জাকার্তা, ২৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এ যেন রূপকথার গল্পকেও হার মানায়! মাত্র দু'মাসের প্রস্তুতি, যুদ্ধবিধ্বস্ত দেশের একটা দল। আর সেই ইরাকই জিতে নিয়েছে এশিয়ান কাপের শিরোপা। ১-০ গোলে এশিয়ার ফুটবল পরাশক্তি সৌদি আরবকে চতুর্থবারের মতো শিরোপা জয়ে বাদ সেধেছে তারা।
মঙ্গলবার জাকার্তায় অনুষ্ঠিত এই ম্যাচে ইরাকের পক্ষে জয়সূচক গোলটি করেছেন অধিনায়ক ইউনিস মোহাম্মদ। ৭১ মিনিটের সময় হাওয়ার মোল্লা মোহাম্মদের নেওয়া কর্ণারে লাফিয়ে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান তিনি।
গোটা ম্যাচে স্পষ্টতই ছিলো ইরাকিদের প্রাধান্য। আরো বেশি গোলেই জিততে পারত তারা। বাজে ফিনিশিং এবং সৌদি কিপার ইয়াসির আল মোসাইলেমের দুর্দান্ত কিপিং গোল বঞ্চিত রাখে ইরাকিদের। ফাইনাল পর্যন্ত ১২ গোল করে প্রতিযোগিতার সবচেয়ে আক্রমণাত্মক দলের স্বীকৃতি পাওয়া সৌদিরা সেই অর্থে কোনো সুযোগই পায়নি। অবশ্য মাত্র ২ গোল হজম করা ইরাকের রক্ষণভাগও খেলেছে দারুণ।
অথচ কেউই ভাবেনি ইরাক এতদূর আসবে। শিরোপা দূরের কথা। দল অনুশীলন করেছে দেশের বাইরে, নিরপেক্ষ ভেন্যুতে খেলেছে বাছাইপর্বের ম্যাচগুলো। দলের ব্রাজিলিয়ান কোচ জোরভান ভিয়েরা মাত্র দুমাস সময় পেয়েছেন খেলোয়াড়দের একাট্টা করতে। এত প্রতিকূলতার মধ্যে আসা এই শিরোপা শুধু ইরাকের ইতিহাসেই নয়, খেলাধুলার ইতিহাসেই রূপকথাকে হার মানানো এক কীর্তি!
শিয়া, সুন্নী এবং কুর্দিদের নিয়ে গড়া এই দল এক অর্থে গোটা ইরাকেরই প্রতিচ্ছবি। যুদ্ধবিধ্বস্ত এবং প্রতিনিয়ত বোমায় কাঁপা দেশটিকে ক্ষনিকের জন্য হলেও সব বিভেদ ভুলিয়ে দিয়েছে ফুটবলারদের এই অর্জন। গোটা ইরাক জুড়েই চলছে আনন্দ উল্লাস। সরকারী ও ধর্মীয় নেতাদের নিষেধাজ্ঞা অমান্য করে ইরাকিরা আকাশে গুলি ছুঁড়ে উদযাপন করেছে এই বিজয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/২১৪৫ঘ.
bdnews24