মারাকাইবো, ১১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এভাবে হাত ফস্কে ম্যাচ বেরিয়ে যাওয়ার জন্য ভাগ্য ছাড়া আর কাকেই দুষবে উরুগুয়ে। সাডেন ডেথে ব্রাজিলের ফার্নান্দো যখন পোস্টে বল লাগালেন, পাবলো গার্সিয়া গোল করলেই কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত হয়ে যায় "সেলেস্তে"দের। কিন্তু তিনিও একই কাজ করলেন। গিলবার্তো সিলভার গোলে এরপর আবার এগিয়ে গেল ব্রাজিল। আর উরুগুয়ে অধিনায়ক ডিয়েগো লুগানোর বল ঠেকিয়ে দিলেন কিপার দোনি। ফলাফল টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে আবারও ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে) অনুষ্ঠেয় আর্জেন্টিনা-মেক্সিকোর মধ্যেকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর মুখোমুখি হবে তারা ফাইনালে।
নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়েছে খেলা। এ টুর্নামেন্টে অতিরিক্ত সময়ে খেলার রেওয়াজ নেই। অতিরিক্ত সময় পেয়েছে দু'দল, সেটা প্রথমার্ধের নির্ধারিত সময় শেষে। স্টেডিয়ামের ফ্লাডলাইট বিগড়ে খেলা বন্ধ ছিল ১৪ মিনিট। রেফারি সেটাই যোগ দিয়েছেন তখন। ১৩ মিনিটে মাইকনের গোলে এগিয়ে যায় ব্রাজিল। বাতি জ্বলার পর তা শোধ করেছেন ডিয়েগো ফোরলান। এর আগে ব্রাজিল কিপার দোনি দুর্দান্ত নৈপূন্যে বেশ ক'বার বাঁচিয়েছেন দলকে। আলভেরো রেকোবার বিপজ্জনক কিছু বাঁক খাওয়ানো বল বারবার বিপন্ন করছিল তখন ব্রাজিলিয়ান ডিফেন্সকে। ফোরলানের সমতা আনা গোলটি এমনই একটি সেভের ফিরতি শটে করা। মিনিট নয়েক পর আবারো ব্রাজিলকে এগিয়ে নিয়েছেন হুলিও বাপতিস্তা।
বিরতির পর এই অগ্রগামিতাকে ধরে রাখায় মন দিয়েছে ব্রাজিল। আর উরুগুয়ে মরিয়া হয়ে আক্রমণ শানিয়েছে। ফল পেয়েছে তারা ম্যাচের ৭০ মিনিটে গিয়ে। রেকোবার বদলি সেবাস্টিয়ান আব্রিউ গোল করে ফের সমতা এনেছেন ম্যাচে। টাইব্রেকারে ফোরলানের শট ঠেকিয়ে দিয়েছিলেন দোনি। আর আলেক্স আনফোনসো দলের চতুর্থ শটটি লাগিয়েছেন পোস্টে। ম্যাচের ফল মনে করিয়ে দিয়েছে তিন বছর আগের সেমিফাইনালটি যাতে ছিল এই দুই চির প্রতিদ্বন্দ্বী। পেরুর লিমায় অনুষ্ঠিত সে ম্যাচেও টাইব্রেকারে জিতেছিল ব্রাজিল।
ম্যাচ শেষে ব্রাজিলিয়ানদের উল্লাসে উরুগুয়ের খেলোয়াড়রা মাথা গরম করে তেড়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য পরিস্থিতি তেমন খারাপ হয়নি। তবে কোচ অস্কার তাবারেজ ম্যাচ নিয়ে কোনো মন্তব্য করেননি, সদলে ফিরে গেছেন ড্রেসিংরুমে। অন্যদিকে ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা তার খেলোয়াড়দের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। পেনাল্টিতে জেতা নিয়ে বলেছেন, "আমি নিশ্চিত ছিলাম না আমরা জিতব, তবে আমার দৃঢ় বিশ্বাস ছিল আমাদেরই জেতা উচিত। পেনাল্টিতে জয় তাৎক্ষণিক কোনো ব্যাপার নয়, প্রস্তুতি এবং পরিশ্রমের ফলাফল তা।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১২২৫ঘ.
bdnews24