ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- ঢাকা আবাহনী ১ : ব্রাদার্স ০
একই দিনে জিতেছে ব্রাজিল ও আবাহনী। তবে রকমফের হচ্ছে, উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল গোল করে ধরে রাখতে না পেরে টাইব্রেকারে সমর্থকদের স্নায়ুচাপে ফেলে অবশেষে কোপার ফাইনালে ওঠেছে। ঢাকা আবাহনী অতোটা চাপে ফেলেনি সমর্থকদের। কারণ ব্রাদার্সের বিপক্ষে করা একমাত্র গোলটি ধরে রেখেই তারা প্রথম বি. লিগ শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনী এখন পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে। সমসংখ্যক ম্যাচে মোহামেডানের সংগ্রহ ৩২ পয়েন্ট। ১৭ ম্যাচ খেলে তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে মুক্তিযোদ্ধা আছে দ্বিতীয়স্থানে। আবাহনী ও মোহামেডানোর চারটি করে ম্যাচ বাকি এখনো। তারা ম্যাচ হারলে তবেই মুক্তিযোদ্ধার সম্ভাবনা উজ্জ্বল হয়। নইলে শিরোপা লড়াইটা এখন ঢাকা আবাহনী --- মোহামেডানের মধ্যেই সীমায়িত হয়ে গেছে।। সেখানেও আবাহনী ৩ পয়েন্টে এগিয়ে, মানে শিরোপার অনেক কাছাকাছি। বাকি চার ম্যাচের একটি ড্র করলেও আবাহনীর দুশ্চিন্তার কিছু নেই। তবে হেরে গেলে মোহামেডানের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার সুযোগ আছে।
আসলে বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্সকে হারানোর পরই আবাহনী অনেকটা দুশ্চিন্তমুক্ত। তাই এই ম্যাচ জেতার পর পরই একদফা হয়ে গেছে শিরোপা জয়ের আনন্দ--উল্লাস। ইনজুরি নিয়ে মাঠে নেমে জয় নিয়ে ফেরা আবাহনী অধিনায়ক আরিফ খান জয়ের কাছে এটা দারুন এক অনুভূতির ব্যাপার, "এই ম্যাচটা জেতায় এখন আমরা অনেক টেনশনমুক্ত। তবে স্পিরিটটা শেষপর্যন্ত ধরে রাখতে হবে।" কিন্তু খেলা কী মনোমত হয়েছে ? "আসলে এই ম্যাচে আমাদের সবাই স্নায়ুচাপে ছিল, তাই একটু এলোমেলো হয়েছে খেলা" ---- গুরুত্বপূর্ণ ম্যাচ জেতার পর খেলার মান নিয়ে তেমন আক্ষেপ নেই আবাহনী অধিনায়কের।
ম্যাচের শুরুতে অবশ্য আবাহনীর স্নায়ুচাপটা তেমন ধরা পড়েনি। প্রথম ১৫ মিনিট টানা আক্রমণ করে ব্রাদার্সকে এমন কোণাঠাসা করে রেখেছিল যে ওই সময়েই গোল পেতে পারতো আবাহনী। ৮ মিনিটে ঘানার ইব্রাহিমের শটটা সতীর্থ এমিলির গায়ে না লাগলে ব্রাদার্স গোলরক্ষক নিজামকে বড় পরীক্ষার মুখে পড়তে হতো। তারপর ডিফেন্ডার সিরাজীর একটা শট পোস্টে বাতাস লাগিয়ে চলে গেলে ব্রাদার্স নিজেদের ঘুচিয়ে নেওয়ার সুযোগ পায়। তারা বল নিজেদের দখলে রেখে খেলার চেষ্টা করেও আবাহনীর ডিফেন্সে সেভাবে চড়াও হতে পারেনি। কারণ তাদের স্ট্রাইকার জুনিয়রকে মার্কিংয়ে ফেলে পুরো অকার্যকর করে রেখেছিল আবাহনী ডিফেন্ডাররা। তাই আবাহনীর নজরুল, প্রদীপ, সিরাজী ও ওয়ালী ফয়সালের ডিফেন্সব্যুহ ভেদ করে গোলরক্ষক বিপ্লবকে বিপদে ফেলার মতো ক্ষুরধার হতে পারেনি ব্রাদার্সের আক্রমণ। অগত্যা দূরপাল্লার শট নিয়েই পরীক্ষা নিতে হয়েছে। তার মধ্যে ৩৯ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে ইনানির নেওয়া তীব্র শটটি আবাহনী পোস্টে থাকলে হয়তো বিপদে পড়তেন বিপ্লব।
তুলনায় বেশ কবার ব্রিবতকর অবস্থার মধ্যে পড়তে হয়েছে ব্রাদার্স গোলরক্ষক নিজাম মজুমদারকে। ৬০ মিনিটে তো দু'দুবার পেনাল্টি আটকানোর পরীক্ষা দিতে হয়েছে। কিন্তু দুবারই ব্যর্থ তিনি। প্রথমবার আবাহনীর নজরুলের পেনাল্টি শট নিজামকে ফাঁকি দিয়ে গোলে গেলেও রেফারি তা নাকচ করে দিয়ে দ্বিতীয়বার শট নেওয়ার নির্দেশ দেন।। দ্বিতীয় শটেও জেতেন নজরুল। জেতে ঢাকা আবাহনী।
সকালে ব্রাজিল ও উরুগুয়ের ফুটবলাররা যেখানে পেনাল্টি মিস করেছেন সেখানে বিকেলে পেনাল্টি থেকে নজরুলের গোল করাটা বিশাল কৃতিত্ব। তার চেয়ে বেশি কৃতিত্ব দিতে হবে আবাহনীর ইব্রাহিমকে। ডিবক্সে এই ঘানাইয়ানকে ব্রাদার্সের রনি ফাউল করাতেই তো রেফারি আব্দুল হান্নান মিরন পেনাল্টির বাঁশি বাজান। সেটা যে কতোখানি গুরুত্বপূর্ণ তা বোঝা গেছে পেনাল্টি শট নেওয়ার সময় মাঠে আবাহনী খেলোয়াড়দের দুহাত তুলে প্রার্থনায় বসতে দেখে।
পেনাল্টি--- গোলের পর যেন স্বাভাবিক ছন্দ ফিরে আসে আবাহনীর খেলায়। এবং ৮২ ও ৮৩ মিনিটে দুদুটো দুর্দান্ত সুযোগও তৈরি করে তারা। কিন্তু প্রথমটি এমিলি বাইরে মেরে নষ্ট করেন আর পরেরটি বদলি খেলোয়াড় শাহাজউদ্দিন টিপুর শট বারে লেগে ব্রাদার্স কিপারের হাতে চলে যায়।
তার জন্য আক্ষেপ নেই। আগের গোলটা ধরে রাখার কাজটা যে ভালোভাবে করতে পারাতেই তো তাদের কাজটা হয়ে গেছে। মেতে ওঠা গেছে বিজয় উৎসবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫০ঘ.
bdnews24