২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাঈমুদ্দিনকে জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দেবে বাফুফে

ক্রুসিয়ানির পর ১০ মাস বিরতি দিয়ে আলোচনায় নতুন নাম সৈয়দ নাঈমুদ্দিন। এই ভারতীয় কোচকেই বাংলাদেশের কোচ হওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 04:32 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ---- ক্রুসিয়ানির পর ১০ মাস বিরতি দিয়ে আলোচনায় নতুন নাম সৈয়দ নাঈমুদ্দিন। এই ভারতীয় কোচকেই বাংলাদেশের কোচ হওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বহুল আলোচিত ডিয়েগো ক্রুসিয়ানি অধ্যায় গত সেপ্টেম্বরেই শেষ হয়ে গিয়েছিল। তারপর ১০ মাস জাতীয় ফুটবল দলের নির্দিষ্ট কোনো কোচ ছিল না। ঠেকার কাজ চলেছে স্বদেশী কোচ হাসানুজ্জামান বাবলুকে দিয়ে। বিদেশী কোচ কিংবা নির্দিষ্ট কারো দায়িত্ব দেওয়ার প্রসঙ্গ উঠলেই বাফুফের বর্তমান কমিটি অজুহাত দিত অর্থাভাবের। এই বলে নিজেদের মেয়াদ পরা করাই হয়তো লক্ষ্য ছিল। কিন্তু গত এপ্রিলে মেয়াদোত্তীর্ণ কমিটি ফিফার নির্দেশে আরো এক বছর দায়িত্বে থাকার সুযোগ পেয়ে এখন আর উপেক্ষা করতে পারছে না জাতীয় দলের কোচহীন থাকার ব্যাপারটাকে। এটা দেখতেও খুব বাজে দেখায়, অনেকটা চক্ষুলজ্জার মুখে পড়ে বৃহস্পতিবার বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় জাতীয় দলের জন্য নতুন কোচ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাফুফের উপ সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানিয়েছেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি সৈয়দ নাঈমুদ্দিনকেই প্রস্তাব দেবো। তার সঙ্গে প্রাথমিকভাবে কথা বলার পরই আমরা সিদ্ধান্ত নেবো।" নাঈমুদ্দিন এখন ব্রাদার্স ইউনিয়নের দায়িত্বে আছেন, তিনি রাজি হলে বি. লিগ শেষ হওয়ার পরই এদেশে নতুন ইনিংস শুরু করতে পারেন জাতীয় দলের দায়িত্ব নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতীয় দলের সাবেক কোচ কি বাফুফের প্রস্তাবে সাড়া দেবেন ? কারণ আগের আর্জেন্টাইন কোচ ডিয়েগো ক্রুসিয়ানির বিদায়পর্বটা মোটেও সুখের হয়নি। নানা অভিযোগ তুলে, বেতন কেটে চূড়ান্তভাবে অপমান করে তাকে দেশে ফিরে যেতে বাধ্য করা হয়েছিল। সেই কাণ্ডের কথা ভেবে নাঈমুদ্দিন অন্যরকম কিছুও ভাবতে পারেন। সভায় একইসঙ্গে আগের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি তৈরি করা হয়েছে। আগের ৫ সদস্যের কমিটির জায়গায় এখন বাফুফের উপ সম্পাদক মঞ্জুর হোসেন মালুকে প্রধান করে গঠিত তিন সদস্যের নতুন কমিটির অন্য দুই সদস্য বাফুফে সম্পাদক অনোয়ারুল হক হেলাল ও সহকারী সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল। তারাই এখন থেকে জাতীয় দল গঠন ও ট্রেনিং তত্ত্বাবধান করবেন। শুধু জাতীয় দল নয়, ক্রিকেটের মতো এ দলও রাখবে ফুটবল। "এই এ দল জাতীয় দলে ঢোকার আগের স্তর হিসেবে বিবেচিত হবে" বলেছেন মঞ্জুর হোসেন মালু। আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় নেহেরু কাপে এ দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবারের বাফুফে সভায়। সভায় বন্ধ হয়ে থাকা টুর্নামেন্ট ও লিগগুলো চালু করা যায় কিনা তা যাচাই করবে বাফুফে। ফেডারেশন কাপ, জাতীয় ফুটবল লিগ ও সিনিয়র ডিভিশন ফুটবল লিগ চালুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাফুফের সহ সভাপতি আব্দুর রহিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে আগামী এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে যার ভিত্তিতে বাফুফে এসব লিগের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৩০ঘ.