মারাকাইবো, ভেনেজুয়েলা, ১৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---সাঁঝবেলাতেও যে গরম! তাতে খাঁ খাঁ রোদ্দূরে কিভাবে ভালো ফুটবল খেলা সম্ভব? প্রশ্নটা আলফিও বাসিলের। রোববার ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটির সময় নিয়েই সমালোচনার বান ছুঁড়েছেন আর্জেন্টাইন কোচ আয়োজকদের দিকে। তীব্র গরমে ম্যাচ চলাকালে নিজেও জ্যাকেট পড়ে থাকেন স্রেফ সেটা তার জন্য পয়া বলে। কিন্তু খেলোয়াড়দের জন্য তা অসহনীয় হবে বলেই দাবি বাসিলের।
স্থানীয় সময় বিকাল ৫ টা ৫ মিনিটে ফাইনাল (বাংলাদেশ সময় রাত ৩ টা ৫ মিনিট) শুরু হবে। খেলা যখন শেষ হবে তখনও অস্ত যাবে না ভেনেজুয়েলার সূর্য্য। তেলের শহর মারাকাইবো দিনমান গরমে অস্থির থাকে, বিকেলে থার্মোমিটারের পারদ থাকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আর তার প্রভাব ম্যাচেও পড়বে বলে মনে করেন বাসিলে। আশঙ্কা নিয়েই বলেছেন, "স্রেফ সময়ের জন্যই ম্যাচটা ধীরগতির হয়ে পড়বে। তাপমাত্রা এখানে অসহ্য, প্রায় ৪০ ডিগ্রি। সন্ধ্যার পর আবহাওয়া ফুটবল খেলার জন্য আদর্শ, গতিময় বলে দর্শকদের জন্যও তা উপভোগ্য। আমার ধারণা বেশি টাকা কামাতে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। কিন্তু সন্ধ্যায় হলে খেলোয়াড়দের জন্য সহনীয় হতো, তারা নিজেদের খেলাটা খেলতে পারত। ব্রাজিল-আর্জেন্টিনা দুদলের জন্যই ভালো হতো।"
শুধু জ্যাকেটই নয়। বাসিলে নিজেও আর্জেন্টিনার জন্য 'লাকি চার্ম'। ১৪ বছর আগে সর্বশেষ কোনো বড় শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সেটাও কোপা আমেরিকা। সেই '৯৩তে বাসিলের কোচিংয়েই। তারকাহীন ব্রাজিলের বিপক্ষে ফাইনালে ফেবারিট আর্জেন্টিনার জন্য তাই দারুণ সুযোগ শিরোপা খরা কাটানোর। বাসিলে অবশ্য সেভাবে ভাবছেন না। তার কাছে ম্যাচের গুরুত্বটাই আসল, "এত নাটকীয়তার তো দরকার নেই। মানুষের কাছে ম্যাচটার গুরুত্ব জানি আমি, কাপ জিতে দেশের মানুষকে উপহার দিতে হবে। কিন্তু তাই বলে তা জীবন-মরণ সমস্যা বলে মানছি না। এটা স্রেফ আরেকটা ফুটবল ম্যাচ।"
ফাইনাল পর্যন্ত আসার পথে ৫ ম্যাচে ১৬ গোল করেছে আর্জেন্টিনা, জিতেছে সবক'টিই। টুর্নামেন্টে গা'জোয়ারি ফুটবল খেলা ব্রাজিলের বিপক্ষে ফাইনালে দলের কাছে তাদের এখন পর্যন্ত খেলে আসা খেলাটাই আশা করছেন আর্জেন্টাইন কোচ, "ফুটবল খেলার একমাত্র উপায় হচ্ছে বলের দখল রাখা এবং কিভাবে তা ব্যবহার করতে হবে জানা। কতদিন শিরোপা জিতিনি-- এই চিন্তায় বিভোর হয়ে মাঠে নামা উচিত হবে না আমাদের।"
ব্যর্থতার দায়ও জানেন বাসিলে। '৯১ ও '৯৩ পরপর দুবার কোপা আমেরিকা জেতার পর '৯৪ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে রুমানিয়ার কাছে হেরে বাদ পড়েছিল আর্জেন্টিনা। তখন কোচ ছিলেন বাসিলেই। স্মৃতিচারণ করে বলেছেন, "সেবার তো হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়তে হয়েছিল। দুর্দান্ত একটা দল নিয়েও বিশ্বকাপ জিততে পারিনি আমরা তাই একটা হতাশা জন্ম নিয়েছিল। এরপর বছর গড়িয়েছে আর আমি ভেবেছি জাতীয় দলকে ফের কোচিং করানোর। এইতো আবার সে সুযোগ পেয়েছি।"
ফাইনালের জন্য উইনিং কম্বিনেশনে কোনো পরিবর্তন আনছে না আর্জেন্টিনা। হারনান ক্রেসপো হাঁটুর ইনজুরি থেকে সেরে ওঠার পরও তাকে বেঞ্চেই বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাসিলে। আক্রমণে লিওনেল মেসির সঙ্গে কার্লোস তেভেজই জুটি বাঁধছেন বলে জানিয়েছেন, "এটা তো সহজ একটা সিদ্ধান্ত। ক্রেসপো প্রায় ১২ দিন বসেছিল, অন্যদিকে তেভেজ খেলছে এবং ভালোই খেলছে।"
ফাইনালের ফলাফল নিয়ে বাসিলের অনুমান? যথারীতি কূটনীতি আর্জেন্টাইন কোচের, "শিরোপা এখন হাতছোঁয়া দূরত্বে, আর ব্রাজিলের বিপক্ষে 'গ্রান ক্লাসিকো' খেলার মৌতাত তো তুলনাহীন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৯২০ঘ.
bdnews24