২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেল কোনোমতে পার পেলো, সেটাও পারেনি মুক্তিযোদ্ধা

ফরাশগঞ্জের মতো দূর্বল প্রতিপক্ষের সঙ্গে প্রথম লেগে গোলশূন্য ড্র করলেও এবার কোনোমতে পার হয়ে গেছে শেখ রাসেল। ১----০ গোলের এই জয় পেতে অনেক ঘাম ঝরেছে তাদের। মুক্তিযোদ্ধা সেটাও পারেনি। চট্টগ্রামে গিয়ে পয়েন্ট হারিয়ে বসেছে শিরোপার অন্যতম দাবিদার এই দলটি। শুক্রবার তারা ১----১ গোলে ড্র করেছে স্বাগতিক আবাহনীর সঙ্গে। তাতে অবশ্য পয়েন্ট তালিকায় তাদের অবস্থানের হেরফের হয়নি। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে শীর্ষে আছে ঢাকা মোহামেডান ও শেখ রাসেলের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 03:20 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ফরাশগঞ্জের মতো দূর্বল প্রতিপক্ষের সঙ্গে প্রথম লেগে গোলশূন্য ড্র করলেও এবার কোনোমতে পার হয়ে গেছে শেখ রাসেল। ১----০ গোলের এই জয় পেতে অনেক ঘাম ঝরেছে তাদের। মুক্তিযোদ্ধা সেটাও পারেনি। চট্টগ্রামে গিয়ে পয়েন্ট হারিয়ে বসেছে শিরোপার অন্যতম দাবিদার এই দলটি। শুক্রবার তারা ১----১ গোলে ড্র করেছে স্বাগতিক আবাহনীর সঙ্গে। তাতে অবশ্য পয়েন্ট তালিকায় তাদের অবস্থানের হেরফের হয়নি। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে শীর্ষে আছে ঢাকা মোহামেডান ও শেখ রাসেলের সঙ্গে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই শেখ রাসেল ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিলেও গোলের দেখা পাচ্ছিল না। প্রথমার্ধে বুলবুল ও তানভীর নষ্ট করেন দুটো সহজ সুযোগ। ২৫ মিনিটে ফরাশগঞ্জের ডি বক্সের ভেতর বুলবুল একেবারে ফাঁকায় বল পেয়েও পোস্টের বাইরে শট নেন। মিনিট তিনেক পরে তানভীরও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান। ৬৪ মিনিটে ফ্রি কিকটি পেস্টে রাখতে পেরেছিলেন মরোক্কোর সাদ। কিন্তু ফরাশগঞ্জের গোলরক্ষক মামুন তা নৈপুন্যের সঙ্গে ঠেকিয়ে দিলে হতাশা বেড়ে যায় শেখ রাসেলের। সেই হাতাশা তীব্রতর হওয়ার আগেই নুরুদ্দীন জাইম গোল করে স্বস্তি নিয়ে আসেন শেখ রাসেল শিবিরে। ৬৬ মিনিটে ডান প্রান্ত থেকে ইগির মোহাম্মদের ক্রসে এই মরোক্কান তীব্র শটে পরাস্ত করেন ফরাশগঞ্জ গোলরক্ষককে। শেষ পর্যন্ত এই গোল ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল ক্রীড়া চক্র। অন্যদিকে ফরাশগঞ্জের স্বপ্ন দেখার মতো ঘটনা ঘটেছে একবার; ৪০ মিনিটে কবিরের দুরপাল্লার শটটি ঠেকিয়ে দেন শেখ রাসেলের গোলরক্ষক জিয়া। এই হারে ১৪ ম্যাচে ফরাশগঞ্জের সংগ্রহ ১৭ পয়েন্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে মুক্তিযোদ্ধা ৪----০ গোলে হারিয়েছিল চট্টগ্রাম আবাহনীকে। অথচ চট্টগ্রামে গিয়ে সেই দলটিরই জাল খুঁজে পায়নি তারা। ঢাকার সেই মুক্তিযোদ্ধাকে শুক্রবার একেবারেই দেখা যায়নি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে। দেখা যাবেই বা কী করে! ঢাকার বাইরে গেলেই যে তারা ছন্দহীন হয়ে পড়ে। এর আগে ঢাকার বাইরে দুটো ম্যাচের একটিতে চট্টগ্রাম মোহামেডানের কাছে হেরেছিল তারা, জিততে পারেনি খুলনা আবাহনীর সঙ্গেও। এবারও সেই ধারা বজায় রেখেছে তারকা সমৃদ্ধ মুক্তিযোদ্ধা। প্রথমার্ধে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি, বিচ্ছিন্ন কিছু আক্রমন করেছিল, কিন্তু তা চট্টগ্রাম আবাহনীর ডিফেন্স ভাঙ্গার মতো জোরালো কিছু ছিল না। ভেঙ্গেছে ৪৯ মিনিটে; কাঞ্চন গোল করে এগিয়ে নেন মুক্তিযোদ্ধাকে। বাবা মারা যাওয়ায় মুক্তিযোদ্ধার অধিনায়ক সাইফুর রহমান মনিকে সকালে ঢাকায় ফিরে আসতে হয়েছিল বলেই শুরু থেকেই খেলার সুযোগ পান কাঞ্চন। এবং গোল করে সুযোগ কাজে লাগান এই স্ট্রাইকার। এই গোল ধরে রেখে ম্যাচ প্রায় শেষই করে ফেলেছিল মুক্তিযোদ্ধা। কিন্তু বিধি বাম, ৮৮ মিনিটে চট্টগ্রাম আবাহনীর লাইবেরিয়ান স্ট্রাইকার আব্রাহাম গোল করে ম্যাচে সমতা নিয়ে এলে মুক্তিযোদ্ধাকে পয়েন্ট হারিয়েই ফিরতে হয় চট্টগ্রাম থেকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২০ঘ.