সনৎ বাবলা
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সিনিয়র প্রতিবেদক
ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বাংলাদেশের ক্রীড়া সংগঠকরা ভালবেসেই স্বেচ্ছাশ্রম দেন ক্রীড়াঙ্গনে। এতদিন এটাই ছিল সত্য এবং গর্বের বিষয়ও। কিন্তু কয়েকজন ক্রীড়া সংগঠক জাতীয় ক্রীড়া পরিষদের টেন্ডারবাজিতে অংশ নেওয়ায় সেই গর্ব বোধহয় আর অটুট নেই। ক্রীড়া পরিষদের ঠিকাদারি করে বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, বাফুফে সদস্য ছাইদ হাছান কানন ও অ্যাথলেটিকস ফেডারেশনের বিতর্কিত যুগ্ম সম্পাদক আব্দুর রশীদ প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন নিজেদের সংগঠক সত্ত্বাকে।
ক্রীড়া পরিষদের ঠিকাদারিতে এগিয়ে আছেন ছ্ঈাদ হাছান কানন। তিনি ছিলেন মূলত ফুটবলার। জাতীয় দলের এই সাবেক গোলরক্ষকের ক্রীড়া সংগঠকে রূপান্তর ঘটে ২০০৩ সালে। ওই বছরেই নির্বাচিত সাধারণ সদস্য হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ঢোকেন এবং তারপর থেকেই জাতীয় ক্রীড়া পরিষদের টেন্ডারে অংশ নিয়ে নির্মাণ কাজ শুরু করেন।
গত চার বছরে এ পর্যন্ত তিনি ক্রীড়াপরিষদের চারটি নির্মাণ কাজ করেছেন। নিজের প্রতিষ্ঠান মের্সাস গোললাইন অ্যাসোসিয়েটসের অধীনে তিনি চারটি কাজ করেছেন। কাজগুলো হচ্ছে ১.কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামের ভূমি উন্নয়ন, ২.কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামের প্যাভিলিয়ন ও সীমানা প্রাচীর নির্মাণ, ৩.ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলের আচ্ছাদন, টাইলস ও অন্যান্য মালামাল সরবরাহ কাজ ৪. ধানমন্ডি জিমন্যাসিয়ামের উডেন ফ্লোর স্থাপন, জি আই ওয়্যার নেটিং সরবরাহ ও স্থাপন কাজ। অর্থমূল্যে এই চারটি কাজের পরিমাণ ৪ কোটি ৫৬ লাখ ২৮ হাজার ১৩৯.১৪ টাকা।
এ নিয়ে কথা বলার জন্য গত দুদিন ধরে ছাইদ হাছান কাননের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কাননের মতো নিজের কোনো প্রতিষ্ঠান নেই বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের। আতাউল হক এন্ড কোম্পানির ট্রেড লাইসেন্স ব্যবহার করে ৯৬ লাখ ৭৭ হাজার ৯৮১.৩৯ টাকার কাজ করেছেন চাঁদপুর স্টেডিয়ামে। কাজগুলো হচ্ছে ----চাঁদপুর জেলা স্টেডিয়ামের গ্যালারি নির্মাণ, সীমানা প্রাচীর নির্মাণ, জমি ও খেলার মাঠ উন্নয়ন, আভ্যন্তরীন রাস্তা এবং প্যালাসাইডিং কাজ।
ক্রীড়া পরিষদে ঠিকাদারি করার বিষয়টা বাফুফে সম্পাদক নিজেও স্বীকার করেছেন, " নির্মাতা প্রতিষ্ঠান আমার চাচার, সেটা দিয়েই আমি কাজ করেছি।" বাফুফের গুরুত্বপূর্ণ পদে বসে ক্রীড়া পরিষদে ঠিকাদারি করা নৈতিকভাবে কতোটা ঠিক ? হেলালের জবাব, "আমরা ফুটবল ফেডারেশনে শ্রম দিই কোনো পারশ্রমিক ছাড়া। সেক্ষেত্রে ক্রীড়া পরিষদে ঠিকাদারি করার মধ্যে অন্যায় কী আছে। তারপরও আমি বলি না করলেই ভাল।" করলে কী সংগঠকের সম্মানটা ক্ষুন্ন হয় না ? "আমি সেটাই বলছি। নিজে কাজ করার সুবাদে আমার বাজে অভিজ্ঞতা হয়েছে। তাই একটা কাজ করার পর আমি আর ওদিকে যাইনি"------ অকপট স্বীকারোক্তি বাফুফে সম্পাদকের।
আরেকজন হলেন বিতর্কিত ক্রীড়া সংগঠক আব্দুর রশিদ। বিএনপি---জামাত জোট সরকারের সময় ক্রীড়াঙ্গনের নেতা হিসেবে আর্বিভূত কুষ্টিয়ার রশিদ কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ভুয়া প্যাড ও সিল ব্যবহার করে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের কাউন্সিলর হয়ে কমিটির যুগ্ম সম্পাদক পদে বসেছেন। তার এই জালিয়াতি প্রমাণিত হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তদন্তে। অবৈধভাবে ফেডারেশনে ঢুকে তিনি ঠিকাদারী করেছেন জাতীয় ক্রীড়া পরিষদে। নিজের ফার্ম রশিদ এন্টারপ্রাইজের নামে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের খেলার মাঠের চারদিকে সিকিউরিটি ফেন্সিং ও মাঠ উন্নয়নের কাজ করেছেন ১৪ লাখ ২০ হাজার ৬৮৮ টাকার।
এছাড়া বরিশালের ক্রীড়া সংগঠক জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম গুলজার ও গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুজ্জাম শহীদ জাতীয় ক্রীড়া পরিষদের ঠিকাদার হিসেবে নিজেদের জেলায় স্টেডিয়ামের কাজ করছেন।
সংগঠকদের ক্রীড়া পরিষদে ঠিকাদারি সঙ্গে অনেকে প্রভাব খাটানোর গন্ধ খুঁজে পান। আনোয়ারুল হক হেলাল অবশ্য তা মনে করেন না। কিন্তু সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ও ক্রীড়া সংগঠক সাদেক হোসেন খোকা বলেছেন, "কোনো বিধিনিষেধ না থাকলেও নিজেদের আত্মসম্মানের কথা বিবেচনা করে ক্রীড়া সংগঠকদের অবশ্যই ক্রীড়া পরিষদে ঠিকাদারি না করাই উচিত। করলে প্রশ্ন উঠবেই। আর ফেডারেশনের বড়কর্তা হয়ে ক্রীড়া পরিষদে ঠিকাদারি করলে সংশ্লিষ্ট ফেডারেশনের স্বার্থে সমস্যা হতে পারে।" দেড়---দুই দশক আগে নিজের ফুটবল ফেডারেশনে সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে ঢাকার মেয়র বলেছেন, "আমরা যখন ফুটবলের সঙ্গে ছিলাম তখন এসব ঠিকাদারি করার চিন্তা আমাদের মাথায়ও আসেনি। আসলে পুরো দেশই তো অনিয়ম ---- দুর্নীতিতে নিমজ্জতি।"
সাবেক ক্রীড়া সচিব আসাফ---উদ---দৌলার চোখে এটা দুর্নীতি। তিনি বেশ স্পষ্ট করেই বলেছেন, "এটা অবশ্যই দুর্নীতি। ফেডারেশনের কর্মকর্তা হয়ে ঠিকাদারি করার মধ্যেই স্পষ্ট হয়ে যায়, তারা আসলে সংগঠক নয়, ঠিকাদারি করার লোভেই এসেছে ক্রীড়াঙ্গনে। এদেরকে ক্রীড়া সংগঠক না বলে ক্রীড়াজীবি বলাই ভাল।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৭৩৫ঘ.
bdnews24