ঢাকা, ৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- কে হচ্ছেন বি লিগের সেরা খেলোয়াড়? - এ প্রশ্নের উত্তরকেই ধরা হচ্ছিল বি লিগের অনাড়ম্বর পুরস্কার প্রদান অনুষ্ঠানের সেরা চমক হিসেবে। রোববার সন্ধ্যায় এনএসসি টাওয়ার মিলনায়তনে হওয়া অনুষ্ঠানে সেই চমক হিসেবে ঘোষিত হয়েছে চ্যাম্পিয়ন আবাহনীর স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির নাম। তাই প্রধান অতিথি সেনাপ্রধান এবং এনএসসি চেয়ারম্যান জেনারেল মঈন উ আহমেদের কাছ থেকে দেশের প্রথম পেশাদার ফুটবল লিগের শিরোপা নিতে মঞ্চে ওঠা আবাহনী সদস্যদের আনন্দও পেয়েছে পুরো মাত্রা। ট্রফির পাশাপাশি আবাহনী অধিনায়ক আরিফ খান জয়ের হাতে তুলে দেওয়া হয়েছে সেরা দলের অর্থ পুরস্কার পাঁচ লাখ টাকার চেক। রানার্স আপ মোহামেডান পেয়েছে তিন লাখ টাকা। আর তৃতীয় হওয়া মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র পুরস্কার প্রদান অনুষ্ঠানেই রেখেছে অনুকরণীয় দৃষ্টান্ত। তাৎক্ষণিকভাবে তারা পুরস্কারের দুই লাখ টাকা বন্যার্তদের সাহায্যার্থে প্রদান করার ঘোষণা দিয়েছে।
এই অনুষ্ঠানে বাংলাদেশের ফুটবল তার হারানো ঐতিহ্য ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান, "বিশ্বদরবারে বাংলাদেশকে তুলে ধরার যথেষ্ট সুযোগ রয়েছে। এজন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। এএফসি প্রেসিডেন্ট হাম্মামের পরামর্শে পেশাদার লিগ চালু হয়েছে বাংলাদেশে। যদিও সুযোগ সুবিধার কিছূটা ঘাটতি ছিল। তারপরও এই লিগের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করছি। আর এভাবেই আগামী ৩/৪ বছরে ফুটবল তার ঐতিহ্য ফিরে পেতে পারে।"
ফিফার সুনামি তহবিলের ৫ কোটি টাকা দিয়ে কক্সবাজার এবং বরিশালে ফুটবল একাডেমী গড়ার পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে জমি সংক্রান্ত জটিলতায়। যেকারণে ওই ৫ কোটি টাকা ফেরত যাওয়ার উপক্রম হয়েছে। ঠিক এই অবস্থায় পেশাদার লিগের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাফুফে কর্মকর্তাদের আশ্বস্তই করেছেন সেনাপ্রধান, "সুনামি ফান্ডের ৫ কোটি টাকা ফেরত যাবে না।" তার মানে দুটো ফুটবল একাডেমী গড়ার জন্য জমির সুবন্দোবস্ত করতে যাচ্ছেন এনএসসি প্রধান নিজেই। অনেক অভিযোগে অভিযুক্ত ফুটবল ফেডারেশনের পক্ষে অনুষ্ঠানে সাফাই গেয়েছেন সভাপতি এস এ সুলতান। বাফুফের গত পাঁচ বছরের কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি তিনি বলেন, "আজকের দিনটি একটি ঐতিহ্যবাহী দিন। বিগত সময়গুলোতে ফুটবলের উন্নয়নে আমরা আন্তরিক ছিলাম। ভিশন এশিয়া অনুযায়ী আমরা এমনকি বয়সভিত্তিক ফুটবল টুনৃামেন্টও করেছি। কাজেই আমরা কোনো অপপ্রচারে ভীত নই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমপি/এমএম/২০২০ঘ.
bdnews24