২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তি করেই কাজ শুরু করে দিলেন নাঈমুদ্দিন

অবশেষে সৈয়দ নাঈমুদ্দিনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ১০ মাস পর বাংলাদেশ দল আবার নতুন কোচ পেয়েছে বাংলাদেশ। এবং আগামী মাসেই তার প্রথম অ্যাসাইনমেন্ট, ভারতে অনুষ্ঠিতব্য নেহেরু কাপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 01:48 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- অবশেষে সৈয়দ নাঈমুদ্দিনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ১০ মাস পর বাংলাদেশ দল আবার নতুন কোচ পেয়েছে বাংলাদেশ। এবং আগামী মাসেই তার প্রথম অ্যাসাইনমেন্ট, ভারতে অনুষ্ঠিতব্য নেহেরু কাপ। সোমবার এই চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি এস এ সুলতান জানিয়েছেন, "খুঁটিনাটি অনেক আলোচনার পর আমরা নাঈমুদ্দিনকে নিয়োগ দিয়েছি। আমরা তার কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন এবং এটাকে তিনি চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন।" সোমবার চুক্তি হয়ে গেলেও তিনি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন আগামী ১ আগস্ট থেকে, তার মাসিক বেতন ১ লাখ টাকা। তবে অনানুষ্ঠানিকভাবে তিনি কাজ শুরু করে দিয়েছেন ১০ দিন আগেই। বাফুফের অনুরোধেই তিনি স্থানীয় কোচদের সঙ্গে বসে খেলা দেখে নেহেরু কাপের জন্য ২৫ সদস্যকে মনোনীত করেছেন। এই দলে অভিজ্ঞ বলতে গোলরক্ষক বিপ্লব ভট্টচার্য এবং তিন ডিফেন্ডার রজনী, নজরুল ও টিটু। বাকি সবই নতুন তরুণ। তারুণ্য নির্ভর বাংলাদেশ দল অংশ নেবে আগামী ১৬ থেকে ২৯ আগস্ট দিল্লীতে অনুষ্ঠেয় নেহেরু কাপে। তার জন্য প্রাথমিক দল গঠন করা হলেও মূল উদ্দেশ্য আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। "আমাদের প্রধান টার্গেট সাফ ফুটবল। তাই এই দলই চূড়ান্ত নয়, নেহেরু কাপ ও ঘরোয়া ফুটবলের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে কেউ বাদ পড়তে পারেন কিংবা নতুন কেউ ঢুকতেও পারেন" ---- বলেছেন বাফুফে সাধারণ সম্পাদক অনোয়ারুল হক হেলাল। নাঈমুদ্দিনও এই দায়িত্ব পেয়ে খুব খুশি। ভারতে দ্রোণাচার্য খেতাব পাওয়া একমাত্র কোচের আশা, "ভবিষ্যতে এই দল নিয়ে ভাল ফল হবে বলে আমি আশা করি।" তার প্রথম কাজ খেলোয়াড়দের মানসিকতার পরিবর্তন ঘটানো, "আমার মনে হয় খেলোয়াড়দের ফিটনেস ও টেকনিকে তেমন সমস্যা নেই। তবে আমাদের প্রথম কাজ করতে তাদের মানসিকতা নিয়ে।" এর আগে তিনি বাংলাদেশ দলকে প্রতিপক্ষ হিসেবে দেখেছেন, তারপর ঢাকায় ব্রাদার্সকে কোচিং করানোর সুবাদে এখানকার ফুটবলারদের মানসিকতা দেখেছেন। মজার ব্যাপার হচ্ছে, ২০০৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাঈমুদ্দিনের ভারত বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল। তার দুবছর পর ওই ভারতীয় কোচের হাতেই তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ দলের দায়িত্ব। মূল মিশনও একই --- সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তার আগে অবশ্য নেহেরু কাপে হয়ে যাবে তার প্রথম পরীক্ষা। ডাক পাওয়া ২৫ জন : গোলরক্ষক -- বিপ্লব, জিয়াউর রহমান, মামুন খান, রক্ষণভাগ-- রজনী কান্ত বর্মন, কাজী নজরুল ইসলাম, ফিরোজ মাহমুদ হোসেন টিটু, ওয়ালী ফয়সাল, আরিফুল ইসলাম, জহিরুল ইসলাম, কাজী মোফাজ্জল হোসেন সৈকত, শোয়েব হোসেন সনি, অতিকুর রহমান মিশু, এস এম রাজিব, মধ্যমাঠ-- আরমান আজিজ, মেহেদী হাসান উজ্জ্বল, আবুল হোসেন, জাহিদ হোসেন, এনামুল হক শরীফ, মামুনুল ইসলাম মামুন, আকরামুজ্জামান লিটন, ইমতিয়াজ সুলতান জিতু, আক্রমণভাগ-- জাহিদ হোসেন এমিলি, রবিন, রনি ও জি এম মামুন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৪৫ঘ.