রিও ডি জেনিরো, ১৭ জুলাই (বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম)--- সাফল্যের পর সমালোচনার মুখ কোথায়! কার্লোস দুঙ্গার ব্রাজিল 'কুৎসিত ফুটবল খেলে' বলে যতই নিন্দা কুড়াক, কোপা আমেরিকা জেতার পর এ নিয়ে আর কথা নেই কোনো। চির প্রতিদন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দেওয়ার পর ব্রাজিলিয়ান মিডিয়া এবার স্তুুতিতে নেমেছে জাতীয় দলের। অষ্টম বারের মতো কোপা আমেরিকার শিরোপা জেতাকে গর্বের এক কীর্তি মানছে তারা। প্রশংসার ঢেউ ছড়িয়ে পড়েছে গোটা দক্ষিণ আমেরিকা জুড়ে। সোমবার পুরো লাতিন মিডিয়ায় ছিল সেলেকাওদের তুমুল প্রশংসা।
রিও ডি জেনিরোর দৈনিক 'ও গ্লোবো' শিরোনাম করেছে, "আর্জেন্টিনাকে অপদস্থ করে ব্রাজিল টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন"। পত্রিকাটির খেলার পাতা ছিল আরো চাঁছাছোলা। ম্যাচ শেষে শোকাহত তিন আর্জেন্টাইন ফুটবলার হুয়ান রিকুয়েলমে, গ্র্যাবিয়েল হেইঞ্জ ও লুচো গঞ্জালেজের ছবি ছেপেছে তারা। তার উপর শিরোনাম দিয়েছে "ক্লায়েন্তেস"-- ব্রাজিলিয়ান কথ্যভাষায় যার অর্থ "ফালতু"।
পেরুর পত্রিকাগুলোয় শিরোনামের মধ্যে ছিল "অষ্টম আশ্চর্য্য", "দু'বার চ্যাম্পিয়ন", "ব্রাজিলের হাতে নাকাল হয়েই চলেছে আর্জেন্টিনা" এবং "ব্রাজিল : আমেরিকার রাজা"। দলের কৌশল, সংগঠন, শৈলী এবং সামর্থ্যরে জন্য দুঙ্গা প্রচুর প্রশংসা কুড়িয়েছেন এসব পত্রিকার। রবিনিয়ো, হোসুউ, এলানো ও হুলিও বাপতিস্তাও পেয়েছেন বাড়তি কদর।
কলম্বিয়ার পত্রিকাগুলোও একই সুরে গান গেয়েছে। 'এল তিয়েম্পো' ব্রাজিলের খেলার ধরণকে আখ্যা দিয়েছে "জেতার নতুন স্টাইল" বলে। রক্ষণ এবং ফোঁকড় বুজে দেওয়ার ওপর জোর দেওয়ার কৌশলটাকে বাহবা দিয়েছে পত্রিকাটি। কলম্বিয়ান রেডিওতে দেওয়া এক সাক্ষাতকারে ব্রাজিলের প্রশংসা করেছেন খোদ রবার্তো আয়ালা। আত্মঘাতি গোলটির দায় স্বীকার করে বলেছেন, "আমরা শিরোপা জিততে পারিনি মূল কথা হচ্ছে এটাই। আরেকবার ভাগ্য আমাদের সঙ্গে বিরূপ আচরণ করল। ভেবেছিলাম সহজেই সমতা আনব, কিন্তু আত্মঘাতি গোলটার পর আমাদের সব শেষ হয়ে গেল।"
হতাশা গোটা আর্জেন্টিনা জুড়ে। হুয়ান সেবাস্টিয়ান ভেরন তো জাতীয় দলই ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। বলেছেন, "আমি খুবই হতাশ শিরোপা এত কাছাকাছি এসে ব্যর্থ হয়েছি বলে। আমার মনে হয় নতুনদের সুযোগ দিতে আমার সরে যাওয়াই ভালো হবে।' আর্জেন্টাইন কোচ আলফিও বাসিলে দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে স্বীকার করে নিয়েছেন ব্রাজিল যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে। তার মতে, "সত্যি কথা হচ্ছে বাস্তবতাকে স্বীকার করা উচিত আমাদের। গোটা টুর্নামেন্টে যে কৌশলে খেলেছি, ফাইনালেও তাই ছিল আমাদের খেলায়। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের সমন্বয়টা হয়নি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬২৩ঘ.
bdnews24