ঢাকা, আগস্ট ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- "বাংলাদেশের মেয়েদের মধ্যে আছে অফুরন্ত সম্ভাবনা। দরকার শুধু সুযোগ এবং সহযোগিতা, যা পেলে তারা দেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে পারবে। বাংলাদেশ মহিলা ক্রিকেট দল মালয়েশিয়ায় অনুষ্ঠিত এসিসি মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে সেটা প্রমাণও করেছে।"----- এভবেই বাংলাদেশের মহিলা ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেছেন সমাজকল্যাণ, শিল্প, পাট ও বস্ত্র এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী। রোববার তিনি প্রধান অতিথি হয়ে এসেছিলেন এসিসি ট্রফি জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠানে।
ঢাকায় জাতীয় মহিলা সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী নারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করার আহবান জানিয়ে বলেছেন, "সম্ভাবনাময় অনেক নারী এখনো দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। সুযোগের অভাবে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারছে না। তাই ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বাড়াতে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।"
অর্ধেক নারী জনগোষ্ঠীকে অবহেলিত রেখে সমাজ ও দেশ কখনো কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে না উল্লেখ করে উপদেষ্টা গণসচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়ার কথা বলেছেন। শুধু ক্রীড়া নয়, প্রতিরক্ষা বাহিনী, পুলিশ, সংস্কৃতি এবং অন্যান্য অঙ্গনে মেয়েদের যোগ্যতা প্রমাণের কথাও তিনি তুলে ধরেছেন।
অনুষ্ঠানে ক্রিকেট দলের পক্ষ থেকে মহিলা ক্রিকেটের উন্নয়নের জন্য পৃথক খেলার মাঠ, উন্নত প্রশিক্ষণের ব্যবস্থার দাবি জানানো হয়েছে। এছাড়া ক্রীড়াঙ্গন থেকে মেয়েদের ঝরে পড়া রোধ করতে উৎসাহব্যঞ্জক পদক্ষেপ নেওয়ার জন্যও উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
অনুষ্ঠানে জাতীয় মহিলা ক্রিকেট দলের কোচ জাফরুল এহসান ও অধিনায়ক তাজকিয়া আক্তার বক্তব্য রাখেন। উপদেষ্টা জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং প্রত্যেককে পদক পরিয়ে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী পরিচালক অধ্যাপক ফিরোজা বেগম, সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা, মহিলা ক্রিকেট দলের ম্যানেজার হামিদা বেগম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৬২০ঘ.
bdnews24