ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- ক্রিকেটের পদত্যাগের হাওয়া এখনো ফুটবলে লাগেনি। তবে লাগবে! আর লাগার আগে যে ঝড় ওঠার কথা তা উঠে গেছে। ক্রীড়াঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়েছে বাফুফে সাধারণ সম্পাদক পদত্যাগ করছেন অচিরেই।
তত্ত্বাবধায়ক সরকারকে সংস্কারের সুযোগ করে দিতে যদিও পদত্যাগ করেছেন ক্রিকেট বোর্ডের কর্তারা, কিন্তু তাহলেও এটা ঠিক যে তাদের সময়েও ক্রিকেট এক নম্বরেই ছিল বা আছে। মাঠ, খেলা, আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য সবই কম-বেশি ক্রিকেটের আছে। কিন্তু ফুটবলের কিছুই নেই। নেই মাঠের সাফল্য, নেই জনপ্রিয়তা। আছে শুধু ফুটবল ভবন এবং বাফুফের মেয়াদোত্তীর্ণ কমিটি। তাহলে ক্রিকেটের আগে বাফুফের এই কমিটিরই কী আগে পদত্যাগ করা উচিত নয় ? ফুটবলকে ধ্বংসের কিনারায় টেনে নিয়ে যাওয়ার অপরাধের জন্য। তা না করে বরং উল্টো ফিফার কাছে গিয়ে আরো এক বছর থাকার বিধান নিয়ে এসেছে বাফুফের মেয়াদোত্তীর্ণ কমিটি। যেটা খুবই দৃষ্টিকটু ঠেকেছে সবার কাছে।
মেয়াদোত্তীর্ণ এই কমিটির মধ্যে নৈতিকতা ও অপরাধবোধের তাড়না না দেখে অবশেষে সরকারই তাদের সরানোর উদ্যোগ নিয়েছে। বিশ্বস্ত সূত্রের খবর, দুদিন আগে সরকারের এক মুখপাত্র বাফুফে সম্পাদক আনোয়ারুল হক হেলালকে ডেকে সরকারের অপছন্দের কথা জানিয়ে দিয়েছেন। যদিও বাফুফে সম্পাদক তা অস্বীকার করেছেন, "না, আমাকে কেউ সরে যেতে বলেনি।" কিন্তু অপনার পদত্যাগের গুজব শোনা যাচ্ছে, কোনো সম্ভাবনা কী আছে ? ক্ষীণকন্ঠে হেলালের জবাব, "আপাতত নেই, ভবিষ্যতের কথা বলবো কী করে ?"
এর আগে খোদ ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীই মিডিয়ার মাধ্যমে ব্যর্থদের ক্রীড়া ফেডারেশন থেকে সরে যাওয়া আহ্বান জানিয়েছিলেন। তাতে বাফুফে সাড়া না দেওয়াতেই ডেকে সরাসরি বলা হয়েছে বলে খবর। এতেও কাজ না হলে আরো কঠিন পথে হাঁটবে সরকার। বিকল্প পথ হিসেবে দুদকের মাধ্যমে বাফুফের এই কমিটির ১০ জনের হিসাব চাওয়ারও একটা খসড়া পরিকল্পনা আছে সরকারের। এ ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম খান মুখ খুলতে নারাজ, তবে তার আশা, "ক্রীড়াঙ্গনের সংস্কারে সবাই সরকারকে সহযোগিতা করবেন বলেই আমি অশাবাদী।"
এর আগে বাফুফে সভাপতি এস এ সুলতানের কাছ থেকে এই সহযোগিতা আশা করেও সরকার পায়নি। সপ্তাহ দুয়েক আগে জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো তার চিঠিতে সুলতান পদত্যাগের আগ্রহ প্রকাশ করেও অন্যরকম জটিলতার আশংকা করেছেন, "আমি পদত্যাগ করলে জটিলতা আরো বাড়বে। ফিফা সেটা ভালচোখে না--ও দেখতে পারে।" মানে তিনি ফিফার ভয় দেখিয়েছেন সরকারকে। ২০০১ সালে চারদলীয় জোটসরকার বাফুফের নির্বাচিত ভেঙ্গে দেওয়ায় ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়েছিল বাংলাদেশের ফুটবল।
তাই সরকার কমিটি ভেঙ্গে দিয়ে আর আগের মতো ভুল করতে চায় না। মেয়াদোত্তীর্ণ কমিটির সদস্যরা সরে দাঁড়ালেই ফুটবলকে নতুন করে সাজানোর উদ্যোগ নেবে সরকার। পদত্যাগ করলে তো ফিফার কিছু বলার থাকবে না, কারণ কাজী সালাউদ্দিন ও আশরাফ উদ্দিন চুন্নু পদত্যাগে ফিফা তো প্রতিক্রিয়াহীনই ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১৬ঘ.
bdnews24