ঢাকা, আগস্ট ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- কে হচ্ছেন বি. লিগের সেরা খেলোয়াড় ? সংক্ষিপ্ত তালিকা করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানে আছেন আবাহনীর তিন ফুটবলার নজরুল ইসলাম, ওয়ালী ফয়সাল ও জাহিদ হোসেন এমিলি, মোহামেডানের জাহিদ হোসেন এবং ফরাশগঞ্জের রবিন। প্রথমবারের মতো সাংবাদিকদের ভোটে প্রাথমিকভাবে এই পাঁচ জনকে বাছাই করা হলেও তাদের মধ্যে কে বেশি ভোট পেয়ে চ্যাম্পিয়ন ফুটবলার হচ্ছেন তা জানা যাবে রোববার বি. লিগের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে। এটাই অনুষ্ঠানের বড় চমক হলেও অর্থমূল্যে সেরা খেলোয়াড়ের মূল্যায়ন মাত্র ২৫ হাজার টাকা। ঠিক একই অর্থ পাবেন ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়া ব্রাদার্সের নাইজেরিয়ান স্ট্রাইকার এলিজা জুনিয়র।
জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের মিলানায়তনে অনুষ্ঠেয় এই পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর খেলোয়াড়দের হাতে প্রথম বি. লিগের ট্রফি তুলে দেবেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদ। ট্রফির পাশাপাশি বিজয়ী দলের জন্য থাকছে ৫ লাখ টাকা অর্থ পুরস্কার। রানার্স আপ ঢাকা মোহামেডান পাবে ৩ লাখ টাকা।
এই অনুষ্ঠান জমকালো করার ইচ্ছা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। কিন্তু বন্যাকবলিত মানুষের কথা ভেবে তারা ওই চিন্তা বাদ দিয়ে অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয় এবং সাশ্রয়কৃত ৫ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছে। শনিবার এই অর্থ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বাফুফের মিডিয়া ম্যানজার সাঈদ আল ফাত্তাহ।
শনিবার বাফুফে সভায়ও তা অনুমোদিত হয়েছে। সভায় সিনিয়র ডিভিশন ফুটবল লিগ রমজানের আগে আয়োজনের ব্যাপারেও কথাবার্তা হয়েছে। তবে সিদ্ধান্ত হয়নি, কারণ দলগুলো রমজানের পরেই খেলার পক্ষে। তাছাড়া সিনিয়র ডিভিশন ফুটবল লিগে বিদেশী ফুটবলার খেলানো বন্ধ হয়ে যাচ্ছে। সভায় এরকম সিদ্ধান্ত হয়েছে।
সভায় আরো সিদ্ধান্ত হয়েছে ২৫ আগস্ট থেকেই শুরু হবে ঢাকা স্কুল ফুটবল টুর্নামেন্ট। আর জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হবে ১ সেপ্টেম্বর। এছাড়া আগস্টে ভারতের উড়িষ্যা থেকে আসছে মহিলা ফুটবল দল। তাদের সঙ্গে বাংলাদেশ মহিলা দল ৫ টি ম্যাচ খেলবে ঢাকা, চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৯৩৭ঘ.
bdnews24