খুলনা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ----- আস্তে আস্তে শিরোপা দৌড় থেকে পিছিয়ে পড়ছে শেখ রাসেল ক্রীড়াচক্র। শনিবার খুলনায় অনেক সুযোগ নষ্ট করে তারা হোঁচট খেয়েছে দূর্বল খুলনা আবাহনীর সঙ্গে। তাদের সঙ্গে ১---১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। ২৮ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে থাকলেও ম্যাচ খেলেছে ১৬ টি। তাদের চেয়ে দু ম্যাচ কম খেলে ঢাকা আবাহনী ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে।
শনিবার খুলনা স্টেডিয়ামের বৃষ্টিভেজা মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে শেখ রাসেল। তার ফল, ১৪ মিনিটেই গোল আদায় করে নেয় তারা। টোয়াটি ইউনুসের পাস থেকে বুলবুলের জোরালো শট আশ্রয় নেয় খুলনা আবাহনীর জালে। তারপর শেখ রাসেল ম্যাচে কৃর্তত্ব দেখিয়ে গোলের সুযোগ তৈরি করেছে, ওসব হিসেব করলে অন্ততঃ আরো তিন --- চার গোল পাওয়া উচিত ছিল তাদের।
যেমন গোল করার পরের মিনিটেই মরোক্কোর টোয়াটি ইউনুস ফাঁকা পোস্টে বল ঠেলতে ব্যর্থ হয়েছেন। শেখ রাসেলের ফরোয়ার্ডদের ব্যর্থতার পাশাপাশি খুলনা আবাহনীর গোলরক্ষক ইরান শেখের অসাধারণ নৈপুন্যের কথাও বলতে হবে। ৩০ মিনিটে বুলবুলের তীব্র গতির শট ঠেকানোর পর এই গোলরক্ষক দ্বিতীয়ার্ধের শুরুতেও ইগির মোহাম্মদ ও বুলবুলের শটে ঝাঁপিয়ে পড়ে আবাহনীর গোলবার আগলে গোলের ব্যবধান বাড়তে দেননি। ইরান শেখের নৈপুন্য ও নিজেদের ব্যর্থতায় শেখ রাসেলের পুরো পয়েন্ট পাওয়া হয়ে ওঠেনি।
কারণ এক গোলের ওপর কখনো ভরসা করা যায় না। তাই শেখ রাসেল গোলটি অনেকক্ষণ ধরে রেখেও শেষ রক্ষা করতে পারেনি, ৭৫ মিনিটে গোল শোধ করে দেয় খুলনা আবাহনী। মশিউলের ফ্রিকিকে রেজাউল হাকিম পিপুল হেড করে ম্যাচে সমতা নিয়ে আসেন এবং এই গোলই আবাহনীকে ১ পয়েন্ট উপহার দেয়। অথচ প্রথম লেগে তারা ০----২ গোলে হেরেছে শেখ রাসেলের কাছে।
আর এই হারে কয়েকদিন আগে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা শেখ রাসেলের বি. লিগের শিরোপা স্বপ্ন কঠিন হয়ে উঠেছে। ঠিক আগের ম্যাচটিও তারা ১-----১ গোলে ড্র করেছে ব্রাদার্সের সঙ্গে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৯৪৮ঘ.
bdnews24