ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ---- আন্তর্জাতিক প্রতিযোগিতায় গিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা বাংলাদেশের অ্যাথলেটদের জন্য পুরনো ঘটনা। এবারের ঘটনা একটু অন্যরকম, উচ্চতর ট্রেনিং করতে গিয়ে ইতালিতে নিখোঁজ হয়ে গেছেন মাহফুজুর রহমান মিঠু। গত কলম্বো সাফ গেমসে সোনা জয়ী এই হার্ডলারকে নিয়ে যখন সবাই বড় কিছু আশা করছিলেন তখনই তিনি দেশান্তরী।
গত মার্চে দুই কৃতী অ্যাথলেট মিঠু ও সুমিতা রানীকে পাঠানো হয়েছিল মালয়েশিয়ায় হাই পারফরম্যান্স ট্রেনিং সেন্টারে। ওখানে দীর্ঘমেয়াদে ট্রেনিং করলে তাদের পারফরম্যান্স আরো ভাল হবে, এই ছিল আশা। ট্রেনিংয়ের অংশ হিসেবেই এ মাসের ২ তারিখ তাদের নিয়ে যাওয়া হয়েছিল ইতালিতে; সেখানে স্থানীয় এক প্রতিযোগিতায় অংশগ্রহন করার পর তাদের ফ্রান্সে যাওয়ার কথা। কিন্তু ইতালিতেই নিখোঁজ হয়ে যান মাহফুজুর রহমান মিঠু। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালী উল্লাহ জানিয়েছেন, "এটা সত্য, মিঠু নিখোঁজ। আমি সুমিতার সঙ্গেও কথা বলেছি, গত ১৯ জুন থেকে সে ক্যাম্পে নেই।" তাহলে কী পলাতক ? "মালয়েশিয়া থেকে আনুষ্ঠানিকভাবে না জানালে তো আমরা বলতে পারি না পলাতক"---- বলেছেন বিওএ'র প্রধান নির্বাহী।
কুয়ালালামপুরের এই ট্রেনিং সেন্টারে শুধু বাংলাদেশীরাই নয়, অন্যান্য দেশের অ্যাথলেটও ছিল। সব মিলিয়ে ৯ জনের ইতালি ও ফ্রান্সের স্থানীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা। কিন্তু ইতালিতে গিয়ে নিখোঁজ হয়ে যায় পাকিস্তান, শ্রীলংকা, ইয়েমেন ও বাংলাদেশের একজন করে। তাই বাকি ৫জনই ফ্রান্সে গিয়েছিলেন।
নিখোঁজ হয়ে যাওয়া বিমান বাহিনীর অ্যথলেট মাহফুজুর রহমানের ব্যাপারে বিওএ প্রধান নির্বাহী কথা বলবেন মালয়েশিয়ার হাই পারফরম্যান্স ট্রেনিং সেন্টারের পরিচালক নূর মোহাম্মদ মুসার সঙ্গে। বিওএ'র প্রধান নির্বাহী ওয়ালী আফসোসের সুরে বলেছেন, "মিঠুর খুব ভাল সম্ভাবনা ছিল বলেই তাকে পাঠিয়েছিলাম। সে কেন এ কাজ করলো আমি বুঝতে পারছি না। তার চাকরি ও খেলাধুলা মিলিয়ে প্রায় ৫০ হাজার টাকার মতো আয় হতো তার। তারপরও কি ভেবে যে সে এই পথে গেল!"
পালিয়ে যাওয়াটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বহু পুরনো এক রোগের নাম। অ্যাথলেট সাঈদুর রহমান ডন, বিমল তরফদার, সাঁতারু কারার মিজান, শাহান উদ্দিন চৌধুরী, শাহজালাল মোবিনের পথ ধরে গত ২০০২ সালে ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে পালিয়ে গিয়েছিলেন মারুফ রেজা ও হুমায়ুন কবীররা। এই তালিকার সর্বশেষ সদস্য সাফের সোনাজয়ী হার্ডলার মিঠু !
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫৫ঘ.
bdnews24