ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ----- ঢাকা আবাহনী ২ : চট্টগ্রাম আবাহনী ১
অল্পের জন্য বেঁেচ গেলো ঢাকা আবাহনী। আর মিনিট ছয়েক চট্টগ্রাম আবাহনী গোলমুখটা বন্ধ রাখতে পারলেই ঢাকা আবাহনীকে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয়। তাদের বাঁচিয়ে দিয়েছেন প্রাণতোষ; ৮৭ মিনিটে এই মিডফিল্ডারের গোলেই পুরো ৩ পয়েন্ট নিশ্চিত করে ঢাকা আবাহনী এখন এককভাবে বি লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। বৃহস্পতিবার চট্টগ্রাম আবাহনীকে ২----১ গোলে হারানোর পর ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ২৯ পয়েন্ট, তাদের চেয়ে একটি করে বেশী খেলে মুক্তিযোদ্ধা ও শেখ রাসেল ২৭ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে আছে যুগ্মভাবে। আর তৃতীয় স্থানে আছে ঢাকা মোহামেডান ১৪ খেলায় ২৬ পয়েন্ট নিয়ে।
দুই আবাহনীর লড়াইয়ে প্রথমার্ধে তুলনামূলক ভাল খেলেছে চট্টগ্রাম আবাহনী। একেবারে শুরুতেই এগিয়ে যেতে পারত তারা। চট্টগ্রাম আবাহনীর নেপালী স্ট্রাইকার সন্তোষের শট বিপ্লবের হাত ফসকে গোলের দিকে যেতে শুরু করলে নজরুল গোললাইন থেকে বল ফিরিয়ে দিয়েছেন। শেষপর্যন্ত সেই গোলই চট্টগ্রাম আবাহনী পেয়েছে ৪৪ মিনিটে। বাঁদিক থেকে নেপালী স্ট্রাইকার সন্তোষের ক্রসের ওপর স্যামুয়েলের ডামি খোকন দাসকে গোলের সহজ সুযোগ তৈরি করে দেয়। খোকন সুযোগটা নষ্ট করেননি।
এই গোল খেয়েই ঢাকা আবাহনী জেগে ওঠে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রন তাদের পায়ে চলে গেলেও বৃষ্টিভেজা মাঠ স্বাভাবিক খেলায় বাধা হয়ে দাঁড়ায়। ভুল পাসের ছড়াছড়িতে আক্রমণগুলিও ঠিক পূর্ণতা পাচ্ছিল না। অবশেষে ৫৮ মিনিটে একটা আক্রমণের সুন্দর সমাপ্তি ঘটে। চট্টগ্রাম আবাহনীর ডি বক্সের বাইরে থেকে ওবি মিকেলের কোনাকুনি শটে এমিলির ডাইভিং হেড গোলপোস্ট খুঁজে পেলে ম্যাচে ফিরে ঢাকা আবাহনী। গত ম্যাচে হ্যাটট্রিক করে নিজেকে ফিরে পাওয়া এই স্ট্রাইকারের গোল সংখ্যা বেড়ে হয়েছে ৭।
তারপর জয়সূচক গোলের জন্য হন্যে হয়ে তারা সারা মাঠ চষে খেলেও গোলের দেখা আর পাচ্ছিল না। তাতে পয়েন্ট হারানোর শংকা বেড়ে বেড়ে যখন তাদের হতাশায় ডুবিয়ে দিচ্ছে তখনই প্রত্যাশিত গোল। গোলদাতা এবং সেই সূত্রে ত্রাতা প্রাণতোষ। নির্ধারিত সময়ের মিনিট তিনেক আগে এই মিডফিল্ডার ডানদিক থেকে আবুলের সঙ্গে ওয়াল পাস খেলে চট্টগ্রাম আবাহনীর ডিফেন্স ভেদ করে গোলের আনুষ্ঠানিকতা সারেন কোনাকুনি শটে। বুকে চেপে থাকা পাথর নেমে গেলো - এমন ভঙ্গিতেই উৎসব শুরু হয় আবাহনী গ্যালারিতে।
ঠিক আগের ম্যাচে রহমতগঞ্জকে ৭---০ গোলে হারিয়ে ঢাকা আবাহনী গোলের ধারায় ফিরে আসার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু পরের ম্যাচেই আবার দুর্বল প্রতিপক্ষের সঙ্গে জিততে হলো এমন ঘাম ঝড়িয়ে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৫৫ঘ.
bdnews24