মাদ্রিদ, ১৬ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- লিগের কি কখনো ফাইনাল হয়? লিগ মানেই তো প্রত্যেক দলের একে অন্যের সঙ্গে মুখোমুখি লড়াই। কিন্তু এবারের স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র শেষ রাউন্ডকে ঘিরে রীতিমতো ফাইনালের এক আবহ! মজার ব্যাপার, এই 'ফাইনালে' দুই শিরোপা প্রত্যাশী, চিরপ্রতিদ্বন্দ্বী এবং পয়েন্ট টেবিলে যৌথভাবে শীর্ষে থাকা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ কিন্তু মুখোমুখি হচ্ছে না। রোববার শেষ ম্যাচে নিজের মাঠে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল মায়োরকা। অন্যদিকে প্রতিপক্ষের মাঠে বার্সেলোনাকে খেলতে হবে ইতিমধ্যে রেলিগেশনের খাঁড়ায় কাটা পড়া জিমন্যাস্টিকের বিপক্ষে। ক' দিন আগে টানা দু বারের মতো উয়েফা কাপ জিতে নেয়া সেভিয়ারও শিরোপা জয়ের সম্ভাবনা আছে। রিয়াল ও বার্সা দু দলই রোববার হেরে গেলে এবং নিজেদের মাঠে ভিলারিয়ালকে হারাতে পারলে সেভিয়ার ভাগ্যেই শিকে ছিড়বে। কারণ রিয়াল --- বার্সার চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে আছে তারা। গত এক দশকে স্প্যানিশ লিগ তো বটেই, ইওরোপের আর কোনো ফুটবল লিগ বোধহয় শেষ রাউন্ডে এসে এতটা নাটকীয়তা, এতটা উত্তেজনার জন্ম দিতে পারেনি!
অবশ্য আগের রাউন্ডেও কম নাটকীয়তার জন্ম দেয়নি 'লা লিগা'। গত শনিবার বার্সেলোনা --- এসপানিওল এবং রিয়াল মাদ্রিদ --- রিয়াল জারাগোজার ম্যাচ দুটোতে যে দম বন্ধ করা উত্তেজনা আর নাটকীয়তার জন্ম হয়েছে তা এক কথায় অনবদ্য। এসপানিওলের বিপক্ষে পিছিয়ে পড়ে লিওনেল মেসির হাত দিয়ে করা বিতর্কিত গোলে বার্সেলোনার ম্যাচে ফিরে আসা, মেসির দারুন এক গোলে যাওয়া, শেষ মুহূর্তে রাউল তামুদোর সেই গোল শোধ করে দেয়া, অন্য ম্যাচে শেষ বাঁশির কিছুক্ষণ আগে লিগের সর্বোচ্চ গোলদাতা রুড ফন নিস্টলরয়ের কৃতিত্বে রিয়ালের ড্র করা ----- সেই রাতে এমন অজস্র স্মরণীয় ঘটনার জন্ম হয়েছিল। ঐ ড্রয়ের জন্যই চার মৌসুম পর শিরোপা পুনরুদ্ধারের কাছাকাছি পৌঁছে গেছে ফিফার দৃষ্টিতে গত শতাব্দীর সেরা ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। লিগ শেষে বার্সেলোনার সমান পয়েন্ট থাকলেও ৩০তম শিরোপা ঘরে তুলবে তারাই। কারণ বার্সার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার (প্রথমটা জয় ও পরেরটা ড্র) সুবিধা।
স্প্যানিশ লিগের এই নিয়মের জন্যই সেদিন জারাগোজার বিপক্ষে শেষ বাঁশি বাজার সঙ্গে (ততক্ষণে বার্সেলোনার ড্র করার সুখবর পৌঁছে গিয়েছিল) উৎসবে মেতে উঠেছিলেন রিয়ালের ফুটবলাররা। স্বয়ং রিয়ালের প্রেসিডেন্ট রেমন ক্যালদেরনও যোগ দেন সেই উৎসবে। তবে শেষ ম্যাচে এসে যেন স্বপ্নভঙ্গের বেদনায় না পুড়তে হয় সে ব্যাপারে তাদের কোচ ফ্যাবিও ক্যাপেলো ভীষণ সতর্ক,"আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ শেষ ম্যাচ সব সময়ই খুব বিপজ্জনক হয়। আমাদের আগেই উৎসবের কথা ভাবাটা ঠিক হবে না। মায়োরকার সঙ্গে ম্যাচটা সহজ হবে না আমাদের জন্য।"
রোববারের ম্যাচটায় শুধু উৎসবের আবহই নয়, বিদায়ের সুরও বেজে উঠবে সান্টিয়াগো বার্নাব্যুতে। রিয়ালের জার্সি গায়ে এটাই ডেভিড বেকহাম ও রবার্তো কার্লোসের শেষ ম্যাচ। প্রায় এক দশক রিয়ালে কাটিয়ে কার্লোস স্প্যানিশ ও চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জিতেছেন। কিন্তু চার বছরের মাদ্রিদ জীবনে একটি শিরোপারও মধুর স্বাদ পাননি বেকহাম। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের অবশ্য এই ম্যাচে খেলার ব্যাপারে খানিকটা সংশয় ছিল। জারাগোজার বিপক্ষে গোড়ালিতে চোট পাওয়ার জন্য কয়েক দিন প্র্যাকটিসও করতে পারেননি। তবে ক্যাপেলো জানিয়েছেন চোট কাটিয়ে বেকহাম এখন সম্পূর্ণ ফিট,"আজ (শনিবার) প্র্যাকটিসের পর আমি তার সঙ্গে কথা বলেছি। সে বলেছে যে এখন সম্পূর্ণ সুস্থ বোধ করছে এবং এই ম্যাচে খেলতেও কোনো সমস্যা নেই।"
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/এমএম/২২০০ঘ.
bdnews24