টরন্টো, ২৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অতিরিক্ত সময়ে খেলা গড়াতে দেননি মাউরো জারাতে। শেষ বাঁশির মিনিট চারেক আগে দারুণ এক গোল করেছেন। এবং জয়সূচক। আর তার গোলেই চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্ব শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা। রোববার কানাডার টরন্টোয় অনুষ্ঠিত হয়েছে ফাইনাল ম্যাচটি।
বিরতি পর্যন্ত গোলশুন্যই ছিল খেলা। ৬০ মিনিটের মাথায় মার্টিন ফেনিনের দারুণ এক ফিরতি শটে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। স্ট্রাইকার সার্জিও আগুয়েরো সমতা আনেন দুই মিনিট পরেই। প্লে মেকার এভার বানেগার বাড়ানো বলটি ঠাণ্ডা মাথায় জালে পাঠিয়েছেন তিনি। ৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আগুয়েরো।
এ নিয়ে গত সাতটি অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। অন্য দিকে যে কোনো বয়সভিত্তিক প্রতিযোগিতায় চেক প্রজাতন্ত্রের এটাই সেরা সাফল্য।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১২৩৬ঘ.
bdnews24