২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার শেখ রাসেলকে হারালেই আবাহনী চ্যাম্পিয়ন

পুরো ৩ পয়েন্টের প্রত্যাশা নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে খেলতে নেমেও ঢাকা মোহামেডান পারেনি খুলনা আবাহনীর সঙ্গে। খুলনা স্টেডিয়ামে স্বাগতিকরা অবিশ্বাস্যভাবে ১--১ গোলে ড্র করে ঢাকা আবাহনীর চ্যাম্পিয়নশিপের পথ সুগম করে দিয়েছে। শুক্রবার শেখ রাসেলের বিপক্ষে জিতলেই ঢাকা আবাহনীর গলায় উঠবে প্রথম পেশাদার ফুটবল লিগের শিরোপা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 02:52 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

খুলনা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েনটিফোর ডটকম)--- পুরো ৩ পয়েন্টের প্রত্যাশা নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে খেলতে নেমেও ঢাকা মোহামেডান পারেনি খুলনা আবাহনীর সঙ্গে। খুলনা স্টেডিয়ামে স্বাগতিকরা অবিশ্বাস্যভাবে ১--১ গোলে ড্র করে ঢাকা আবাহনীর চ্যাম্পিয়নশিপের পথ সুগম করে দিয়েছে। শুক্রবার শেখ রাসেলের বিপক্ষে জিতলেই ঢাকা আবাহনীর গলায় উঠবে প্রথম পেশাদার ফুটবল লিগের শিরোপা। যতোটা না নিজের জন্য তার চেয়েও বেশি অন্যের জন্য। কেউ কেউ বলে "বড় ভাই" ঢাকা আবাহনীর কথা ভেবেই যেন নিজেদের মাঠে উজ্জিবীত ছিল খুলনা আবাহনী। ম্যাচটি তাদের জন্য গুরুত্বহীন হলেও প্রতিপক্ষ ঢাকা মোহামেডানের জন্য ছিল ভীষন গুরুত্বপূর্ণ। জিতলে তারা শিরোপার দৌড়ে টিকে থাকবে আর হারলে অনেকটাই ছিটকে পড়বে। এবং ঢাকা আবাহনী চলে যাবে প্রথম বি. লিগ শিরোপার হাতছোঁয়া দূরত্বে। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে সর্বশেষ ২০০১ সালে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ীরা এখন সত্যিই বি. লিগ শিরোপার দ্বারপ্রান্তে। কারণ এই ড্র ম্যাচের পর ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ঢাকা মোহামেডান দ্বিতীয়স্থানে থাকলেও শিরোপা স্বপ্ন প্রায় অসম্ভব হয়ে গেছে। আবাহনীর দুটো ম্যাচ বাকি থাকলেও পরবর্তী ম্যাচে শুক্রবার শেখ রাসেলকে হারালেই তারা চ্যাম্পিয়ন। নিজেদের শেষ ম্যাচে মোহামেডান আরামবাগের বিপক্ষে জিতলেও তার কোনো হেরফের হবে না। মোটকথা দুটো ম্যাচ বাকি থাকলেও আবাহনীর শিরোপার জন্য দরকার মাত্র ২ পয়েন্ট। মোহমেডানকে রুখে দিয়ে আবাহনীর জন্য সমীকরণটা এমন সহজ করে দিয়েছে খুলনা আবাহনীই। খুলনা স্টেডিয়ামের ভারী মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই যেন বেশ স্নায়ুচাপে ভুগতে থাকেন মোহামেডানের খেলোয়াড়রা, যে কারণে স্বাভাবিক খেলায়ও ব্যাঘাত ঘটে। তারপরও ৩১ মিনিটে খুলনা আবাহনীর গোলরক্ষক ইরান শেখ তাদের পেনাল্টি উপহার দিয়েছিলেন। নিজেদের গোলমুখেই তিনি ফাউল করেন মোহামেডানের পলকে, তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি আব্দুল হান্নান মিরন। কিন্তু বিধি বাম, যে পল ১৪ গোল করে পুরো লিগের গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে সেই নাইজেরিয়ান স্ট্রাইকারই গোল করতে ব্যর্থ। তার নেওয়া পেনাল্টি কিক আটকে দিয়ে হিরো হয়ে গেছেন ইরান শেখ। ৪৭ মিনিটে সেই ভুলের মাশুল গুনতে হয় মোহামেডানকে। ডি বক্সের মাথা থেকে আবাহনীর শাহীনের ভাসিয়ে দেওয়া বলে জি এম মামুন হেড করে এগিয়ে নেন স্বাগতিকদের। ওই গোল ধরে রাখতে একটু ডিফেন্সিভ হতেই মোহামেডান ম্যাচে ফিরে আসে ফরহাদের গোলে। ৬০ মিনিটে আবাহনী গোলমুখে জটলা থেকে তিনি টোকা দিয়ে বল আবাহনীর জালে জাড়িয়ে দিয়ে খানিকটা স্বস্তি ফেরান মোহামেডান শিবিরে। তারপর শুরু হয় জয়সূচক গোল করে শিরোপা স্বপ্ন উজ্জ্বল করার মিশন, কিন্তু তারা সেটা পারেননি আবাহনীর ডিফেন্সে আক্রমণের বন্যা বইয়ে দিয়েও। সুতরাং ম্যাচের নিয়তি নির্ধারিত হয় ড্র--তেই। আর তাতেই বিজয়োল্লাসে মেতে উঠে খুলনা আবাহনী ! এটাই কী ঢাকা আবাহনীর সম্ভাব্য শিরোপা জয়ের প্রাক বিজয়-উৎসব। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসবি/এমএম/২০৩৫ঘ.