ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- প্রশিক্ষণের জন্য ফুটবলারদেরও পাঠানো হবে টাটা ফুটবল একাডেমিতে। রোববার টাটা ফুটবল একাডেমির রেসিডেন্স ডিরেক্টর মানজার হোসেনের সঙ্গে কথা বলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
গত অক্টোবর থেকেই উন্নত প্রশিক্ষণের জন্য ভারতের টাটা স্পোর্টস একাডেমিতে যাচ্ছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। এটা তাদের সঙ্গে বিওএ'র ৩ বছরের সমঝোতা স্মারক চুক্তির ফসল। গত সেপ্টেম্বরের চুক্তির পর অক্টোবরেই ১৯ সদস্যের বাংলাদেশের ক্রীড়াবিদের একটি দল ভারতে যায় উন্নত ট্রেনিংয়ের জন্য। ৩ মাসের ট্রেনিং শেষে তারা ফিরে আসার পর ৯ সদস্যের আরেকটি দল পাঠানো হয়। দ্বিতীয় দলটি ফিরে আসার পর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালী জানিয়েছেন, "টাটা একাডেমিতে ট্রেনিংয়ে আমাদের অ্যাথলেটদের উন্নতি হচ্ছে। তাছাড়া ওরাই সব খরচ বহন করছে। এটা আমাদের জন্য বিশাল এক সুযোগ, সেটা কতো ভালভাবে কাজে লাগাতে পারে আমাদের অ্যাথলেটরা তা-ই দেখার বিষয়।"
এই চুক্তি অনুযায়ী অ্যাথলেট, বক্সার ও তীরন্দাজরা ভারতে যাচ্ছেন ট্রেনিংয়ের জন্য। এখন তার সঙ্গে যোগ হয়েছে ফুটবল, বয়সভিত্তিক দলের ফুটবলারদেরই পাঠানো হবে। "টাটা ফুটবল একাডেমিতে প্রশিক্ষণের উন্নত সুযোগ-সুবিধা আছে, সেজন্যই আমরা অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের পাঠাতে চাই ওখানে। বাফুফের সঙ্গে কথা বলেই আমরা সিদ্ধান্ত নেবো কাদের পাঠাবো"--বলেছেন বিওএ'র প্রধান নির্বাহী। তাতে কোনো দ্বিমত করেননি টাটা'র রেসিডেন্স ডিরেক্টর মানজার হোসেন। তিনি ৩ বছরের চুক্তি অনুযায়ী বাংলাদেশের খেলোয়াড়দের মানোন্নয়নে টাটা'র সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। এছাড়া বিওএ'র চাহিদামতো ভলিবল ও বাস্কেটবলের কোচও দেবে তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০১ঘ.
bdnews24