২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালকে শিরোপা জিতিয়েও ক্যাপেলো বরখাস্ত!

মাত্র ১১ দিন আগে তার অধীনে চার বছরের হাহাকার ঘুচেছে রিয়াল মাদ্রিদের, চার মৌসুম পর তারা জিতে নিয়েছে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র শিরোপা। অথচ সেই ফ্যাবিও ক্যাপেলোই কি না বরখাস্ত! ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচের চুক্তির মেয়াদ আরো দু বছর থাকলেও বৃহস্পতিবার তা নবায়ন না করারই সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। ক্যাপেলোর এমন বিদায় বিস্ময়কর, কিন্তু অভিজ্ঞতা হিসেবে নতুন নয়। এর আগেও একবার লিগ শিরোপা জেতানোর পরই তাকে বরখাস্ত করেছিল রিয়াল মাদ্রিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 02:40 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

মাদ্রিদ, ২৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মাত্র ১১ দিন আগে তার অধীনে চার বছরের হাহাকার ঘুচেছে রিয়াল মাদ্রিদের, চার মৌসুম পর তারা জিতে নিয়েছে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র শিরোপা। অথচ সেই ফ্যাবিও ক্যাপেলোই কি না বরখাস্ত! ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচের চুক্তির মেয়াদ আরো দু বছর থাকলেও বৃহস্পতিবার তা নবায়ন না করারই সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। ক্যাপেলোর এমন বিদায় বিস্ময়কর, কিন্তু অভিজ্ঞতা হিসেবে নতুন নয়। এর আগেও একবার লিগ শিরোপা জেতানোর পরই তাকে বরখাস্ত করেছিল রিয়াল মাদ্রিদ। ১৯৯৬-৯৭ মৌসুমেও ক্যাপেলোর অধীনে স্প্যানিশ লিগের শিরোপা জিতেছিল রিয়াল। সেটা এমন কিছু উল্লেখ করার মতো বিষয় নয়। কারণ তখন তো প্রায়ই লিগে চ্যাম্পিয়ন হতো ফিফার বিবেচনায় গত শতাব্দীর সেরা ক্লাবটি। কিন্তু এবারের শিরোপা প্রায় রূপকথার সঙ্গেই তুলনীয়। মৌসুমের শুরু থেকে শিরোপা - লড়াইয়ে পিছিয়ে পড়া রিয়ালের চেয়ে এক সময় ৬ পয়েন্টে এগিয়ে গিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। কিন্তু সেই ঘাটতি পূরণ করে, শেষ রাউন্ডে নাটকীয়ভাবে শিরোপা এনে দিয়েও রিয়াল কর্মকর্তাদের মন জয় করতে পারলেন না ক্যাপেলো। এক বিবৃতিতে রিয়ালের স্পোর্টিং ডিরেক্টর প্রেদ্রাগ মিয়াইতোভিচ জানিয়েছেন,"আগামী মৌসুমে ফ্যাবিও ক্যাপেলোকে না রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। ভবিষ্যতে আমরা যা অর্জন করতে চাই তার ভিত্তিতে আমাদের মনে হয়েছে রিয়াল মাদ্রিদকে নেতৃত্ব দেয়ার জন্য ফ্যাবিও ক্যাপেলো সঠিক ব্যক্তি নন।" চার বছর পর শিরোপা এনে দিলেও ক্যাপেলোর পারফরম্যান্স নাকি মন ভরাতে পারেনি রিয়াল কর্মকর্তাদের,"কোচ হিসাবে তার সব কিছুর মূল্যায়ন করেছি আমরা। তাকে বিশাল চাপ নিয়ে কাজ করতে হয়েছে এবং সেটা করেই শিরোপা জয়ের মতো গুরুত্বপূর্ণ এক অর্জন দলকে উপহার দিয়েছেন তিনি। কিন্তু এই মৌসুমে ফ্যাবিও ক্যাপেলো আমাদের যা দিয়েছেন তার চেয়ে বেশি কিছু পাওয়ার আশা করেছিলাম আমরা।" চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ কিংস কাপের দ্বিতীয় রাউন্ড থেকে রিয়ালের অকাল বিদায়ের ইঙ্গিতই পাওয়া গেছে মিয়াইতোভিচের এই কথায়। ক্যাপেলোর উত্তরসূরী হিসাবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে গেটাফের কোচ বার্নড শুস্টারের নাম। মিয়াইতোভিচ অবশ্য এই প্রসঙ্গে পরিষ্কার করে কিছু বলেননি। শুধু জানিয়েছেন যিনিই রিয়ালের কোচ হোন না কেন, সবার আগে তাকে বর্তমান দলের চুক্তি থেকে মুক্ত হতে হবে। অথচ ইওরোপীয় ক্লাব ফুটবলে ক্যাপেলোর ঈর্ষণীয় সাফল্য। এসি মিলানকে চার, রিয়াল মাদ্রিদকে দুই ও রোমাকে এক বার লিগ শিরোপা এনে দিয়েছেন তিনি। জুভেন্টাসকেও দু বার সিরি 'এ'র শিরোপা উপহার দিয়েছেন, কিন্তু ম্যাচ পাতানোয় জড়িত থাকায় কেড়ে নেয়া হয়েছে সেই দুটো শিরোপা। '৯৪তে তার অধীনেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল এসি মিলান। কাকতালীয় ব্যাপার হল, '৯৬-'৯৭ মৌসুমে রিয়ালকে স্প্যানিশ লিগের শিরোপা জেতানোর পর পরই বরখাস্ত হতে হয়েছিল ক্যাপেলোকে! মিল পাওয়া যাচ্ছে আরেকটা ব্যাপারেও। ২০০২-০৩ মৌসুমে রিয়ালকে 'প্রিমেরা লিগা' তেই চ্যাম্পিয়ন করানোর কয়েক দিন পর চাকরি হারিয়েছিলেন ভিসেন্তে দেল বস্ক। ক্যাপেলোর ঠিক একই অভিজ্ঞতা হল এবার। দেল বস্ক বরখাস্ত হওয়ার পর চার মৌসুম কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল। ক্যাপেলোর এই ঘটনার পর আবার কি তাদের প্রতীক্ষার প্রহর শুরু হতে যাচ্ছে? বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৩৫ঘ.