পুয়ের্তো লা ক্রুজ, ৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কোপা আমেরিকা দিয়েই অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন। হুয়ান রোমান রিকুয়েমে এবার তা উদযাপন করলেন দুর্দান্ত দুটো গোল দিয়ে। আর সুবাদেই আর্জেন্টিনা ৪-২ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। সোমবার দিনের অন্য ম্যাচে প্যারাগুয়ে ৩-১ গোলের জয় পেয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ৬ পয়েন্ট নিয়ে দু'দলই গ্র"প-সির শীর্ষে। বৃহস্পতিবার পরস্পরের মুখোমুখি হবে তারা।
খেলার ধারার বিপরীতে গোল করে এগিয়ে গিয়েছিল কলম্বিয়া। ১০ মিনিটের মাথায় এডিক্সন পেরেরা দারুণ এক ব্যাক হিলে গোল করে বসেন। মিনিট দশেক পর লিওনেল মেসি পেনাল্টি আদায় করে দেন আর্জেন্টিনাকে। সমতা ফেরান হার্নান ক্রেসপো। জাতীয় দলের জার্সি গায়ে তার গোল সংখ্যা এখন ৩৪। ডিয়েগো ম্যারাডোনাকে টপকে তিনি এখন আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে।
বিরতির আগে রিকুয়েমের ম্যাজিক। ৩৪ মিনিটে হ্যাভিয়ের জানেত্তির ক্রসে হেডে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। এরপর বাঁক খাওয়ানো এক ফ্রি কিকে আরো পোক্ত করেন তা। ৭২ মিনিটে জেইমি ক্যাস্ট্রিলোনের গোলে ব্যবধান কমায় কলম্বিয়া। ৫ মিনিট বাকি থাকতে ডিয়েগো মিলিতো জয় নিশ্চিত করেন আর্জেন্টিনার।
দিনের অন্য ম্যাচে বিরতি পর্যন্ত ১-১ গোলে সমতা ছিল। ৩০ মিনিটে এডগার বেরেতো প্যারাগুয়েকে এগিয়ে নেন, যুক্তরাষ্ট্রের পক্ষে সমতা ফেরান রিকার্ডো ক্লার্ক। কিন্তু ওস্কার কার্দোজো ও সালভাদর কাবানাসের গোলে পুরো ৩ পয়েন্ট নিয়েই ফেরে প্যারাগুয়ে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৩৪৫ঘ.
bdnews24