২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলারদের কাছে বি.লিগ হতাশারই অন্য নাম

সালমান মোহাম্মদ নামশানের কান্ড দেখে ইয়াহিয়া হাসবেন না বিস্ময় প্রকাশ করবেন বুঝে উঠতে পারছিলেন না। এই সালমান মোহাম্মদ হলেন ফিফা প্রেরিত একজন স্থপতি, যিনি এসেছেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তা-ব্যবস্থা দেখতে। ওসব খতিয়ে দেখার জন্যই গত ১ আগস্ট তিনি স্টেডিয়ামের দায়িত্বে থাকা জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়ার সঙ্গে কথা বলছেন। কিন্তু ইয়াহিয়ার হাসি পাচ্ছে স্টেডিয়ামের গ্যালারি ভেঙ্গে অঘটন ঘটার প্রশ্নে। ইয়াহিয়া হাসতে হাসতে বলছেন,"ফুটবল খেলা দেখতে যেখানে দর্শকই আসে না সেখানে কিনা গ্যালারি ভেঙ্গে দুর্ঘটনা ঘটার ভয় পাচ্ছেন তিনি!''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 02:23 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- সালমান মোহাম্মদ নামশানের কান্ড দেখে ইয়াহিয়া হাসবেন না বিস্ময় প্রকাশ করবেন বুঝে উঠতে পারছিলেন না। এই সালমান মোহাম্মদ হলেন ফিফা প্রেরিত একজন স্থপতি, যিনি এসেছেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তা-ব্যবস্থা দেখতে। ওসব খতিয়ে দেখার জন্যই গত ১ আগস্ট তিনি স্টেডিয়ামের দায়িত্বে থাকা জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়ার সঙ্গে কথা বলছেন। কিন্তু ইয়াহিয়ার হাসি পাচ্ছে স্টেডিয়ামের গ্যালারি ভেঙ্গে অঘটন ঘটার প্রশ্নে। ইয়াহিয়া হাসতে হাসতে বলছেন,"ফুটবল খেলা দেখতে যেখানে দর্শকই আসে না সেখানে কিনা গ্যালারি ভেঙ্গে দুর্ঘটনা ঘটার ভয় পাচ্ছেন তিনি!'' ইয়াহিয়ার আফসোস, গ্যালারি উপচে পড়া বাংলাদেশের ফুটবল-দর্শক দেখার সৌভাগ্য হলো না সালমানের। কয়েকবছর আগেও এমন দৃশ্যই ছিল ফুটবলের জন্য স্বাভাবিক। কিন্তু তিনি যেদিন পরিদর্শন করেছেন সেদিন মোহামেডান-আরামবাগের খেলা দেখতে সব মিলিয়ে হাজার দুয়েকের মতো দর্শক ছিল গ্যালারিতে। পুরো বি. লিগের চরিত্রই ছিল এমন, আবাহনী-মোহামেডানের ম্যাচ দেখার জন্যও স্টেডিয়াম এলাকায় কোনো ভিড় নেই, টিকেটের হাহাকার নেই। এমনকি দ্বিতীয় লেগে আবাহনী-মুক্তিযোদ্ধা ম্যাচে গ্যালারি উন্মুক্ত করে দিয়েও ফুটবলানুরাগীদের মাঠে ফেরানো যায়নি। আর দর্শকবিহীন ম্যাচ যে কীরকম যন্ত্রণার তা শুনুন মুক্তিযোদ্ধার ডিফেন্ডার হাসান আল মামুনের মুখে, "মাঠে নেমে যখন গ্যালারি ফাঁকা দেখি তখন খুব কষ্ট হয়। ধরুন দিনের পর দিন আমি খেলে গেলাম কিন্তু সেই খেলা কেউ দেখলো না কিংবা উপভোগ করলো না, ওই কষ্টটা কাউকে বলে বোঝানো যাবে না। যে কোনো খেলায় দর্শকই হচ্ছে প্রাণ।" রূপসীর রূপে যদি কেউ মুগ্ধ না হলো তাহলে সেই রূপের আর মূল্য কী ? তাই হাসান আল মামুনের কাছে দর্শকবিমুখ এই বি. লিগের মূল্যায়ন হচ্ছে, "একেবারেই জমেনি বি. লিগ। লিগটা মানুষের মনে এতটুকু আবেদন তৈরি করতে পারেনি।" দর্শক উপস্থিতির বিচারে প্রায় সব খেলোয়াড়েরই এই লিগ সম্পর্কে নেতিবাচক মানসিকতা। এর চেয়ে প্রিমিয়ার লিগই ভাল ছিল বলে মনে করেন ব্রাদার্স ম্যানেজার আমের খান। তরুণ এই সংগঠক আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, "দর্শক আসবে কী করে! বাফুফে যে ফিকশ্চার করেছে তাতেই বিভ্রান্ত হয়েছে মানুষ, কখন কার খেলা সেটাই তারা বুঝে ওঠতে পারেনি। আমরা ক্লাব-কর্মকর্তা হয়েও তো বিপাকে পড়ে গেছি। খেলা বডিলি শিফট হয়েছে, সে অনুযায়ী আমরা হিসাব করেছি কিন্তু পরে দেখেছি আমাদের খেলার শিডিউল পরিবর্তন হয়নি।" দর্শক প্রিমিয়ার লিগে প্রতিদিন খেলা দেখতে অভ্যস্ত ছিল। প্রথাগত নিয়মের পরিবর্তন করতে হলে সেরকম প্রাচারনাও দরকার। যেটা মোটেও ভাল হয়নি বলে মনে করেন সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। "নতুন কিছু শুরু করতে গেলে দেশব্যাপী সাড়া ফেলে দিতে হবে। সেটা না করার ফল পেয়েছে বাফুফে হাতেনাতেই"--- বলেছেন আসলাম। তাছাড়া ১১টি দল হওয়ায় ফিকশ্চারে দলগুলোর ম্যাচের কোনো ভারাসাম্য ছিল না। বেশিরভাগ সময়ই একটি দলের খেলা দু-একটি করে কম থাকতো, যা অনেকের মধ্যেই বিভ্রান্তি ছড়িয়েছে। মাত্র ১ আগস্ট এই পেশাদার লিগ শেষ হওয়ার পরও ফুটবলাঙ্গনে তার কোনো অনুরনন নেই। আলোচনায় নেই বিশেষ কোনো ফুটবলার। কারণ ৫ মাস ধরে জনবিচ্ছিন্ন এক ফুটবল লিগ হয়েছে। গত দুবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খানের চোখে কেবল নামেরই একটা পরিবর্তন হয়েছে, "নামটা পেশাদার লিগ হলেও আমরা পেশাদার হয়ে উঠতে পারিনি, ক্লাবগুলোও নানা সীমাবদ্ধতার কারণে সেভাবে গড়ে নিতে পারেনি নিজেদের। তাই নিজেদের দল নিয়ে প্রাচারণা, ফ্যান ক্লাব গঠন করে এলাকার লোকদের খেলা দেখতে উদ্বুদ্ব করাও হয়নি। আরেকটা বড় সত্য হচ্ছে, বাংলাদেশে আবাহনী ও মোহামেডান ছাড়া অন্য কোনো দলের বিশাল সমর্থকগোষ্ঠী নেই।" কিন্তু ফ্যান ক্লাব গঠন ও মার্চেন্ডাইজিংয়ের তাগিদ দিয়েছিল বাফুফে। যেখান থেকে ক্লাবগুলোর আয় হওয়ার কথা। আমের খানের জবাব, "শুধু বলে দিলেই হয়না। রাতারাতি যেমন হয় না তেমনি এসব করার মতো পরিবেশ-পরিস্থিতিও থাকা চাই দেশে।" অথচ এই বি. লিগ করে করেই এক মৌসুম ফুটবল লিগ আয়োজন করেনি বাফুফে। এটাকেই বড় কারণ হিসেবে দাঁড় করিয়েছেন বি. লিগ চ্যাম্পিয়ন আবাহনী অধিনায়ক আরিফ খান জয়। তার কথা, "মাঠে নিয়মিত খেলা থাকলে মানুষ এভাবে মুখ ফিরিয়ে নিতো না। খেলা হয়নি বলে লোকের মনযোগ অন্যদিকে সরে গেছে। অনেক খেলোয়াড়ও ফুটবল ছেড়ে দিয়ে এখন অন্য কিছু করছে।" শুরু থেকেই বি. লিগের বিপক্ষে থাকা আবাহনী অধিনায়ক এখন বেশ আশংকিত ভবিষ্যতের কথা ভেবে, "যেখানে নিয়মিত ফুটবল লিগ হয় না, খেলার জন্য খেলোয়াড়দের আন্দোলন করতে হয় সেখানে পেশাদার ফুটবল হলে কতটুকু-ই বা হবে বোঝাই যায়। তাই আবারো বলছি, এই চরিত্রের পেশাদার ফুটবল লিগ হলে আমাদের ফুটবলের ভবিষ্যৎ সত্যিই অন্ধকার।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০১০ঘ.