মারাকাইবো, ভেনেজুয়েলা, ৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরালেন ঠিকই, কিন্তু শটটা নিতে গিয়ে পায়ে ব্যথাও পেলেন তিনি। মঙ্গলবার কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার গ্র"প ম্যাচে পেনাল্টি নিয়েই মাঠের বাইরে চলে যান হার্নান ক্রেসপো। ইনজুরিটা কতটা গুরুতর তখন বোঝা যায়নি। বোঝা গেল আর্জেন্টিনার জার্সি গায়ে ৩৪ গোল করে ম্যারাডোনাকে পেছনে ফেলে দেয়া ক্রেসপোর নিজের কথায়। ইন্টার মিলানের এই স্ট্রাইকারের আশঙ্কা, ডান পায়ের পেশির ইনজুরির কারণে কোপা আমেরিকার বাকি অংশ মিস করতে পারেন তিনি।
বয়স ৩১ হলেও এটাই তার ক্যারিয়ারের প্রথম কোপা আমেরিকা। প্রথম দুই ম্যাচে তিন গোল করে লাতিন আমেরিকার সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টে খেলতে না পারার অপূর্ণতা মুছে দেবার ইঙ্গিতও রাখছিলেন ক্রেসপো। কিন্তু সর্বনাশ করে দিল এই ইনজুরি। নিজেই বলছেন, টুর্নামেন্টে আরেকটি ম্যাচ খেলার জন্য এখন 'অলৌকিক' কিছুর অপেক্ষায় রয়েছেন তিনি,"আমি জানি দলের চিকিৎসকরা সাধ্য মতো সব কিছুই করবেন আমার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে আমাদের এখন কোনো অলৌকিক ঘটনার প্রয়োজন। এমনিতে অবশ্য আমি আশাবাদী মানুষ। টুর্নামেন্টের এখনো ১৩ দিন বাকি আছে। শেষ দিন পর্যন্ত আমি আশা ধরে রাখবোই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৮১৪ ঘ.
bdnews24