বুয়েনস এইরেস, ২৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এমন নয় ব্রাজিলের স্তুুতি আগে শোনা যায়নি তার মুখে। কিন্তু মানুষটা ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন এই 'ফুটবল ঈশ্বর' ব্রাজিলের প্রশংসায় ঠিক পঞ্চমুখ ছিলেন না কখনোই। এমনকি যেই পেলের সঙ্গে তার তুলনা চলে নিয়তই, তার প্রতিও কখনোই মুখের অর্গল খুলে বন্দনা করেছেন- তাও নয়। সেই সৌভাগ্য হয়েছে এবার সেলেকাওদের। নির্দিষ্ট করে বললে কার্লোস দুঙ্গার ব্রাজিলের। আর্জেন্টিনার তারাভরা দলকে ৩-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে যে দলটি। কাকা ও রোনালদিনহোর মতো মহাতারকাদের ছাড়া খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা। ম্যারাডোনা বিমূঢ়!
আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক 'ওলে'তে এক সাক্ষাতকার দিয়েছেন ম্যারাডোনা। সপ্তাহ দুয়েক পেরিয়েছে ব্রাজিলের কোপা আমেরিকা জয়ের। এ নিয়ে টানা তিন গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা। ম্যারাডোনার জিজ্ঞাসা, "ভেনেজুয়েলায় দানবদের (তারকা অর্থে) কাউকেই নেয়নি তারা। প্রশ্ন হতে পারে তাহলে ওরা যদি সর্বশক্তি দিয়ে খেলে তখন কি হবে! কি হবে যখন সত্যিকারের ব্রাজিল খেলবে? আমি শুধু আর্জেন্টিনার কথা বলছি না। জার্মানি, ইতালি, স্পেন... সব ফুটবল পরাশক্তির পক্ষেই জানতে চাইছি।"
এবং ব্রাজিলের জয়ে অভিভূত ম্যারাডোনা নাকি কাঁদতেও পারেননি দলের পরাজয়ে! বলেছেন, "আমি এবার একদমই কাঁদিনি। ব্রাজিল এমনই দুর্দান্তভাবে জিতেছে যে চোখের পানি ফেলার অবকাশ ছিল না।্ এই টুর্নামেন্টে তাদের সেরা খেলোয়াড় রবিনিয়ো পা দিয়ে বলও ছোঁয়নি, তারপরও তারা আমাদের ৩-০ গোলে হারিয়ে দিয়েছে!"
হতাশার সুর ঠিকই বেজেছে ম্যারাডোনার কথায়। দলের সমালোচনা করে বলেছেন, "ওরা প্রথমেই গোল করেছে। তারপর আরো ৮৬ মিনিট হাতে পেয়েছি আমরা, কিন্তু কিছুই করতে পারিনি।"
বিডিনিউজ/ওআরপি/১৬১০ঘ.
bdnews24