লন্ডন, ১০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হ্যাটট্রিক করেছে মেক্সিকো! না, কোনো ম্যাচে নয়। করেছে ভেন্যু হিসেবে। আন্তর্জাতিক ফুটবলে তিনটি সেরা যুগান্তকারী ঘটনার সঙ্গে জড়িয়ে আছে মেক্সিকো। ১৯৭০ ও ১৯৮৬ সালে দুটো বিশ্বকাপ আয়োজন করেছিল উত্তর আমেরিকার এই লাতিন দেশটি। সেখানেই বিশ্ব পেয়েছে ফুটবলের সর্বকালের সেরা দল, সেরা গোল এবং সেরা ম্যাচের দেখা। ফুটবলের বাইবেল বলে খ্যাত "ওয়ার্ল্ড সকার ম্যাগাজিন" বিশ্বব্যাপী ফুটবল বোদ্ধাদের মাঝে যে জরিপ চালিয়েছিল, তার ফলাফল বলছে সে কথাই।
১৯৭০ সালের বিশ্বকাপ জিতেছিল পেলের ব্রাজিল। ফুটবলে সর্বকালের সেরা দলের স্বীকৃতি পেয়েছে তারাই। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার দ্বিতীয় গোলটি ঠাঁই পেয়েছে সর্বকালের সেরা গোলের তালিকায় শীর্ষে। ১৯৭০ বিশ্বকাপে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত সেমিফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে ইতালির ৪-৩ গোলে জেতা ম্যাচটি পেয়েছে সর্বকালের সেরা ম্যাচের সম্মাণ।
'৭০ বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলকে "ওয়ার্ল্ড সকার" বিশেষিত করেছে "দলের চেয়েও বেশি" বলে। লিখেছে, "ব্রাজিলের যে দলটা দারুণ নৈপূন্যে ১৯৭০ সালের বিশ্বকাপ জিতেছে, তারা পরিণত হয়েছে কিংবদন্তীতে। বিউটিফুল গেম বলে ফুটবলের মর্যাদায় শেষকথা আসলে তারাই।" "ম্যাজিকাল ম্যাগিয়ার্স" নামে খ্যাত ফেরেঙ্ক পুসকাসের ১৯৫৩ সালের হাঙ্গেরিয়ান দলটি স্বীকৃতি পেয়েছে সর্বকালের সেরা দ্বিতীয় দলের। তৃতীয় স্থান পেয়েছে ১৯৭৪ বিশ্বকাপ ফাইনালে পশ্চিম জার্মানির কাছে হারা ও "টোটাল ফুটবল"-এর জন্ম দেওয়া ইয়োহান ক্রুইফের হল্যান্ড। ১৯৮৯-৯০ মৌসুমের এসি মিলান পেয়েছে চতুর্থ স্থান। ১৯৫৬-৬০ পর্যন্ত টানা ৫টি ইউরোপিয়ান কাপ জেতা রিয়াল মাদ্রিদ দলটি পেয়েছে ৫ম স্থান।
আর্জেন্টাইন অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনা তার অবিস্মরণীয় গোলটির জন্য তালিকার শীর্ষে আছেন। তার পরের জায়গাটা মার্কো ফন বাস্তেনের। ১৯৮৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে এই ডাচ স্ট্রাইকার গোলটি হয়েছে সর্বকালের সেরা গোলের তালিকায় দ্বিতীয়। বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ২০০২ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জিনেদিন জিদানের দুর্দান্ত ভলিটি ঠাঁই পেয়েছে তালিকার তৃতীয় স্থানে।
সর্বকালের সেরা ম্যাচের তালিকায় ইতালি-পশ্চিম জার্মানি সেমিফাইনালের পর রয়েছে ২০০৫ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। এসি মিলানকে টাইব্রেকারে হারিয়ে সে ম্যাচে শিরোপা জিতেছিল লিভারপুল। ১৯৬০ সালের ইউরোপিয়ান কাপ ফাইনালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৭-৩ গোলে উড়িয়ে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। সর্বকালের সেরা ম্যাচের তালিকায় তৃতীয় স্থানের স্বীকৃতি পেয়েছে তা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৩১৫ ঘ.
bdnews24