২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলে সবার আগে পদত্যাগ করলেন বাফুফে সম্পাদক

ক্রিকেটের পর ফুটবলেও যে পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল অবশেষে তা সত্যি হলো। সোমবার বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল পদত্যাগ পত্র জমা দিয়েছেন। সোমবার সন্ধ্যায় বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) সভাপতি এস এ সুলতান সাধারণ সম্পাদকের পদত্যাগের কথা স্বীকার করেছেন, "আমি আজই হেলালের পদত্যাগ পত্র হাতে পেয়েছি। এটা পেয়েই দুপুরে আমি বাফুফে কমিটির কয়েকজনের সঙ্গে বৈঠকে বসেছিলাম। আগামী পরশু (বুধবার) জরুরী সভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে, সভায় পদত্যাগ পত্রের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।" তবে এই পদত্যাগ পত্র হাতে পেয়ে সভাপতি বাফুফে সম্পাদকের কাছে পদত্যাগের কারণ জানতে চেয়েছিলেন। তার জবাব শুনুন এস এ সুলতানের মুখেই, "তিনি (হেলাল) আমাকে ব্যক্তিগত কারণের কথাই বলেছেন, আর বিশেষ কিছু বলতে চাননি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 01:09 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, ৬ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---ক্রিকেটের পর ফুটবলেও যে পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল অবশেষে তা সত্যি হলো। সোমবার বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল পদত্যাগ পত্র জমা দিয়েছেন। সোমবার সন্ধ্যায় বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) সভাপতি এস এ সুলতান সাধারণ সম্পাদকের পদত্যাগের কথা স্বীকার করেছেন, "আমি আজই হেলালের পদত্যাগ পত্র হাতে পেয়েছি। এটা পেয়েই দুপুরে আমি বাফুফে কমিটির কয়েকজনের সঙ্গে বৈঠকে বসেছিলাম। আগামী পরশু (বুধবার) জরুরী সভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে, সভায় পদত্যাগ পত্রের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।" তবে এই পদত্যাগ পত্র হাতে পেয়ে সভাপতি বাফুফে সম্পাদকের কাছে পদত্যাগের কারণ জানতে চেয়েছিলেন। তার জবাব শুনুন এস এ সুলতানের মুখেই, "তিনি (হেলাল) আমাকে ব্যক্তিগত কারণের কথাই বলেছেন, আর বিশেষ কিছু বলতে চাননি।" বাফুফে সভাপতি যখন পদত্যাগের খবর দিচ্ছিলেন তখন সাধারণ সম্পাদক অনোয়ারুল হক হেলাল নিজের কক্ষেই বসেছিলেন। পরে অবশ্য নিজেও পদত্যাগের কথা স্বীকার করেছেন, "পদত্যাগ পত্রটা ২৩ অথবা ২৪ তারিখ আমি জমা দিয়েছি। তাতে আমি ব্যক্তিগত সমস্যার কথাই উল্লেখ করেছি।" মানে তিনি গত জুলাইয়ের শেষ সপ্তাহে পদত্যাগ পত্র জমা দিলেও সোমবার তা বাফুফে সভাপতির হাতে পৌঁছেছে। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল বি. লিগের পুরস্কার বিতরনী অনুষ্ঠানের পরই বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পদত্যাগের হাওয়া লাগবে। সেটাই হয়েছে, রোববার এই অনুষ্ঠানের পরদিনই এসেছে বাফুফে সম্পাদকের পদত্যাগের খবর। আর কেউ কী এই পথে হাঁটবেন ? বাফুফে সভাপতির জবাব, "সেটা আমি কী করে বলবো? তবে আপাতত তা মনে হচ্ছে না।" নিজের ভবিষ্যৎ ? "এর আগে আমাকে পরোক্ষভাবে পদত্যাগ করতে বলা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব আমি প্রত্যাখান করেছি এবং জাতীয় ক্রীড়া পরিষদে একটা চিঠিও দিয়েছি। তবে যথোপযুক্ত ব্যক্তির কাছ থেকে প্রস্তাব পেলে আমি পদত্যাগ করবো"---- বলেছেন বাফুফে সভাপতি এস এ সুলতান। কে বা কারা তাকে পদত্যাগ করতে বলেছিল তা উল্লেখ করতে চাননি তিনি। তবে জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো চিঠিতে তিনি নিজে পদত্যাগ করলে সমস্যার সমাধান হবে না বলেই উল্লেখ করেছেন। সোমবারও তিনি ফিফার দোহাই দিয়ে একই কথা বলেছেন, "বাফুফে সভাপতি পদত্যাগ করলে সেই জায়গায় সরকার কাউকে বসাতে পারবে না, তখন সিনিয়র সহ সভাপতিই দায়িত্ব পালন করবেন।" বাফুফে সম্পাদকের পদত্যাগের কথা জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান সেনাপ্রধান মঈন উ আহমেদকেও জানিয়েছেন বাফুফে সভাপতি এস এ সুলতান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, "হেলালের পদত্যাগের ব্যাপারটা আমি সেনাপ্রধানকে জানিয়েছি। বাফুফে নিয়েও হয়তো সরকারের নির্দিষ্ট পরিকল্পনা থাকতে পারে। ওনার সঙ্গে কথা বলে মনে হয়েছে সরকারও বোধহয় ফিফা-এএফসি'র সঙ্গে যোগাযোগ করেছে।" সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ত্রাণের অর্থ জমা দিতে গিয়েই বাফুফে সভাপতির সঙ্গে দেখা হয়েছে সেনাপ্রধানের। বাফুফের এই কমিটি আসলে একটি মেয়াদোত্তীর্ণ কমিটি। গত ২৯ এপ্রিল তাদের ৪ বছরের মেয়াদ শেষ হয়ে গেলেও তারা আরো এক বছর ফুটবল ফেডারেশনে থাকার বৈধতা নিয়ে এসেছে ফিফার কাছ থেকে। অথচ দেশের ফুটবল উন্নয়নে তারা ব্যর্থ হয়েছে, গত ৪ বছরে তারা দেশের ফুটবলকে আরো অন্ধকারের দিকে টেনে নিয়ে গেছে। এক সময়ের জনপ্রিয় ফুটবলের এই বেহাল অবস্থা দেখে সরকার সেখানে সংস্কার আনতে চায়। গত মাসেও ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী ক্রীড়াঙ্গনে ব্যর্থদের সরে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। তাতে সাড়া দিয়েছেন কেবল বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১১৭ঘ.