২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানার্স আপ মোহামেডানের ড্র দিয়ে শেষ হলো বি. লিগ

বি. লিগ জয়মাল্য দিয়ে আবাহনীকে বরণ করে নেওয়ায় যেন ঠিক লড়াই করার মানসিকতাই হারিয়ে ফেলেছিল তারা। তাই অনেকেই শংকিত হয়েছিলেন, রানার্স-আপদের পরাজয় দিয়েই না বি. লিগ শেষ হয়। শেষপর্যন্ত তা হয়নি, প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে পড়া মোহামেডান ওই গোল শোধ করে আরামবাগের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির মাধ্যমে শেষ করেছে বি. লিগ। চট্টগ্রামে শেখ রাসেল ও চট্টগ্রাম মোহামেডানের মধ্যে দিনের অন্য ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 03:35 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- মোহামেডান ১ : আরামবাগ ১, শেখ রাসেল ১ : চট্টগ্রাম মোহামেডান ১ বি. লিগ জয়মাল্য দিয়ে আবাহনীকে বরণ করে নেওয়ায় যেন ঠিক লড়াই করার মানসিকতাই হারিয়ে ফেলেছিল তারা। তাই অনেকেই শংকিত হয়েছিলেন, রানার্স-আপদের পরাজয় দিয়েই না বি. লিগ শেষ হয়। শেষপর্যন্ত তা হয়নি, প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে পড়া মোহামেডান ওই গোল শোধ করে আরামবাগের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির মাধ্যমে শেষ করেছে বি. লিগ। চট্টগ্রামে শেখ রাসেল ও চট্টগ্রাম মোহামেডানের মধ্যে দিনের অন্য ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়েছে। ৫ মাস আগে লিগের শুরুর দিকে তারুণ্য ও বিদেশী নির্ভর মোহামেডানের সঙ্গে বুধবারের এই দলের অনেক তফাৎ। লিগ শুরুর আগের প্রচরণা ঢাকা মোহামেডানের গায়ে লাগিয়ে দিয়েছিল "সাদামাটা" দলের লেবেল। কিন্তু লিগ শুরুর পর ওই লেবেল ছিঁড়ে ফেলে বরাবরের মতোই শিরোপার প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে সাদা-কালোরা। এমনকি শীর্ষে থেকেই শেষ করে প্রথম লেগ। সেটা আর ধরে রাখতে পারেননি শেষপর্যন্ত, দ্বিতীয় লেগে পেছন থেকে এসে ঢাকা আবাহনী তাদের ছাড়িয়ে গিয়ে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা জিতে নেয়। তাদের ৭ পয়েন্ট পেছনে থেকে মোহামেডান রানার্স আপ হয়েছে। আর ২০ খেলায় ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শেখ রাসেল। মুক্তিযোদ্ধার একই সংগ্রহ হলেও গোলগড়ে এগিয়ে থাকায় তারা তৃতীয়। রানার্স আপ হওয়ায় কোনো অসন্তোষ নেই মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিকের, "রানার্স-আপ হয়েই আমরা সন্তুষ্ট।" তবে সঙ্গে যোগ করেছেন বাজে রেফারিংয়ের কথাও, "দ্বিতীয় লেগের শুরুর দিকে আমরা পয়েন্ট হারিয়ে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছি। এজন্য বাজে রেফারিং দায়ি, কয়েকটি ম্যাচে আমাদের নায্য পেনাল্টি দেয়নি।" বুধবার আরামবাগের বিপক্ষে ম্যাচেও মোহামেডান কোচ পেনাল্টি দাবি করেছেন, "প্রথমার্ধেই আমরা একটি পেনাল্টি পাই।" অথচ পুরো প্রথমার্ধ ছিল আরামবাগের নিয়ন্ত্রণে। ৩২ মিনিটের মাথায় তারা এগিয়ে যায় নিকোডিমাসের চমৎকার এক গোলে। ডানদিক দিয়ে এই নাইজেরিয়ান দ্রুত মোহামেডানের ডিফেন্সে হানা দিয়ে কোনাকুনি শটে গোলরক্ষক হিমেলকে পরাস্ত করেন। কাঁদা মাঠে এত দ্রুত তিনি ওপরে উঠেছেন যে তার সঙ্গে দৌড়ে পেরে ওঠেননি মোহামেডানের খেলোয়াড়রা। কিন্তু ওই গোল শোধের জন্য দ্বিতীয়ার্ধে মোহামেডানের ওরকম মরিয়া আক্রমণ না দেখে শংকিত হয়ে পড়েছিলেন তাদের সমর্থকরা। শংকা কাটান রনি, ৭২ মিনিটে তিনি আরামবাগের গোলরক্ষক মিতুলকে বডিডজে ছিটকে ফেলে বল জালে প্লেসিং করে মোহামেডানের এক পয়েন্ট নিশ্চিত করেন। ৮৬ মিনিটে সেই রনিই ৩ পয়েন্ট নিশ্চিত করতে পারতেন। পারেননি এমেকার পাসটি আয়ত্তে নিয়ে তিনি ফাঁকায় দাঁড়িয়েও বাইরে মারায়। তাতে আরামবাগের ১ পয়েন্ট যোগ হয় এবং ২০ খেলায় ২৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান নিশ্চত করে। ২০ খেলায় ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছে চট্টগ্রাম মোহামেডান। বুধবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরুর মিনিটেই তারা এগিয়ে যায় দিপুর গোলে। ৫৯ মিনিটে সেই গোল শোধ করেন শেখ রাসেলের বুলবুল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩০ঘ.