ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- ফিফার ফর্মূলা মেনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংস্কার করার আহ্বান জানিয়ে বাফুফে সভাপতি এস এ সুলতান একটা চিঠি দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের কাছে। তাতে গঠনতন্ত্রে কিছু সংস্কার করে আগামী দুমাসের মধ্যে বাফুফে নির্বাচন দেওয়ার অনুরোধ করা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন সময় বাংলাদেশের ফুটবলের অধঃপতনের কথা উল্লেখ করেছেন। স্বাভাবিকভাবে এর দায় মেয়াদোত্তীর্ণ কমিটির ঘাড়ে পড়ে অনেকখানি, সেজন্যই তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা পরোক্ষভাবে বলেছেন উপদেষ্টা। সরকারের মনোভাব বুঝতে পেরেই এস এ সুলতান একটা চিঠি দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের কাছে। ক্রীড়া পরিষদ সূত্রেই জানা গেছে, বাফুফে সভাপতি ফিফার দেওয়া প্রেসক্রিপশন মেনেই ফুটবল ফেডারেশনে সংস্কারের কথা বলেছেন। ফিফা যেভাবে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন গড়ার কথা বলেছে সেই অনুযায়ী সংস্কার করেই আগামী দুমাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন সুলতান।
চিঠিতে তিনি বাফুফে সভাপতির পদ থেকে পদত্যাগ করার আগ্রহও প্রকাশ করেছেন। কিন্তু তাতে সমস্যার সমাধান হবে কিনা এ নিয়েও শংকা প্রকাশ করা হয়েছে। কারণ তিনি পদত্যাগ করলে সহ---সভাপতি দায়িত্ব নেবেন, তাতে করে এই কমিটির লোকজনই থেকে যাচ্ছে।
এই চিঠি দেওয়ার কথা তিনি প্রথমে স্বীকার করে পরে ফোন করতে বলেছেন। ২০ মিনিট পরে যখন ফোন করা হয়েছে তখন আবার এস এ সুলতান অস্বীকার করেছেন, "আমি কোনো চিঠি দিই নি। পরে কথা হবে'' বলেই ফোন কেটে দিয়েছেন তিনি। তিনি দুবার দুরকম কথা বললেও জাতীয় ক্রীড়া পরিষদের একটা সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে তার চিঠি দেয়ার বিষয়টা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৪৫ঘ.
bdnews24