ম্যানচেস্টার, ৩ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার স্বপ্নপূরণ হতে যাচ্ছে কার্লোস তেভেজের। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড দলবদল নিয়ে দীর্ঘদিনের জট শেষ পর্যন্ত খুলেছে শুক্রবার। তার এজেন্ট কিয়া জোরাবচিয়ানের সঙ্গে পুরনো ক্লাব ওয়েস্টহ্যামের বিরোধের সুরাহা হওয়ার পর আর দেরি না করেই তেভেজ ছুটে গেছেন ম্যানচেস্টারে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষার আনুষ্ঠানিকতাও শেষ হয়ে গেছে বলে খবর দিয়েছে বৃটিশ সংবাদ মাধ্যম।
ম্যানচেস্টার ইউনাইটেডে তেভেজের যোগ দেয়াটা আটকে ছিল তার মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে। তার এজেন্ট জুরাবচিয়ান দাবি করছিলেন তেভেজের মালিকানা তারই, একই দাবি ছিল তার পুরনো ক্লাব ওয়েস্টহ্যামেরও। একইসঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগও জানিয়ে দিয়েছিল তেভেজকে ম্যানচেস্টারে যেতে হলে ওয়েস্টহ্যামের সম্মতি নিয়েই যেতে হবে। এই নিয়ে ঝামেলা এমন জায়গায় চলে গিয়েছিল যে ফিফা পর্যন্ত এর সুরাহা করতে না পারায় বিষয়টা চলে গিয়েছিল হাইকোর্টে।
শুনানির অপেক্ষা যখন তখনই শুক্রবার আদালতের বাইরেও মীমাংসা হয়ে গেল। খবর অনুযায়ী, তেভেজের ব্যক্তিগত আবেদনে সাড়া দিয়ে শেষ পর্যন্ত তার এজেন্ট জোরাবচিয়ান একটু নমনীয় হন। নমনীয় হয় ওয়েস্টহ্যাম। এবং সিদ্ধান্ত হয় ২০ লাখ পাউন্ডের বিনিময়ে তেভেজের অধিকার ছেড়ে দেবে তার পুরনো ক্লাব। তারপর তেভেজ ধারে যোগ দেবেন ম্যানচেস্টারে। সেই মীমাংসা অনুযায়ীই তেভেজ এখন ম্যানচেস্টারের পথে। এখনও আনুষ্ঠানিকভাবে তাকে ম্যানচেস্টারের খেলোয়াড় হিসাবে ঘোষণা করা হয়নি, কিন্তু ওয়েস্টহ্যামের সভাপতি ম্যাগনাসনই নিশ্চিত করে বলেছেন,''তেভেজ এখন কার্যত ম্যানচেস্টারেরই খেলোয়াড় হয়ে গেছে।''
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/২১২০ঘ.
bdnews24