বাগদাদ, ৩০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বোমার শব্দই নিত্যকার গর্জন। মৃত্যু এবং শোকের মধ্যেই নিয়ত বসবাস। গত চারবছর ধরে ইরাকের এটাই ছবি। আর ছবিটা বদলে গেলো রোববার। মৃত্যুপুরীতেও তুমুল আনন্দ, মানুষ সব শোক ভুলে নাচছে-গাইছে। এই উদযাপনের উপলক্ষ্য তাদের এনে দিয়েছে ইরাকের জাতীয় ফুটবল দল। তিনবারের চ্যাম্পিয়ন সৌদি আরবকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের শিরোপা জিতেছে তারা।
ভয় ছিল। এর আগে গত বুধবার সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারানোর পর এক আত্মঘাতি বোমা হামলায় মারা গেছেন ৫০ জন ফুটবলপ্রেমী। এরা দলের জয়ে উল্লাস করছিলেন। এদিনও সেই ভয় থেকেই বাগদাদে ছিল কারফিউ। কিন্তু বিজয়ের পর সব ভয়কে জয় করে রাস্তায় নেমে পড়ে জনতা। শুধু বাগদাদ নয়, কিরকুক, নাজাফ, কারবালা- গোটা ইরাকে। মহিলারা মিষ্টি বিলিয়ে গরমে অস্থির মানুষকে জলে ভিজিয়ে যোগ দিয়েছে উৎসবে। আর সয়ংক্রিয় অস্ত্রের মুহুমুহু গর্জনে কেঁপেছে চারধার। এ গুলিবর্ষণ যুদ্ধের নয়, আনন্দের।
টেলিভিশনের ধারাভাষ্যকাররা আনন্দে কেঁদেছেন। ইরাকের জাতীয় পতাকায় শরীর মুড়ে দলের বিজয়ের খবর দেশকে জানিয়েছেন তারা। সিএনএন টিভিও স্বাভাবিক কার্যক্রম স্থগিত রেখে বিশেষ বুলেটিন প্রচার করেছে। ইরাকে মার্কিন সেনাবাহিনী তাৎক্ষণিক অভিনন্দন জানিয়েছে। প্রধান মন্ত্রী নুরী আল-মালিকি তার অফিসে বসে খেলা দেখেছেন। জাতীয় দলের এই ঐতিহাসিক অর্জনের স্তুুতি গেয়ে এক বিবৃতি প্রকাশ করেছেন, জানিয়েছেন দেশে ফিরলে জাতীয় দলকে সরকারী সম্বর্ধনা দেওয়া হবে।
প্রবাসী ইরাকিরা ভেসেছে একই রকম আনন্দে। যুক্তরাষ্ট্রের প্রতিটি শহরে তারা বিজয় মিছিল বের করেছে। দেশে ফোন করার সুযোগ পাননি অনেকে, কারণ লাইনই পাচ্ছিলেন না তারা। তবে তারপরও স্বস্তির একটা দিনে তারা উদ্বেল। এদেরই একজন বলেছেন বাকিদের মনের কথা, "প্রতিদিন তারা দুঃসহ যাপনে অভ্যস্ত হয়ে গেছে, আজ আনন্দের দিন। উৎসবের দিন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৩২০ঘ.
bdnews24