২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাকে হারিয়ে পূর্ণতা পেলো আবাহনীর উৎসব

ঢাকা আবাহনী ১ : মুক্তিযোদ্ধা ০ সোমবার ছিল আবাহনীর রংয়ে রংয়ে রঙ্গীন হওয়ার দিন। জয় দিয়ে বি. লিগ শেষ করে দীর্ঘ ৬ বছরের পিপাসা যেন রং দিয়েই মেটাল আবাহনী। আবাহনীর রংয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে মনে হচ্ছিল রংয়ের খেলাঘর। শিরোপা নিশ্চিত হওয়ার ম্যাচে জয়োৎসবটা পুরোপুরি হয়নি। সেই অসমাপ্ত কাজটা সোমবার মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে হারানোর পর পুরো করল আবাহনী। অনেকদিন পর ঢাক-ঢোলের আওয়াজ শোনা গেলো আবাহনী গ্যালারি থেকে। প্যাভিলিয়নের দিকে তো ব্যান্ড পার্টিই ছিল। ৭৪ মিনিটে জাহেদ পারভেজের গোলের পর পরই ছিপি খুলে গেলো রংয়ের বোতলের। ম্যাচ শেষ হতেই খেলোয়াড়-কর্মকর্তা-সমর্থকরা মিলেমিশে একাকার হয়ে গেলেন সেই উৎসবে। এবং বহুদিন পর আবার ধানমন্ডিমুখী হয়েছে রংয়ের মিছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 03:57 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ঢাকা আবাহনী ১ : মুক্তিযোদ্ধা ০ সোমবার ছিল আবাহনীর রংয়ে রংয়ে রঙ্গীন হওয়ার দিন। জয় দিয়ে বি. লিগ শেষ করে দীর্ঘ ৬ বছরের পিপাসা যেন রং দিয়েই মেটাল আবাহনী। আবাহনীর রংয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে মনে হচ্ছিল রংয়ের খেলাঘর। শিরোপা নিশ্চিত হওয়ার ম্যাচে জয়োৎসবটা পুরোপুরি হয়নি। সেই অসমাপ্ত কাজটা সোমবার মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে হারানোর পর পুরো করল আবাহনী। অনেকদিন পর ঢাক-ঢোলের আওয়াজ শোনা গেলো আবাহনী গ্যালারি থেকে। প্যাভিলিয়নের দিকে তো ব্যান্ড পার্টিই ছিল। ৭৪ মিনিটে জাহেদ পারভেজের গোলের পর পরই ছিপি খুলে গেলো রংয়ের বোতলের। ম্যাচ শেষ হতেই খেলোয়াড়-কর্মকর্তা-সমর্থকরা মিলেমিশে একাকার হয়ে গেলেন সেই উৎসবে। এবং বহুদিন পর আবার ধানমন্ডিমুখী হয়েছে রংয়ের মিছিল। উৎসব রংয়ের বন্যায় ভাসার কারণ মুক্তিযোদ্ধার বিপক্ষে শেষ ম্যাচে জয়। ম্যাচটি না জিতলেও তাদের কোনো ক্ষতি ছিল না। কিন্তু আবাহনী কোনো ছাড় দিতে রাজি ছিল না, শেষ ম্যাচটাও জিতে ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে প্রথম পেশাদার লিগের জয়মাল্য পরে উৎসবকে আরো রঙ্গীন করেছে তারা। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নির্ভার হয়ে খেলা আবাহনী। শেষ ম্যাচ জেতার তাড়না নিয়ে সবাই ঝাপিয়ে পড়ে অন্তর্দ্বন্দ্বে কাহিল মুক্তিযোদ্ধার ওপর। বি. লিগ শুরুর আগে তারকা সমাবেশে ঘটিয়ে মুক্তিযোদ্ধা আলোচনায় চলে এলেও পরে তারা শিরোনাম হয়েছে 'অর্ন্তকলহে রুগ্ন' দল হিসেবে। কোচ আবু ইউসুফের অবাধ্য এই দলটি মাঠে এক জার্সি পড়ে নামলেও তারা আসলে অভিন্ন নয়, ছোট ছোট দলেই তারা বিভক্ত। এই ভঙ্গুর মুক্তিযোদ্ধাকে প্রথমার্ধেই গোলবন্যায় ভাসিয়ে দিতে পারতো আবাহনী। ২৯ মিনিটে আবাহনীর ডিফেন্ডার নজরুলের হেড মুক্তিযোদ্ধার ক্রসবারে না লাগলে তখনই এগিয়ে যায় নীল-আকাশীরা। ৪২ মিনিটে আরেকটি দুর্দান্ত সুযোগ নষ্ট করেছেন এমিলি। কাউন্টার অ্যাটাকে ডানদিক দিয়ে দ্রুত ওপরে ওঠে ইব্রাহিম গোলমুখে বল ফেলেন। ফাঁকা ডিফেন্সে আবুল বলটি থামিয়ে দিয়ে যেন এমিলিকে থালায় সাজিয়ে দেন। কিন্তু আবাহনীর এই স্ট্রাইকার শট নিতে অনেক সময় নেওয়ায় সুন্দর আক্রমণটির পরিণতি সুন্দর হতে পারেনি। তারপর ওই ইব্রাহিম নিজে নষ্ট করেছেন আরেকটি সুযোগ। এই ঘানাইয়ান বল ধরে যেরকম নৈপুন্য দেখিয়ে মুক্তিযোদ্ধার ডিফেন্স ভেঙ্গেছেন ঠিক ততোটাই বাজে শট নিয়েছেন গোলপোস্টের সামনে থেকে। ৬০ মিনিটের এই হাতাশার দুমিনিট পর এমিলিরও আছে আরেকটি বাজে মিস। তখন মনে হলো দিনটি তাদের নয়। তাহলে দিনটি কার? পরে জানা গেলো গেল দিনটি জাহেদ পারভেজের। একাদশে খেলার সুযোগ না পেলেও ৬৫ মিনিটে আব্দুল্লাহ পারভেজের বদলি হয়ে মাঠে নেমে এই মিডফিল্ডার ৭৪ মিনিটে গোল করে আবাহনীর শিরোপা-উৎসবে রং ঢেলে দিলেন। ইব্রাহিমের ফ্রি কিকে জয়ের হেড তার ডান পায়ের ভলিতে মুক্তিযোদ্ধার জালে আশ্রয় নিলে আবাহনী গ্যালারিতে রংয়ের উৎসব শুরু হয়ে যায়। এরপর আরো সুযোগ তৈরি করেও তারা ব্যবধান বাড়াতে পারেনি। কিন্তু গোল খেয়ে যে জেগে উঠবে সেই শক্তিও যেন নেই মুক্তিযোদ্ধার। আগে যে আরমানকে চেনা যেতো পায়ের ঝলক দিয়ে সোমবার তার অবদান একটি মাত্র বলার মতো শট, যা আবাহনীর পোস্টে হাওয়া লাগাতে পেরেছিল মাত্র। স্ট্রাইকার আলফাজের অবস্থাও তার চেয়ে ভাল কিছু ছিল না, তাই দ্বিতীয়ার্ধে তার জায়গায় নামেন কাঞ্চন। কিন্ত নিটফল শূন্য। শুধু খেলা শেষের মিনিট দুয়েক আগে তরুণ মারুফের একটি শট ঠেকাতে আবাহনীর গোলরক্ষক বিপ্লবকে একটু বেগ পেতে হয়েছে। তাই হার অবধারিত। এবং ২০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে বি. লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে এখন মুক্তিযোদ্ধা। সেটাও ধরে রাখতে পারবে কিনা কে জানে, কারণ ৩২ পয়েন্ট পাওয়া শেখ রাসেলের শেষ ম্যাচ এখনো হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫০ঘ.