২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার সঙ্গে ব্যবধান আরও কমাল ঢাকা আবাহনী

কোন সময়ই ঢাকা আবাহনীর সামনে খুলনা আবাহনী বড় প্রতিপক্ষ ছিল না। কিন্তু এবার বড় প্রতিপক্ষ, কারণ বি. লিগে একমাত্র তারাই হারাতে পেরেছে ঢাকা আবাহনীকে। প্রথম লেগে ওই পরাজয়ের ফলে তাদের দ্বিতীয় লেগের লড়াই নিয়ে বেশ আকর্ষণ ছিল। সেটা অবশ্য ম্যাচ শুরুর আগ পর্যন্ত, শুরুর পর দেখা গেল খুলনা আবাহনীর খেলায় আর সেই ধার নেই। পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে ঢাকা আবাহনী ৫--১ গোলে তাদের হারিয়ে আগের হারের চমৎকার বদলা নিয়েছে। আর ঢাকায় অঘটনের শিকার হয়েছে ব্রাদার্স ইউনিয়ন, তাদের ২--১ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 03:45 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

খুলনা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- ঢাকা আবাহনী ৫ : খুলনা আবাহনী ১, চট্টগ্রাম মোহামেডান ২ : ব্রাদার্স ১ কোন সময়ই ঢাকা আবাহনীর সামনে খুলনা আবাহনী বড় প্রতিপক্ষ ছিল না। কিন্তু এবার বড় প্রতিপক্ষ, কারণ বি. লিগে একমাত্র তারাই হারাতে পেরেছে ঢাকা আবাহনীকে। প্রথম লেগে ওই পরাজয়ের ফলে তাদের দ্বিতীয় লেগের লড়াই নিয়ে বেশ আকর্ষণ ছিল। সেটা অবশ্য ম্যাচ শুরুর আগ পর্যন্ত, শুরুর পর দেখা গেল খুলনা আবাহনীর খেলায় আর সেই ধার নেই। পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে ঢাকা আবাহনী ৫--১ গোলে তাদের হারিয়ে আগের হারের চমৎকার বদলা নিয়েছে। আর ঢাকায় অঘটনের শিকার হয়েছে ব্রাদার্স ইউনিয়ন, তাদের ২--১ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডান। খূলানার জয় ঢাকা আবাহনীকে নিয়ে গেছে শিরোপার আরো কাছে। ১৭ খেলায় ৩৮ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে। আর সমান খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে ঢাকা মোহামেডান এখন দ্বিতীয় স্থানে। রোববার খুলনা স্টেডিয়ামে হাজার দুয়েক দর্শকের উপস্থিতিতে ম্যাচের শুরু থেকেই ঢাকা আবাহনী আক্রমণাত্মক ফুটবল খেলে কোনাঠাসা করে রাখে স্বাগতিকদের। কিছু বুঝে ওঠার আগেই ২ মিনিটের মাথায় গোল হজম করে খুলনা আবাহনী, পারভেজ বাবুর ক্রসে ইব্রাহিমের হেড ১--০ গোলে এগিয়ে দেয় ঢাকা আবাহনীকে। গোল খেয়ে স্বাগতিকরা আক্রমণমুখী হওয়ার চেষ্টা করেও পারেনি মূলত তাদের দুজন মিডফিল্ডারের অনুপস্থিতির কারণে। তিন হলুদ কার্ডের কারণে প্রশান্তকে এবং আগের ম্যাচে লাল কার্ড দেখায় সাইফুল্লাহকে মাঠের বাইরে বসে থাকতে হয়েছে। এই সুযোগে মাঝমাঠে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ঢাকা আবাহনী দ্বিতীয়ার্ধে গোলবন্যায় ভাসিয়ে দেয় স্বাগতিকদের। ৫৫ মিনিটে খুলনা আবাহনীর ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ফ্রি কিকে নিজের দ্বিতীয় গোল করেন ঘানার ইব্রাহিম। দু গোলে পিছিয়ে পড়া খুলনা আবাহনী ব্যবধান কমায় ৫৬ মিনিটে তাজুল ইসলামের গোলে। কিন্তু তার মিনিট পাঁচেক পরেই ম্যাচের সেরা গোলটি করেছেন আব্দুল্লাহ পারভেজ; তার বাঁক খাওয়ানো কর্ণার কিকটি গোলরক্ষক হিমুকে ফাঁকি দিয়ে স্বাগতিকদের জালে আশ্রয় নিলে ঢাকা আবাহনী ৩--০ গোলে এগিয়ে যায়। এরপর ৭৫ মিনিটে আবুলের শট সাইডবারে লেগে ফিরে এলে শাহাজউদ্দিন টিপুর ফিরতি শট ৪--১ গোলে এগিয়ে দেয় শিরোপা প্রত্যাশীদের। ম্যাচ শেষ হওয়ার মিনিট খানেক আগে এমিলি জটলা থেকে গোল করে নিজের গোল সংখ্যা ৯-এ উন্নীত করেছেন। এদিকে ঢাকায় বাংলাদেশ দলের কোচ হওয়ার আনুষ্ঠানিকতার আগের দিনই সৈয়দ নাঈমুদ্দিন হোঁচট খেয়েছেন। তার তত্ত্বাবধানে তৈরি ব্রাদার্সকে ২--১ গোলে হারিয়ে দিয়েছে চট্টগ্রাম মোহামেডান। অথচ সোমবার এই ভারতীয় কোচের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চুক্তি করতে যাচ্ছে। তার আগেরদিন এমন অঘটন নাঈমুদ্দিনকে খানিকটা লজ্জায়ই ফেলে দিয়েছে! বিব্রত নাঈমুদ্দিন কোনো ব্যখ্যায় না গিয়েই বলছেন,"কী আর করবো! দল খারাপ খেলেছে তাই এই পরাজয় মেনে নিতেই হবে।" গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে এগিয়ে গিয়েছিল ব্রাদার্স। বাঁদিক থেকে জালালের ক্রসে জুনিয়র এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে গোল করেন। এই গোল ব্রাদার্স শিবিরে স্বস্তি ফিরিয়ে আনার পাশাপাশি নাইজেরিয়ান এই স্ট্রাইকারকে তুলে নিয়েছে গোলদাতার তালিকার শীর্ষে। তার গোলসংখ্যা ১৫। ১৪ গোল করে দ্বিতীয় স্থানে আছেন ঢাকা মোহামেডানের পল। কিন্তু গোলটি ধরে রাখতে পারেনি ব্রাদার্স ডিফেন্ডারদের নির্বুদ্ধিতায়। ৭০ মিনিটে চট্টগ্রাম মোহামেডানের একটা আক্রমণ অফসাইডের ফাঁদে ফেলতে গিয়ে ব্রাদার্স ডিফেন্ডাররা বিপদ ডেকে আনেন। ওই অফসাইড ফাঁদ অতিক্রম করে বেরিয়ে পড়ে দীপু ব্রাদার্স গোলরক্ষক আলীকে ফাঁকি দিয়ে বল জমা করে দেন পোস্টে। তার মিনিট সাতেক পরে ব্রাদার্সের বর্ষীয়ান ডিফেন্ডার জুয়েল রানাকে সামনে রেখেই জয়সূচক গোলটি করেছেন চট্টগ্রাম মোহামেডানের পাভেল। আসিফের বানিয়ে দেওয়া বলটি যখন পাভেলের পায়ে পড়ে তখন জুয়েল ঠায় দাঁড়িয়ে দেখে আছেন, পাভেলকে এতটুকু বাধা দেননি তিনি শট নিতে। ৮৭ মিনিটে এই গোলের পর ম্যাচে ফিরে আসা কঠিন। তাছাড়া এদিক ওদিক শট মেরে গোলের খোঁজ করলে তো গোল পাওয়া যায় না। ব্রাদার্সকে এভাবে হারিয়েই চট্টগ্রাম মোহামেডান প্রথম লেগে পরাজয় প্রতিশোধ নিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২৫ঘ.