২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচের নাটক, স্প্যানিশ লিগ জিতলো রিয়াল মাদ্রিদ

ধুকপুক উত্তেজনা। ভরপুর নাটকীয়তা। হঠাৎই ভাগ্যের পেন্ডুলাম আর দিকে ঝুঁকে পড়া। রোববার রাতে স্প্যানিশ প্রিমেরা লিগার এই ছিল সারবেত্তা। মাত্র ৩০ মিনিটের চমকে যার শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। ওই আধঘণ্টার জাদুতেই ন্যু ক্যাম্পে বিশাল জয় নিয়েও কেঁদে ফিরেছে বার্সেলোনা সমর্থকরা। রিয়াল মায়োরকাকে ৩-১ গোলে হারিয়ে ৩০তম বারের মতো প্রিমেরা লিগার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা তলানির দল জিমনাস্টিক তারাগোনাকে ৫-১ গোলে হারিয়েও দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থেকেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 09:04 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

মাদ্রিদ, ১৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ধুকপুক উত্তেজনা। ভরপুর নাটকীয়তা। হঠাৎই ভাগ্যের পেন্ডুলাম আর দিকে ঝুঁকে পড়া। রোববার রাতে স্প্যানিশ প্রিমেরা লিগার এই ছিল সারবেত্তা। মাত্র ৩০ মিনিটের চমকে যার শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। ওই আধঘণ্টার জাদুতেই ন্যু ক্যাম্পে বিশাল জয় নিয়েও কেঁদে ফিরেছে বার্সেলোনা সমর্থকরা। রিয়াল মায়োরকাকে ৩-১ গোলে হারিয়ে ৩০তম বারের মতো প্রিমেরা লিগার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা তলানির দল জিমনাস্টিক তারাগোনাকে ৫-১ গোলে হারিয়েও দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থেকেছে। ৭৬ পয়েন্ট নিয়ে শেষ করেছে দু'দলই। রিয়াল চ্যাম্পিয়ন, কারণ বার্সেলোনার বিপক্ষে মুখোমুখিতে তাদের শ্রেষ্ঠত্ব। গত অক্টোবরে নিজেদের মাটিতে ২-০ গোলে জিতেছে রিয়াল, অ্যাওয়ে ম্যাচ ড্র করেছে ৩-৩ গোলে। কিন্তু জাদুময় আধঘণ্টার আগে একদমই বিপরীত দৃশ্য দু'দলের দু'স্টেডিয়ামে। ন্যু ক্যাম্প উল্লাসে মুখর, আর বার্নাব্যুতে শশ্মানের নিরবতা। ম্যাচের ১৭ মিনিটেই ফার্নান্দো ভ্যারেলার গোলে এগিয়ে মায়োরকা। সে গোল শোধ হয় না। ৩০ মিনিটে রুদ ফন নিস্টলরয়ের ইনজুরি কাটা ঘাঁয়ে নুনের ছিটেই দেয় শুধু। ওদিকে কার্লোস পুয়োল, লাওনেল মেসি, রোনালদিনহোর তিন গোলে এগিয়ে বার্সেলোনা। শাপে বর হয়ে আসে আরেকটি ইনজুরি। এবার ডেভিড বেকহাম। দারুণ কিছু ফ্রি কিক নিয়েছেন স্পেনে শেষ ম্যাচ খেলা এই গ্যালাকটিকো, সবচেয়ে কাছাকাছিটা বাড়ি খেয়েছে পোস্টে। তার বদলি নেমে প্রথম শটেই গোল করে বসলেন হোসে আন্তনিও রেয়েস, অধিনায়ক রাউলের ক্রসে দুর্দান্ত সুইপ। আর্সেনাল থেকে ধারে আসা এই স্প্যানিয়ার্ড জয়সূচক গোলটিও করেছেন। তবে রিয়াল সমর্থকরা প্রাণ ফিরে পেয়েছে মোহাম্মদ দিয়ারার গোলে। ম্যাচের মিনিট দশেক তখনও বাকি। মালি জাতীয় দলের দায়িত্ব পালন করে ফেরা এই স্ট্রাইকারের নিচু হেডটি মায়োরকা ডিফেন্ডার অ্যাঞ্জেলোস বাসিনাসের শরীরে লেগে গোল লাইন পার হয়। ফেটে পড়ে বার্নাব্যু। মিনিট সাতেক আগে রেয়েসের শিরোপা নিশ্চিত করা গোল। মেসি এবং জামবোত্তার গোলেও হাসি ফোটে না আর বার্সা সমর্থকদের মুখে। ন্যু ক্যাম্পে তখন শশ্মানের স্তব্ধতা। আর চারবছর পর ফের আনন্দে উত্তাল মাদ্রিদের সিবেলেস ফোয়ারার চারপাশ। শিরোপা ফিরেছে রিয়ালের ঘরে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৪৪৫ঘ.