পুয়ের্তো লা ক্রুজ, ৪ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---এ নিয়ে কোপা আমেরিকার চারটি টুর্নামেন্টে কোনো ম্যাচ জেতা হলো না বলিভিয়ার। মাত্র ৫ মিনিটের জন্য তা হতে দিলেন না ক্লদিও পিজারো। বুধবার মেরিদায় গ্র"প-'এ'র খেলায় পিজারোর জোড়া সমতায় পেরু ২-২ গোলে ড্র করেছে বলিভিয়ার সঙ্গে। দিনের অন্য ম্যাচে ভেনেজুয়েলা ও উরুগুয়ের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্যভাবে। স্বাগতিক ভেনেজুয়েলা ৫ পয়েন্ট নিয়ে গ্র"পের শীর্ষদল হিসেবে শেষ করেছে। উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। ৪০ বছরে এই প্রথম কোপা আমেরিকার দ্বিতীয় রাউন্ডে উঠল তারা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে পেরু এবং উরুগুয়েরও। তিনটি গ্র"পের শীর্ষ দুদল এবং সেরা দুই তৃতীয় স্থান অধিকারী খেলবে দ্বিতীয় রাউন্ডে। এ ছাড়া কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং মেক্সিকো।
বিরতির সময় ২-১ গোলে এগিয়ে ছিল বলিভিয়া। জেইমি মরেনোর চতুর লবে এগিয়ে যাওয়া গোলটি পিজারো শোধান হুয়ান কার্লোস মারিনোর ফ্রি কিকে হেড করে। এরপর জাসমানি কাম্পোস আবারও এগিয়ে নেন বলিভিয়াকে। ম্যাচ শেষের ৫ মিনিট বাকি থাকতে মারিনোর আরেকটি ফ্রিকিকে একইভাবে মাথা ছুঁইয়ে সেরা আটে পেরুর স্থান নিশ্চিত করেন পিজারো। রোববার পেরু খেলবে আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচের বিজয়ীর বিপক্ষে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৩৪৫ঘ.
bdnews24