২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সকে হারিয়ে শিরোপার দৌড়ে ফিরল মুক্তিযোদ্ধা

মুক্তিযোদ্ধা ১ : ব্রাদার্স ০ শেষপর্যন্ত হাসি ফুটেছে আবু ইউসুফের মুখে। আগের দুটো ম্যাচ ড্র করে বি. লিগের শিরোপা স্বপ্ন কঠিন হয়ে যাওয়ায় মুক্তিযোদ্ধার এই কোচের মুখের হাসি হারিয়ে গিয়েছিল। সেই হাসি ফিরে এল সোমবার। ব্রাদার্সের সঙ্গে ম্যাচ শেষে মুখে হাসি ফুটিয়েই তিনি বলেছেন, "আমার দল ভাল খেলেছে এবং এটাই হচ্ছে আমাদের সেরা দল।" কিন্তু খেলা শেষ হওয়ার ১২--১৩ মিনিট আগে বোধহয় মুক্তিযোদ্ধার কোচ উল্টোটাই বলতেন। কারণ ততক্ষণ পর্যন্ত আবারো পয়েন্ট হারানোর আতংকে ছিল মুক্তিযোদ্ধা। ম্যাচ শেষ হওয়ার ১২ মিনিট আগে আজমল হোসেন বিদ্যুতের এক হেডে সেই শংকা দূর হয় এবং মুক্তিযোদ্ধা ১----০ গোলে হারায় ব্রাদার্সকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 03:36 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)----- মুক্তিযোদ্ধা ১ : ব্রাদার্স ০ শেষপর্যন্ত হাসি ফুটেছে আবু ইউসুফের মুখে। আগের দুটো ম্যাচ ড্র করে বি. লিগের শিরোপা স্বপ্ন কঠিন হয়ে যাওয়ায় মুক্তিযোদ্ধার এই কোচের মুখের হাসি হারিয়ে গিয়েছিল। সেই হাসি ফিরে এল সোমবার। ব্রাদার্সের সঙ্গে ম্যাচ শেষে মুখে হাসি ফুটিয়েই তিনি বলেছেন, "আমার দল ভাল খেলেছে এবং এটাই হচ্ছে আমাদের সেরা দল।" কিন্তু খেলা শেষ হওয়ার ১২--১৩ মিনিট আগে বোধহয় মুক্তিযোদ্ধার কোচ উল্টোটাই বলতেন। কারণ ততক্ষণ পর্যন্ত আবারো পয়েন্ট হারানোর আতংকে ছিল মুক্তিযোদ্ধা। ম্যাচ শেষ হওয়ার ১২ মিনিট আগে আজমল হোসেন বিদ্যুতের এক হেডে সেই শংকা দূর হয় এবং মুক্তিযোদ্ধা ১----০ গোলে হারায় ব্রাদার্সকে। আগের দুটো ম্যাচে যারা চট্টগ্রাম আবাহনী ও ফরাশগঞ্জের সঙ্গে ড্র করে তারা ব্রাদার্সকে হারাতে পারবে, এমন বিশ্বাস হোঁচট খেয়েছিল স্বাভাবিকভাবেই। সেই হোঁচট খাওয়া মুক্তিযোদ্ধার ব্রাদার্সের বিপক্ষে এই জয় কোচ আবু ইউসুফকেও আশাবাদী করে তোলে, "আমি এখনো আশাবাদী। আমরা পুরোপুরি ছিটকে পড়িনি শিরোপার দৌড় থেকে।" আশাবাদের কারণ ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট তালিকার শীর্ষে। ২৯ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঢাকা আবাহনী (১৪ ম্যাচে) ও ঢাকা মোহামেডান (১৫ ম্যাচে)। সামনের ম্যাচগুলোতে এই দুই পরাশক্তির পয়েন্ট হারানোর ওপরই নির্ভর করছে মুক্তিযোদ্ধার শিরোপা---স্বপ্ন। অনেক আগেই এই স্বপ্ন ধুলিস্যাৎ করে ফেলা ব্রাদার্সের সংগ্রহ ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট। কিন্তু স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য যেভাবে খেলা উচিত সেভাবে খেলতে পারছে না মুক্তিযোদ্ধা। অন্তত খেলতে পারেনি ব্রাদার্সের সঙ্গে। শুরু থেকেই তারা এলোমেলো। প্রথমার্ধে কেবল একটিই সুযোগ, ১৪ মিনিটে কাঞ্চনের মাইনাসে মুক্তিযোদ্ধার অধিনায়ক সাইফুর রহমান মনির দুর্দান্ত শট ব্রাদার্স গোলরক্ষক নিজাম মজুমদার দারুন নৈপুন্যের সঙ্গে ঠেকিয়ে দেন। তারপর পুরো প্রথমার্ধই ছিল ব্রাদার্সের আক্রমণে ঠাসা। ২৩ মিনিটে জুনিয়রের হেড ডি বক্সে মনোয়ারের পায়ে পড়লেও তিনি ফাঁকা পোস্ট রেখে বল বাইরে মারেন। এই নাইজেরিয়ান প্রথমার্ধে আরো দুবার বল বানিয়ে দিলেও মঞ্জু ও মানোয়ার ব্যর্থতায় গোল পায়নি ব্রাদার্স। দ্বিতীয়ার্ধেও ব্রাদার্সের খেলার প্রাণশক্তি ছিলেন জুনিয়র। কিন্তু এই নাইজেরিয়ান স্ট্রাইকার অন্যদের চমৎকার সব বল বানিয়ে দিয়ে গোল করার সুযোগ তৈরি করে দিলেও সেগুলো তারা যাচ্ছেতাইভাবে নষ্ট করেছে। তাই গোলের মুখ দেখেনি ব্রাদার্স। মুক্তিযোদ্ধা সেটা দেখেছে বদলি খেলোয়াড় আজমল হোসেন বিদ্যুতের কল্যাণে। ৭৯ মিনিটে এই মিডফিল্ডারের মাঠে নামার পরের মিনিটেই ডানদিক থেকে মনি চমৎকার এক ক্রস বাড়ান। তাতে কাঞ্চনের ব্যাকভলি বলে না লাগলেও বিদ্যুতের হেড ব্রাদার্স পোস্ট খুঁজে নেয়। এই গোলই শেষপর্যন্ত কোচ আবু ইউসুফের মুখে হাসি ফোঁটায় এবং আলফাজ, আরমান, মতিউর মুন্নাবিহীন মুক্তিযোদ্ধাকে সেরা দল বলার সাহস জোগায়। আলফাজ ও মুন্না জ্বরাক্রান্ত এবং আরমান ইনজুরিতে থাকায় খেলতে পারেননি। মুক্তিযোদ্ধার এগিয়ে যাওয়ার মিনিট দুয়েক পরেই গোল শোধের চমৎকার সুযোগ পেয়েও ভাগ্য বিড়ম্বার শিকার হয় ব্রাদার্স। লিটনের ক্রসে তপুর হেডটি মুক্তিযোদ্ধার গোলরক্ষক তিতুমীর চৌধুরী ফিস্ট করেছিলেন। বলটা ক্রসবারে লেগে গোললাইন ছুঁয়ে বেরিয়ে এলে বেঁচে যায় মুক্তিযোদ্ধা। অর্থাৎ একটু এদিক সেদিক হলেই আবারো পয়েন্ট হারিয়ে ফিরতে হতো মুক্তিযোদ্ধাকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১৫ঘ.