ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ---- খুলনা আবাহনীকে ৫----০ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে ব্রাদার্স। প্রথম লেগে তারা খুলনা আবাহনীর কাছে ৪----২ গোলে হেরেছিল। এই পরাজয়ের শোধ নিতেই যেন জুনিয়র জ্বলে উঠেছেন; তার চার গোলে খুলনা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে বড় জয় পেয়েছে ব্রাদার্স।
২৩ মিনিটে গোলের সূচনা করেছেন জুনিয়র। তারপর ৩২, ৩৬ ও ৬৬ মিনিটে আরো তিনটি গোল করেছেন ব্রাদার্সের এই নাইজেরিয়ান। সুবাদে ১২ গোল নিয়ে তিনি মোহামেডানের নাইজেরিয়ান পলের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে অবস্থান করছেন গোলদাতার তালিকায়। তবে একটি 'ডাবল হ্যাটট্রিক' করে হ্যাটট্রিকে এগিয়ে আছেন পল। এছাড়া মুক্তিযোদ্ধার আলফাজ করেছিলেন একটি হ্যাট্রিক। সেই হিসেবে ধরলে জুনিয়র লিগের চতুর্থ হ্যাটট্রিক করেছেন। ম্যাচের বাকি গোলটি করেছেন মঞ্জুরুল ইসলাম, ২৭ মিনিটে।
এই জয়ে ব্রাদার্সের সংগ্রহ ১২ ম্যাচে ১৯ পয়েন্ট আর খুলনা আবাহনীর ১৩ ম্যাচে ১১ পয়েন্ট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৯৪৫ঘ.
bdnews24