ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রামে গিয়ে বড় জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। এম এ আজিজ স্টেডিয়ামে তারা ৪--১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। এই জয়ে ২০ খেলায় ২৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ব্রাদার্স।
তবে ৮ মিনিটে নেপালী স্ট্রাইকার সন্তোষের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি, ১৬ মিনিটে ওই গোল শোধ করে ব্রাদার্সকে খেলায় ফিরিয়ে নিয়ে আসেন আশরাফুল কাদের মঞ্জু। ১--১ গোলের সমতায় ম্যাচের আয়ু শেষ হওয়ার মিনিট বিশেক আগে আমিত খান শুভ্রর গোলে এগিয়ে যায় ব্রাদার্স। তারপর ৮৮ মিনিটে নাইজেরিয়ান জুনিয়র ও নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফয়সাল মাহমুদের গোলে ব্রাদার্সের বড় জয় নিশ্চিত হয় শেষ ম্যাচে।
এটা চট্টগ্রাম আবাহনীরও শেষ ম্যাচ, ২০ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে বি. লিগ শেষ করেছে তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৯২৮ঘ.
bdnews24