পুয়ের্তো লা ক্রুজ, ৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- তিন ম্যাচে চার গোল। অন্যভাবে বললে কোপা আমেরিকায় ব্রাজিলের এ পর্যন্ত সবকটি গোলই এসেছে তার পা থেকে। সম্পূরক প্রশ্ন হতে পারে রবিনিয়ো কি পারবেন পেলেকে ছুঁতে? কিংবা রোনালদো বা আদ্রিয়ানোকে? ১৯৫৯ সালের টুর্নামেন্টে সেলেসাওদের হয়ে ৮ গোল করেছিলেন পেলে। '৯৭তে রোনালদোর ৭ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন আদ্রিয়ানো ২০০৪ সালের প্রতিযোগিতায়। ফাইনালসহ ধরলে ব্রাজিলের সামনে আরো ৩টি ম্যাচ। রবিনিয়োর ফর্ম বলছে সম্ভাবনাটা খুবই সম্ভব।
তবে সে পর্যন্ত পৌঁছতে রোববারের কোয়ার্টার ফাইনাল জিততে হবে ব্রাজিলকে। প্রতিপক্ষ চিলি। স্বস্তির কথা হচ্ছে দিন চারেক আগে এই চিলিকেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা হারিয়েছিল ৩-০ গোলে। হ্যাটট্রিক করেছিলেন রবিনিয়ো। কোচ কার্লোস ডুঙ্গা তাই নির্ভার থাকতেই পারেন, কারণ প্রতিপক্ষের শক্তিমত্তা তার জানা। পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষে। শেষ তিন মুখোমুখিতে ১১ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে তারা।
কিন্তু দ্বিমত পোষণ করেন নেলসন আকোস্টা। চিলির কোচ সর্বশেষ দ্বৈরথটিকেই তিনি "ব্রাজিলের ভাগ্যপ্রসূত জয়" বলে অভিহিত করেছিলেন। কিন্তু ৫-৪-১ ফর্মেশনে অতি রক্ষণাত্মক খেলা খেলে চিলি গ্র"প-বির তৃতীয় স্থান পেয়েছে সত্যি। কিন্তু চ্যাম্পিয়নদের রুখে দেওয়ার মতো সেটা নয়। রক্ষণাত্মক বলে সমালোচিত কার্লোস ডুঙ্গাও। ব্রাজিল কেনো ৩ জন ডিফেন্সিড মিডফিল্ডার খেলাচ্ছে এই প্রশ্নে জেরবার করে তুলেছে তাকে সে দেশের মিডিয়া। ডুঙ্গা পাল্টা আক্রমণে বলেছেন, "আর্জেন্টিনাও তো তাই খেলাচ্ছে। ব্রাজিলের কি সমস্যা! তার মানে কি এই যে আমরা আক্রমণ করছি না?"
এ মুহূর্তে ডুঙ্গার মাথাব্যথা তার ডিফেন্স লাইন নিয়ে। চিলির বিপক্ষে ম্যাচে রাইট ব্যাক মাইকন বাঁ কাঁধে চোট পেয়েছিলেন। সে জায়গায় ইকুয়েডরের বিপক্ষে খেলতে নেমে দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন ড্যানিয়েল আলভেজ। সুবাদেই আলেক্স সিলভার খেলার সম্ভাবনা উজ্জ্বল। তার সুবিধা সেন্টার ব্যাক হিসেবেই শুধু নয়, উইং ব্যাক হিসেবেও সমান তুখোড়। ডুঙ্গা বিকল্প হিসেবে আরেকটি সম্ভাবনার কথাও ভেবে রেখেছেন। মিডফিল্ডার এলানোকে ডানে নামিয়ে আনতে পারেন তিনি। ২০০২-০৪ মৌসুমে সান্তোসে খেলার সময় এ পজিশনেই তিনি সঙ্গত দিয়েছেন আলেক্স, ডিয়েগো ও রবিনিয়োকে।
চিলিতে সে সমস্যা নেই। যদি থাকে সেটা খেলোয়াড়দের উদ্দীপনার। সে মন্ত্র অবশ্য ভালোই ঢালছেন কোচ আকোস্টা, "ব্রাজিলের বিপক্ষে শেষ তিনটি ম্যাচ আমরা খুবই খারাপ খেলেছি সত্যি। কিন্তু আমরা হাল ছাড়ছি না। এটা বড় ম্যাচ বলেই ছেলেরা আরো উজ্জীবিত হয়ে উঠবে আমি নিশ্চিত। আমরা প্রতি ম্যাচেই আরো উন্নতি করছি।"
দিনের অন্য ম্যাচে গ্র"প-এ চ্যাম্পিয়ন ভেনেজুয়েলা খেলবে একই গ্র"পের তৃতীয় স্থান পাওয়া উরুগুয়ের বিপক্ষে। ৪০ বছর পর কোপা আমেরিকার ম্যাচ জিতে যে ইতিহাস গড়েছে, সেটা আরো সমৃদ্ধ হয়েছে তাদের কোয়ার্টার ফাইনালে ওঠায়। যদিও চারদিন আগে উরুগুয়ের বিপক্ষে টুর্নামেন্টের সবচেয়ে বাজে ম্যাচটির অপবাদ কুড়িয়েছে তারা গোলশুন্য ড্র করে। তারপরও প্রতিপক্ষের সক্ষমতাই স্বাগতিকদের স্বপ্ন দেখাচ্ছে সেমিফাইনালে ওঠার। উরুগুয়ের সমস্যা তাদের স্ট্রাইকারদের গোল করার অক্ষমতা। তিন ম্যাচে মাত্র একটি গোল। সবচেয়ে বড় তারকা ডিয়েগো ফোরলান তার নামের প্রতি এখনও সুবিচার করতে পারেননি। ইনজুরি থেকে সেরে ওঠা স্ট্রাইকার আলভেরো রেকোবার সম্ভাবনা আছে আজ প্রথম একাদশে ঢুকে পড়ার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫৩৫ঘ.
bdnews24