ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে আগে থেকেই তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত। গত ৮ জুলাই জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান পদে আসীন হওয়ার সূত্রে সেনা প্রধান মঈন উ আহমেদের সঙ্গে এই ঘনিষ্ঠতা আরো নিবিড় হতে শুরু করেছে । সোমবার নতুন চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে প্রথম অফিস করেছেন এবং পরিষদ কর্মকর্তাদের সঙ্গে ৩ ঘন্টাব্যাপী সভা শেষে তার উপলব্ধি, "ক্রীড়াঙ্গন রাজনীতি, দুর্নীতি ও স্বজনপ্রীতিতে আক্রান্ত।" তাকে রাহুমুক্ত করার জন্য ক্রীড়া পরিষদ প্রধানের আহ্বান, "চলুন আমরা একসঙ্গে কাজ করে ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি।"
পুনরুজ্জীবনের পথে তার নির্দেশনায় কিছু মৌলিক ব্যাপার আছে। সেগুলোর সংক্ষিপ্ত রূপ হচ্ছে, স্কুল--কলেজে আগের মতো খেলাধূলা চালু করতে হবে। দেশের বিভিন্ন জায়গায় নির্মিত ক্রীড়া স্থাপনা ও স্টেডিয়ামগুলো খুলে দিয়ে খেলার সুযোগ করে দিতে হবে শিশু কিশোরদের। আর্ন্তজাতিক সাফল্যের জন্য সম্ভাবনাময়ী খেলাগুলোকে চিহ্নিত করতে হবে। নিবেদিত সংগঠকদের ক্রীড়াঙ্গনে ফিরিয়ে এনে কাজ করার সুযোগ করে দিতে হবে। এবং ক্রীড়া বাজেটের বেশিরভাগই অর্থই বরাদ্দ করতে হবে ক্রীড়াবিদদের মনোন্নয়নের জন্য।
৩ ঘন্টাব্যাপী সভার মধ্যেই নির্দেশনাগুলো পেয়ে গেছেন ক্রীড়া পরিষদ কর্মকর্তারা। সোমবার সকাল ১০ টায় প্রথম আনুষ্ঠানিকভাবে অফিস করতে এসে নতুন চেয়ারম্যান মঈন উ আহমেদ পুরো ৩ ঘন্টাই কাটিয়েছেন সভা করে। ক্রীড়াঙ্গন সম্পর্কে নিজের ধারণা সমৃদ্ধ করে ও অন্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে।
সভাশেষে নতুন চেয়ারম্যান সাংবাদিকদেরও জানিয়েছেন নিজের নতুন চিন্তার কথা। নতুন প্রজন্মকে তিনি ক্রীড়ামনস্ক করার ওপর জোর দিতে চান, "নতুন প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষার একটা অঙ্গ হচ্ছে ক্রীড়া, এটা বাদ দিলে শিক্ষা পূর্ণাঙ্গ হয় না। সেজন্য শিক্ষা ব্যাবস্থায় ক্রীড়াকে যুক্ত করতে হবে।" এটা করতে গেলে শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে সম্পূরক ভূমিকা। ক্রীড়া খাতে শিক্ষা মন্ত্রণালয়ে ৩০০ কোটি টাকা জমে আছে শুনে গত ২০০১ সালে ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। ওই অর্থ ব্যাবহারের জন্য ক্রীড়া মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটা সমঝোতা স্মারক চুক্তিও হয়েছিল যা শুধু চুক্তিতেই সীমাবদ্ধ থেকেছে এতদিন। চুক্তিকে দ্রুত কাজে রূপান্তরের জন্য দ্বিপাক্ষিক আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন পরিষদের নতুন চেয়ারম্যান।
নতুন প্রজন্মকে খেলাধুলার জন্য উপযুক্ত পরিবেশও তৈরি করে দিতে চান মঈন উ আহমেদ। তাই জানিয়েছেন তিনি নতুন উদ্যোগের কথা, "দেশে যতো স্টেডিয়াম আছে সবগুলো খুলে দেওয়া হবে খেলাধুলার জন্য। পারলে ২৪ ঘন্টা ব্যবহার করা হবে। দেখবেন অনেক স্টেডিয়াম আছে অব্যবহৃত থাকায় মাঠের ঘাস বড় হয়ে গেছে, হয়তো ওখানে বসে কেউ কেউ মাদক নিচ্ছে।" সভায় আলোচনার সময় সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের এলাকা নাটোরের লালপুর উপজেলায় আখের জমি নষ্ট করে স্টেডিয়াম তৈরির কথাও উঠেছে। তাতে এখনো কোনো খেলা হয়নি এবং যাতায়াত ব্যবস্থার সুযোগ সুবিধা নেই শুনে নতুন চেয়াম্যান খুবই বিস্মিত হয়েছেন।
তাই স্টেডিয়ামগুলোকে যতো বেশি ব্যাবহার করা যায় তা নিশ্চিত করতে বলেছেন পরিষদ সভাপতি। গ্রামে গঞ্জে খেলা হলে অনেক খেলোয়াড়ও বেরিয়ে আসবে বলে তার বিশ্বাস। তবে সভাপতি আর্ন্তজাতিক অঙ্গনে আমদের খেলোয়াড়দের সাফল্যের তাগিদ দিয়ে বলেছেন, "শুধু দেশে খেললেই হবে না, আর্ন্তজাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। কারণ তারাই হচ্ছে দেশের দূত। তবে আমরা সব খেলায় যে ভাল করতে পারবো তা নয়। যেমন শ্যুটিংয়ে আমরা অনেক ভাল ছিলাম, আস্তে আস্তে পিছিয়ে পড়েছি। যেসব খেলায় আমাদের ভাল করার সুযোগ আছে সেগুলো নিয়ে বিশেষভাবে কাজ করতে হবে।"
এ প্রসঙ্গে ক্রিকেটের কথা উঠলে তিনি খুব হাতাশা ব্যক্ত করেছেন শ্রীলংকায় বাংলাদেশ দলের পারফরম্যান্স দেখে, "তিনটি টেস্টেই ইনিংস পরাজয় হয়েছে, এটা খুবই লজ্জাকর। একজন বাংলাদেশী হিসেবে আমি নিশ্চিত আমার মতো আপনারাও ক্ষুব্ধ ও দুঃখিত।" তবে ক্রিকেট বোর্ডে সংস্কারের যে গুঞ্জন শোনা যাচ্ছে এ নিয়ে কোনো কথা বলেননি ক্রীড়া পরিষদের নতুন সভাপতি।
শুধু ক্রিকেট বোর্ড নয়, ফুটবল ফেডারেশন সহ অন্য কয়েকটি ফেডারেশনেও পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। পরিষদের সচিব আমিনুল ইসলাম খানের আশা, "নতুন সভাপতি কেবল একদিন অফিস করেছেন, তাতেই আমরা অনেক বিষয়ে দিক নির্দেশনা পেয়ে গেছি। শুধু ক্রীড়াঙ্গনে সংস্কার নয়, জাতীয় ক্রীড়া পরিষদের কাজেও তিনি স্বচ্ছতা আনার কথা বলেছেন।"
এতদিন পরিষদের কাজের বড় একটা অংশ ছিল যত্রতত্র ক্রীড়া স্থাপনা নির্মান। এখন থেকে আর তা হবে না বলে ক্রীড়া পরিষদের নতুন সভাপতি মঈন উ আহমেদ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন , "ক্রীড়ার বাজেট তুলনামূলকভাবে অনেক কম। যা পাই আমরা তার অধিকাংশই খরচ করবো ক্রীড়াবিদদের মনোন্নয়নে ও ক্রীড়া সরঞ্জাম কেনায়। বিদেশ সফরে গেলাম, বিল্ডিং বানালাম , এসব হবে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৮৩০ঘ.
bdnews24