২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের প্রতিশোধের মিশনেও উদ্দীপ্ত আবাহনী

একদিকে প্রাচুর্য, অন্যদিকে আর্থিক অনটন। আবাহনীর খেলোয়াড়দের যখন পাওনা নিয়ে হতাশা নেই মোহামেডান শিবিরে তখন বিক্ষোভের আগুন। চুক্তি অনুযায়ী প্রাপ্য টাকা না পাওয়ার বিক্ষোভ। কিন্তু মাঠের খেলায় ব্যাপারটা উল্টো ----- প্রাচুর্যের প্রকাশ নেই ঠিকই কিন্তু শৌর্য্য দিয়ে গরীব ঘরের ছেলের পায়ে যেন ফুটছে ফুটবলের ফুল। এই হচ্ছে পেশাদার লিগের প্রথম লেগে ঢাকার দুই পরাশক্তি আবাহনী --- মোহামেডানের চিত্র। অবশ্য খানিকটা পরিবর্তন সূচিত হয়েছে দ্বিতীয় লেগের আবাহনীর মধ্যে। শনিবার মোহামেডানের বিপক্ষে বড় পরীক্ষার পরই স্পষ্ট হয়ে যাবে আবাহনীর রূপান্তরটা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2007, 02:14 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, ১৫ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম)----- একদিকে প্রাচুর্য, অন্যদিকে আর্থিক অনটন। আবাহনীর খেলোয়াড়দের যখন পাওনা নিয়ে হতাশা নেই মোহামেডান শিবিরে তখন বিক্ষোভের আগুন। চুক্তি অনুযায়ী প্রাপ্য টাকা না পাওয়ার বিক্ষোভ। কিন্তু মাঠের খেলায় ব্যাপারটা উল্টো ----- প্রাচুর্যের প্রকাশ নেই ঠিকই কিন্তু শৌর্য্য দিয়ে গরীব ঘরের ছেলের পায়ে যেন ফুটছে ফুটবলের ফুল। এই হচ্ছে পেশাদার লিগের প্রথম লেগে ঢাকার দুই পরাশক্তি আবাহনী --- মোহামেডানের চিত্র। অবশ্য খানিকটা পরিবর্তন সূচিত হয়েছে দ্বিতীয় লেগের আবাহনীর মধ্যে। শনিবার মোহামেডানের বিপক্ষে বড় পরীক্ষার পরই স্পষ্ট হয়ে যাবে আবাহনীর রূপান্তরটা। হয়তো কেউ প্রতিবাদও করে উঠতে পারেন, আবাহনীর কাছেই মোহামেডান প্রথম লেগে হেরেছে বলে। হ্যাঁ, গোলের খেলায় জিতেছে আবাহনী তবে মাঠের খেলায় অনেকটা এগিয়েই ছিল মোহামেডান। দলের কোচ শফিকুল ইসলাম মানিক এবার ভাল খেলার বাইরে গিয়ে জয়কেই বেশি প্রাধান্য দিচ্ছেন, "ভাল -- খারাপ খেলা বুঝি না, এবার জিততেই হবে আমাদের।" ওদিকে আবাহনীর কোচ অমলেশ সেনের গলায় আত্মবিশ্বাসের সুর, "দ্বিতীয় লেগের শুরুতে চট্টগ্রাম মোহামেডানকে হারিয়েছি আমরা। বড় কথা হচ্ছে, আমরা আগে গোল করেছি, সেই গোল শোধ হয়ে যাওয়ার পরও আমরা গোল করে ম্যাচ জিতেছি।" গোল নিয়ে যে হাপিত্যেশ ছিল, সেটা কেটে যাচ্ছে দেখে ১১ ম্যাচে ২২ পয়েন্ট পাওয়া আবাহনীর আত্মবিশ্বাস সুদৃঢ় হচ্ছে। মানে মোহামেডানের প্রতিশোধের মিশনে আবাহনী এবার উদ্দিপ্ত। তাদের উদ্দীপনার মূলে চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে দ্বিতীয় লেগের প্রথম ম্যাচ। তাদের সঙ্গে প্রথম লেগে ড্র করা আবাহনীকে দু দুটো গোল করে জিতিয়েছেন আবুল। এই জয় দলকে উজ্জীবিত করার পাশাপাশি ফর্মে ফেরা এই মিডফিল্ডারের প্রথম একাদশে ঢোকাও নিশ্চিত করে দিয়েছে। আগের বার মোহামেডানের বিপক্ষে আবাহনী জিতেছিল অধিনায়ক জয়ের গোলে। গোল করছেন আবুলও। মিডফিল্ডাররা গোল করলেও স্ট্রাইকারদের মধ্যে একমাত্র ঘানার ইব্রাহিম করেছেন ৩ গোল। বিদায়ী স্ট্রাইকার হার্নান পেরোডি শুধু আর্জেন্টিনার নাম ভাঙ্গিয়ে খেলে গেছেন, পায়ে আর্জেন্টাইন ফুটবল নান্দনিকতার ছিটে ফোঁটাও ছিল না। আর স্বদেশী এমিলি আবাহনীতে এসে এখনো নিজেকে খুঁজে বেড়ান প্রতিপক্ষের গোলমুখে। এবার নীল---আকাশী জার্সি গায়ে দেখা যাবে নতুন স্ট্রাইকার সোলেয়মান চৌহাটকে। ক্যামেরুনের এই স্ট্রাইকার সম্পর্কে কোচ অমলেশ সেনের সার্টিফিকেট হচ্ছে, "তার পায়ে শ্যুটিং আছে, খুব আন্তরিকতা আছে। এখন ম্যাচে কেমন খেলে....।" আর্জেন্টাইনদের দেখে যেন তাদের চরম শিক্ষা হয়েছে। বিদায়ী কোচ ক্রুসিয়ানির দেওয়া লম্বা সার্টিফিকেটের সঙ্গে আর্জেন্টাইনদের পারফরম্যান্সের বেশ গড়মিল দেখে আবাহনী কর্তারা আর কোনো বিদেশীকে নিয়ে বড় গলা করে কিছু বলতে চান না। এই হতাশার কথা শুনুন আবাহনী কোচের মুখেই, "মোহামেডানের সঙ্গে আমাদের মূল পার্থক্য ওই বিদেশী নিয়েই। ওদের চার বিদেশীই যখন দলকে টেনে নিয়ে যাচ্ছে তখন আমাদের বিদেশীদের পারফরম্যান্স বেশ খারাপ। একমাত্র আর্জেন্টাইন ডিফেন্ডার ক্যাপোরেলের পারফরম্যান্সই ভাল ছিল।" মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক অবশ্য স্বদেশী --- বিদেশীকে আলাদা করে দেখতে চান না, "আমাদের পুরো দলই ভাল খেলছে। দ্বিতীয় লেগের দুটো বড় ম্যাচ জিততে না পারলেও আমরাই ভাল খেলেছি। আমাদের এ পর্যন্ত আসায় অবশ্যই বিদেশীদের বড় একটা ভূমিকা আছে।" তা পরিষ্কার হয়ে যায় নাইজেরিয়ান স্ট্রাইকার পলের ১০ ম্যাচে ১২ গোল দেখলেই। ১২ ম্যাচে ২২ পয়েন্ট পাওয়া মোহামেডানকে পয়েন্ট তালিকার শীর্ষ বসাতে গোল বানিয়ে দিয়ে বড় অবদান রেখেছেন পলের স্বদেশী এমেকা। কিন্তু আগের ম্যাচে লাল কার্ড দেখায় আবাহনীর সঙ্গে বিগ ম্যাচে এই নাইজেরিয়ানকে দলের বাইরেই থাকতে হবে। তারপরও মানিকের বিশ্বাস, "এমেকা না থাকায় একটু সমস্যা তো হবেই। আশা করি রনি অথবা ফরহাদকে দিয়ে সে জায়গাটা ভালভাবেই পূরণ করতে পারবো।" এমেকার অভাব হয়তো পূরণ হবে। কিন্তু দলের খেলোয়াড়দের মধ্যে যে পারশ্রমিক না পাওয়ার ক্ষোভ আছে? ঠিক মতো বেতন না পাওয়ায় মোহামেডানের খেলোয়াড়রা একদিন প্র্যাকটিসে না গিয়ে প্রতিবাদও করেছেন। ক্লাবের আর্থিক টানাপোড়েনের কথা স্বীকার করে মোহামেডান কোচ বলেছেন, "দেশের এ অবস্থায় ক্লাবগুলোর আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে। সেজন্যই খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে সমস্যা হচ্ছে। তবে আপাতত এই সমস্যার সমাধান হয়েছে।" সমাধান হওয়া মানে, শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই পরাশক্তির দুর্দান্ত লড়াই। এই লড়াই ২২ পয়েন্টের যৌথ শীর্ষাবস্থান থেকে এককভাবে শীর্ষে ওঠার। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এসবি/এএআর/২০০৩ ঘ.