২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার রহমতগঞ্জকে হারাতে ঘাম ঝরল মোহামেডানের

ঢাকা মোহামেডান ৩ : রহমতগঞ্জ ১ এটা প্রথম লেগের রহমতগঞ্জ নয়, ৮ জন নতুন খেলোয়াড়ের অর্ন্তভূক্তির পর তাদের শক্তি বেড়েছে, বেড়েছে গতিও। গতি ও শক্তিতে সমৃদ্ধ এই রহমতগঞ্জকে তাই আগের মতো বড় ব্যবধানে হারাতে পারেনি মোহামেডান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 03:22 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ---- ঢাকা মোহামেডান ৩ : রহমতগঞ্জ ১ এটা প্রথম লেগের রহমতগঞ্জ নয়, ৮ জন নতুন খেলোয়াড়ের অর্ন্তভূক্তির পর তাদের শক্তি বেড়েছে, বেড়েছে গতিও। গতি ও শক্তিতে সমৃদ্ধ এই রহমতগঞ্জকে তাই আগের মতো বড় ব্যবধানে হারাতে পারেনি মোহামেডান। আগেরবার ৭----১ গোলে জয়ী মোহামেডানকে এবার বেশ খানিকটা ঘাম ঝরাতে হয়েছে রহমতগঞ্জকে ৩----১ গোলে হারাতে। এই জয়ের নায়ক এমেকা, বি. লিগে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন তিনি। আর এই জয় ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট পাওয়া ঢাকা মোহামেডানকে তুলে দিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে আবাহনীর সঙ্গে সহাবস্থানে। আবাহনী অবশ্য ম্যাচ খেলেছে একটি কম। ম্যাচের শুরু থেকেই মোহামেডান দেখেছে এক অচেনা রহমতগঞ্জকে। যারা মাঝমাঠ নিয়ন্ত্রণ করছে এবং মোহামেডানোর গোলমুখে হানা দিয়ে বিপজ্জনক হয়ে উঠছে। এবং ১৫ মিনিটের মাথায় তারা গোল করে বিপদেও ফেলে দিয়েছিল ঐতিহ্যবাহী এই দলটিকে। দারুন সুন্দর এক গোল করেছেন চার্লস ইকোগো। জাহাঙ্গীর পাটোয়ারীর পাঠানো লং বল আয়ত্তে নিয়ে এই নাইজেরিয়ান মোহামেডানের ডি বক্সে ঢুকে পড়েন কিন্তু তার তিন পাশে গায়ে গায়ে লেগে ছিলেন পিটার ওদাফে, আরিফুল ও বিপ্লব। শেষপর্যন্ত এই তিন ডিফেন্ডারকে পরাস্ত করেই চার্লস বল জমা করে দেন মোহামেডানের জালে। এই গোলের পর ৩৫ মিনিটে ব্যবধান আরো বেড়ে যেতে পারতো। রহমতগঞ্জের জাহাঙ্গীর পাটোয়ারীরর লং বল ঠেকাতে গিয়ে মোহামেডানের পিটার ওদাফে যে হেডটি করেছিলেন সেটার পরিণতি আত্মঘাতি গোল হতেই পারত। সেটা পোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে এ যাত্রা রক্ষা পায় মোহামেডান। গোল খেয়ে মরিয়া হয়ে ওঠা মোহামেডানের হাতে ম্যাচের নিয়ন্ত্রন চলে আসে প্রথমার্ধের শেষ দিকে। ৩৭ মিনিটে ডানদিক থেকে এমেকার চমৎকার ক্রসে পল পা ছোঁয়াতে ব্যর্থ হলে ম্যাচে ফেরার একটা সহজ সুযোগ নষ্ট হয়। মিনিট চারেক পরেই রহমতগঞ্জ পোস্টের সামনে থেকে আবারো পলের ভলি ক্রসবার উঁচিয়ে যায়। এই নাইজেরিয়ান ব্যর্থ হলেও এমেকার জন্য এটা ছিল স্মরনীয় এক ম্যাচ। তার কল্যাণেই অনেকটা নিশ্চিন্ত হয়ে প্রথমার্ধ শেষ করতে পেরেছে মোহামেডান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তিনি কামালের ক্রসে হেড করে ম্যাচে ফিরিয়েছেন দলকে। তারপর দ্বিতীয়ার্ধে দু গোল করে বি. লিগের সপ্তম হ্যাটট্রিক করেছেন এমেকা। এর মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন ছিল শেষের গোলটি। তা--- ও ম্যাচের অতিরিক্ত সময়ে, ডানদিক থেকে বদলি খেলোয়াড় রনি ইসলামের ক্রসে এমেকা ব্যাকভলি করে রহমতগঞ্জের জালে বল জড়িয়ে দিয়ে হ্যাটট্রিক পূরণ করেছেন। তার আগে ৫৭ মিনিটে কামালের ক্রস মিঠুর মাথা ঘুরে এমেকার মাথায় গেলে ২---১ গোলে এগিয়ে যায় মোহামেডান। দ্বিতীয় গোলের পর থেকেই রহমতগঞ্জ আবার জেগে উঠলে শংকিত হয়ে পড়ে মোহামেডান। তাদের কয়েকটা আক্রমণ ঠেকাতে গোলরক্ষক হিমেলকে বেশ হিমসিম খেতে হয়েছে। এমেকার তৃতীয় গোলে সেই শংকাও উবে যায় এবং নিশ্চিত হয় মোহামেডানের জয় । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২০ঘ.