনিয়ো আর কাকা কোচ কার্লোস ডুঙ্গার বিরাগভাজন বলে যা রটেছিল, তা সত্যি মানা যাচ্ছে না আর। আগামী ২২ আগস্ট ফ্রান্সের মন্টেপিলিয়ারে আলজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দুজনকেই দলে নিয়েছেন ডুঙ্গা। মঙ্গলবার ২২ জনের দল ঘোষনার পাশাপাশি বিবৃতি দিয়ে অস্বীকার করেছেন দুই তারকার সঙ্গে কোনো ধরণের দ্বন্দ্বের কথাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 11:06 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

রিও ডি জেনিরো, ৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জল্পনার মুখে আপাতত ছাই। কোপা আমেরিকায় খেলেননি বলে রোনালদিনিয়ো আর কাকা কোচ কার্লোস ডুঙ্গার বিরাগভাজন বলে যা রটেছিল, তা সত্যি মানা যাচ্ছে না আর। আগামী ২২ আগস্ট ফ্রান্সের মন্টেপিলিয়ারে আলজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দুজনকেই দলে নিয়েছেন ডুঙ্গা। মঙ্গলবার ২২ জনের দল ঘোষনার পাশাপাশি বিবৃতি দিয়ে অস্বীকার করেছেন দুই তারকার সঙ্গে কোনো ধরণের দ্বন্দ্বের কথাও। ব্যাপারটা অন্যরকমও হতে পারত। ব্রাজিল কোপা আমেরিকা না জিতলে দু'ভাবে দেখা হতো ব্যাপারটা। প্রথমত, সব দোষ পড়ত কাকা আর রোনালদিনিয়োর ওপর। কারণ দীর্ঘ এক ফুটবল মৌসুমের শ্রান্তির অজুহাতে প্রতিযোগিতায় অংশ নেননি দুজন। কিংবা কাঠগড়ায় উঠতে হতো ডুঙ্গাকে। ঘরোয়া ফুটবলারদের ওপর জোর দিয়ে তারকাদের অবহেলার যে বদনাম কুড়িয়েছিলেন তার জের ধরে চাকরিটা হারাতেন হয়তো। এর কিছুই ঘটেনি। চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে সহজেই ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ব্রাজিল। সেই সুবাদে মুখে কুলুপ এঁটে দিয়েছে সমালোচকদের। ডুঙ্গা বরং একটু আফসোসের সুরেই জানিয়েছেন, কোপা আমেরিকায় খেললে আরেকটি শিরোপার পালক মুকুটে তুলতে পারতেন এই দুই তারকা। বলেছেন, "ওরা একটা শিরোপা জেতার সুযোগ নষ্ট করেছে। ব্রাজিলের হয়ে চ্যাম্পিয়ন হওয়া দলে খেলা প্রতিটি খেলোয়াড়ই বাড়তি স্বীকৃতি পায়। তারা হেলায় সুযোগটা নষ্ট করেছে। যাহোক আমরা আবার শুরু করছি, এখন বাকিটা তাদের ওপর।" সেই সঙ্গে আশ্বস্ত করেছেন যে দুপক্ষে কোনো ভুল বোঝাবুঝি হয়নি, "আমার কারো ওপর রাগ নেই। ব্রাজিলের কোচকে ব্রাজিল দলের ভালোটাই ভাবতে হয়। দলের জন্য সম্ভাব্য সেরা সিদ্ধান্তটাই আমরা নিই।" সেই সিদ্ধান্তেরই অংশ হিসেবে কিনা, এখন পর্যন্ত ডুঙ্গার কৃপা মেলেনি রোনালদোর। আলজেরিয়ার মুখোমুখি একবারই হয়েছে ব্রাজিল। ১৯৮৬ বিশ্বকাপের সেই ম্যাচ ১-০ গোলে জিতেছিল তারা। ২২ জনের ব্রাজিল দল : গোলকিপার : হুলিও সিজার, ডোনি। ডিফেন্ডার : ড্যানিয়েল আলভেজ, আলেক্স সিলভা, জিলবার্তো, হুয়ান, ক্লেবার, লুসিও, মাইকন। মিডফিল্ডার : ডিয়েগো, লুকাস, এলানো, কাকা, নালদো, হুলিও ব্যাপটিস্টা, মিনেইরো, জোসুয়ে, ফার্নান্দো। ফরোয়ার্ড : রবিনিয়ো, রোনালদিনিয়ো, রাফায়েল সোবিস, ভাগনার লাভ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/১৭০৩