২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপাধন্য বিদায় পেলেন বেকহাম-কার্লোস

বিদায়ী ম্যাচেই শিরোপা! এর চেয়ে চমৎকার শেষ আর কি হতে পারে। সমর্থকদের উচ্ছ্বাস ছাপিয়ে তাই ডেভিড বেকহাম আর রবার্তো কার্লোসের বাড়তি আবেগের জোয়ারে ভেসে যাওয়ায় দোষ নেই কোনো। গিয়েছেনও দুজনেই। রোববার রাতে ৩০তম প্রিমেরা লিগ শিরোপা ঘরে তুলেছে রিয়াল। চার বছর পর শিরোপা ফিরেছে বার্নাব্যুতে। আনন্দে ভাসারই কথা বেকহামের, কার্লোসের। বেকহামের একটু বেশিই, কারণ এর আগে স্প্যানিশ শিরোপা জেতা হয়নি তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 09:30 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

মাদ্রিদ, ১৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিদায়ী ম্যাচেই শিরোপা! এর চেয়ে চমৎকার শেষ আর কি হতে পারে। সমর্থকদের উচ্ছ্বাস ছাপিয়ে তাই ডেভিড বেকহাম আর রবার্তো কার্লোসের বাড়তি আবেগের জোয়ারে ভেসে যাওয়ায় দোষ নেই কোনো। গিয়েছেনও দুজনেই। রোববার রাতে ৩০তম প্রিমেরা লিগ শিরোপা ঘরে তুলেছে রিয়াল। চার বছর পর শিরোপা ফিরেছে বার্নাব্যুতে। আনন্দে ভাসারই কথা বেকহামের, কার্লোসের। বেকহামের একটু বেশিই, কারণ এর আগে স্প্যানিশ শিরোপা জেতা হয়নি তার। রোনালদো, জিনেদিন জিদান, লুই ফিগোদের দিয়ে শুরু গ্যালেকটিকো অধ্যায়ে কার্লোস ছিলেন শুরু থেকেই। রিয়ালের মুকুটে জ্বলজ্বলে মানিক হয়েই। বেকহামের অন্তর্ভুক্তি আরো পরে। তবে মহা তারকা তিনি তখন। কার্লোসের ১১ বছরের রিয়াল জার্সিতে অর্জন অনেক। পাঁচশ'র বেশি ম্যাচ খেলেছেন। চারবার লিগ শিরোপা আর তিনবার ইউরোপ সেরা হওয়ার স্বাদ পেয়েছেন। অন্যদিকে বেকহাম ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সই করার পর স্প্যানিশ সুপার কাপ জিতেছেন শুধু। লস এঞ্জেলেস গ্যালাক্সিতে একেবারে খালি হাতে যাওয়া হচ্ছে না আর ইংল্যান্ডের সাবেক অধিনায়কের। শেষটা ভালো নিয়েই ফেনারবাখে যাচ্ছেন কার্লোসও। ইংল্যান্ডের পতাকা গায়ে জড়িয়ে তিন ছেলেকে পাশে নিয়ে বার্নাব্যুতে ম্যাচ শেষে ল্যাপ অব অনার দিয়েছেন বেকহাম। প্রতিক্রিয়ায় বলেছেন, "আমি ভীষণ খুশী। অসাধারণ লাগছে, বিশেষ করে আমার পরিবার এখানে উপস্থিত আছে বলে।" রোমিও, ব্র"কলিন এবং ক্রুজ ২৩ নম্বর জার্সি ও পেছনে 'ড্যাডি' লিখে বাবার সঙ্গে মাঠ জুড়ে দৌঁড়েছে। বেকহাম মাঠে চুমু খেয়ে বিদায়ী অভিনন্দন দিয়েছেন রিয়াল সমর্থকদের। প্রাণঢালা প্রতিদানও মিলেছে সে তরফে। কোচ ফ্যাবিও ক্যাপেলোর সঙ্গে মন কষাকষি, নিয়মিত একাদশে ব্রাত্য হয়ে পড়ার দুঃখ তাই অনায়াসে ভুলে বলেছেন, "রিয়াল ছিল আমার জন্য অনন্যসাধারণ এক অভিজ্ঞতা। কিন্তু এখন আমি শুধু আমার দুর্দান্ত ও ভালো অর্জনগুলোর কথাই মনে রাখব, কারণ আজ রাতের এই জয় বাকি সব কিছুকেই ঢেকে দিয়েছে।" ক্যাপেলোর প্রথমবারের দায়িত্বকালেই শিরোপা জিতেছেন কার্লোস। যাবার আগেও ক্যাপেলোকেই কোচ পেয়েছেন। যদিও সম্পর্কটা সুরেলা থাকেনি শেষমেষ। বিদায় বেলায় উচ্ছ্বাসের পাশাপাশি খানিকটা বিষাদও ছুঁয়েছে ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের গলায়, "এমন মুহূর্ত তাড়িয়ে উপভোগ করা উচিত, কিন্তু জানি পরিবারের সঙ্গে কথা বলার সময় আমি ঠিকই কাঁদব।" বিদায়ী শুভেচ্ছায় ক্লাবকে কার্লোসের আশিস, "আশা করব বার্নাব্যু সবসময় এমনই থাকবে, ক্লাবের জন্য এটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ এক শিরোপা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ওআরপি/১৫৩০ঘ.