ঢাকা, আগস্ট ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান পদে বসে এতদিন তিনি দেশের ক্রীড়াঙ্গন সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন, তারপর বৃহস্পতিবার ক্রীড়া ফেডারেশনগুলোর সভাপতির মুখ থেকেও শুনেছেন। এই দেখা, শোনা এবং জানার ভিত্তিতে পরিষদের চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদের মূল্যায়ন, অনেক ফেডারেশনের তেমন কোনো কার্যক্রমই নেই। আবার তিনি এও জেনেছেন যে এই না থাকার পেছনে একটা বড় কারণ অর্থাভাব। এখন এই অর্থাভাব পূরণের জন্য তিনি উদ্যোগ নেবেন কিন্তু তারপরও খেলাধুলা ঠিকমতো না হলে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর অর্থবরাদ্দ বন্ধ হয়ে যাবে।
জেনারেল মঈন উ আহমেদ এই দায়িত্ব নিয়েছেন গত জুলাই মাসে। তারপর প্রথমবারের মতো তিনি ৩৫ টি ক্রীড়া ফেডারেশন ও ৪ টি ক্রীড়া অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলন কক্ষে বৈঠক করেছেন। প্রায় দেড়ঘন্টাব্যাপী বৈঠকে তিনি সবার কথা শুনেছেন এবং তাৎক্ষনিকভাবে কিছু নির্দেশনাও দিয়েছেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেনারেল মঈন উ আহমেদ বলেছেন, "জনপ্রিয়তার নিরিখে আমরা খেলাগুলোকে কয়েকটা গ্র"পে ভাগ করবো। এখন থেকে খেলার জনপ্রিয়তা ও কর্মকান্ড বিচার করেই অর্থ বরাদ্দ দেওয়া হবে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে।" ফেডারেশনগুলোকে খেলোয়াড় তুলে আনার জন্য তৃণমূল পর্যায়ে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তৃণমূল কথাটার মানে ইউনিয়ন পর্যায় থেকেই নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। সেখান থেকেই প্রতিভাবান ক্রীড়াবিদরা উপজেলা, জেলা ও বিভাগের গন্ডী পেরিয়ে জাতীয় পর্যায়ে উঠে আসবে।
অনেক ফেডারেশনের কার্যক্রম নিয়ে পরিষদ চেয়ারম্যান সন্তুষ্ট নন। কোনো ফেডারেশনের নাম উল্লেখ না করেই তিনি বলেছেন, "অনেক ফেডারেশনেরই তেমন কোনো কার্যক্রম নেই। তাদের ধারণা, সব কিছুই জাতীয় ক্রীড়া পরিষদ করে দেবে। কিন্তু আমরা শুধু সহযোগিতা দেবো, মাঠ দেবো, সুযোগ-সুবিধা দেবো। সংশ্লিষ্ট খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাদেরই।" এজন্য ফেডারেশনগুলোকে ডিসেম্বরের মধ্যেই আগামী বছরের ক্রীড়াপঞ্জি জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
খেলাধুলা নিয়মিত আয়োজনের পথে অর্থাভাব যে বড় এক বাধা সেটা পরিষদ চেয়ারম্যান নিজেও স্বীকার করেছেন। সেখান থেকে উত্তরণের ক্ষেত্রে সেনা প্রধান নিজেই সহায়ক ভূমিকা রাখতে চান, "দেশে ৪৬ টি ব্যাংক আছে, বড় বড় শিল্প প্রতিষ্ঠান ও মোবাইল কোম্পানিগুলো আছে। প্রয়োজনে আমি তাদের অনুরোধ করে চিঠি লিখবো, যাতে তারা একেকটি খেলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসে।" তার আগে তিনি প্রত্যেক ফেডারেশনের গত ৫ বছরের অডিট রিপোর্ট চেয়েছেন।
মোট কাথা জাতিকে ক্রীড়া মনস্ক করতে যা প্রয়োজন তা করতে রাজি জেনারেল মঈন উ আহমেদ। খেলাধুলা যে শিক্ষার একটা অংশ, সেকথা তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন। এই প্রেক্ষিতে তিনি বর্তমান দূরাবস্থার কথা তুলে ধরে বলেছেন, "কিছু কিছু স্কুল আছে যারা শুধু ব্যবসাই করছে অথচ স্কুলের যে একটি মাঠ থাকা জরুরী সেদিকে তাদের খেয়ালই নেই। এ ব্যাপারে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো।"
ফেডারেশন সভাপতিদের সঙ্গে সভায় সেনাপ্রধান বেশ উষ্মা প্রকাশ করেই বলেছেন, "বাংলাদেশে ক্রীড়ার নাম করে টাওয়ার তৈরি হয়েছে, বিল্ডিং হয়েছে কিন্তু খেলোয়াড় তৈরি হয়নি।" আর খেলোয়াড় তৈরি করার জন্য দরকার কোচের। এ ব্যাপারে পরিষদ চেয়ারম্যানের পর্যবেক্ষণ হচ্ছে, "গত ৩৬ বছরে আমাদের ভাল কোচিং স্টাফ তৈরি হয়নি। এজন্য দেশের কোচদের বিদেশে পাঠানো হবে। বিদেশ থেকেও কোচ নিয়ে আসা হবে দেশের কোচ- খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য।"
সবশেষে উঠেছে একটি মৌলিক প্রশ্ন। সেনাপ্রধান যাদের সঙ্গে দেড়ঘন্টাব্যাপী বৈঠক করেছেন তাদের নিয়েই। সাধারণত ফেডারেশনগুলোর সভাপতি পদটা পান ক্ষমতাসীন দলের নেতারাই, এখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারা নেই, কিন্তু তাদের জায়গা নিয়েছেন বেশিরভাগক্ষেত্রেই সরকারী কর্তারা। ফলে তারা ক্রীড়াঙ্গনে কতোটা সময় দিতে পারবেন সেটা নিয়েও প্রশ্নও থাকছে। জবাবে সেনাপ্রধান বলেছেন, "আস্তে আস্তে আমরা এগুলো দেখবো। যারা সময় দিতে পারবেন, টাকা আনতে পারবেন এবং ক্রীড়ায় যাদের উৎসাহ আছে তাদেরই বসানো হবে সভাপতি পদে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৮৩০ঘ.
bdnews24