পুয়ের্তো ওরদাজ, ১২ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- অনেকেই তার মাঝে ভবিষ্যত গ্রেটের ছায়া দেখেন। কেনো, তার প্রমাণ অহরহই দিয়ে যাচ্ছেন লায়োনেল মেসি। বৃহস্পতিবার আবারও দিলেন। দুর্দান্ত এক গোল দিয়ে বাদ সাধলেন প্রতিপক্ষের প্রতিরোধের সম্ভাবনায়। সুবাদেই কোপা আমেরিকার সেমিফাইনালে মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। রোববার অনুষ্ঠেয় ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আলফিও বাসিলের দল।
আক্রমণাত্মক দুটো দল যখন রক্ষণের ওপর জোর দেয়, ফুটবলের নান্দনিকতা অনেকখানি নষ্ঠ হয়। পাল্টা আক্রমণে খেলার কৌশল নিয়ে ম্যাচের প্রথমার্ধ এভাবেই অনেকখানি বিবর্ণ করে দিয়েছিল মেক্সিকো ও আর্জেন্টিনা। এরই মাঝে হুয়ান কার্লোস চাচো ডিফেন্সের ভুলে বল পেয়ে বার উচিয়ে মেরে মেক্সিকোকে এগিয়ে নেয়ার সুযোগ হারান। হুয়ান রোমান রিকুয়েমে ও কার্লোস তেভেজ দুয়েকটা সুযোগ বের করেছিলেন, কিন্তু মেক্সিকান কিপার ওসভালদো সানচেজ বিপদ হতে দেননি। বিরতির ঠিক আগে এগিয়ে যায় আর্জেন্টিনা। রিকুয়েমের বুদ্ধিদীপ্ত ফ্রি কিকটি খুঁজে পায় গ্র্যাব্রিয়েল হেইঞ্জকে। লাফিয়ে বাঁ পায়ের ভলিতে গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি মিনিট পাঁচেকের ব্যবধানে দু গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় আর্জেন্টিনা। ৬১ মিনিটে শুরুটা করেন মেসি। হেইঞ্জের এক ডিফেন্স চেরা পাস ধরে তেভেজ হা করে দেন প্রতিপক্ষের রক্ষণ ভাগ। ডান প্রান্তে তার বাড়ানো বলটি ধরে দুর্দান্ত এক চিপে সানচেজকে পরাস্ত করেন মেসি। এর ঠিক আগে নেরি ক্যাস্টিলো পোস্টে মেরে মেক্সিকোর হয়ে সমতা আনার সুযোগ হারান। পরের গোলটি তেভেজের এনে দেওয়া। ডি বক্সে তাকে ট্যাকল করতে গিয়ে ফেলে দেন রাফায়েল মার্কেজ। পেনাল্টি থেকে গোল করেন রিকুয়েমে। টুর্নামেন্টে এটি তার ৫ম গোল। ব্রাজিলের রবিনিয়ো ৬টি গোল করে এখনও গোলদাতাদের শীর্ষে। শেষ বাঁশির আগে ইনজুরি টাইমে আরো একটি সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু তা বারের বাইরে দিয়ে চলে যায়। অন্যদিকে মেক্সিকো পাল্টা আক্রমণের তেমন কোনো সুযোগই আদায় করতে পারেনি। গোল শোধেরও প্রশ্নই আসে না।
রোববার রেকর্ড ১৫তম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই সঙ্গে লক্ষ্য থাকবে প্রতিশোধেরও। গতবারের ফাইনালে এই আর্জেন্টিনাকেই টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকা জিতেছিল ব্রাজিল। তৃতীয় স্থান পেতে মেক্সিকো লড়বে উরুগুয়ের সঙ্গে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১১২৫ঘ.
bdnews24