মাদ্রিদ, ১০ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) ---- ক্যারিয়ারের শুরু থেকেই লায়নেল মেসির অন্য নাম 'নতুন ম্যারাডোনা'। প্রতিভাবান কোনো আর্জেন্টাইন ফুটবলারের জন্য এ আর নতুন কী! তবে মেসি প্রমান করে চলেছেন তিনি অন্যদের চেয়ে আলাদা, ম্যারাডোনার কথা হরহামেশা মনে করিয়ে দেয়ার সামর্থ তার সত্যি সত্যিই আছে। শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগার খুব গুরুত্বপূর্ণ এক ম্যাচেও ম্যারাডোনার স্মৃতি ফিরিয়ে এনেছিলেন মেসি। '৮৬ বিশ্বকাপের ম্যারাডোনার মতো এবার মেসিও গোল করেছেন হাত দিয়ে। সুবাদে এস্পানিওলের বিপক্ষে ২ --- ২ গোলে ড্র করেছে বার্সেলোনা। তাতেও অবশ্য শিরোপা দৌড়ে এগোতে পারেনি ক্যাটালান ক্লাবটি। শেষ মুহুর্তের নাটকে রিয়াল জারাগোজার সঙ্গে ২ --- ২ গোলে ড্র করে এখনো পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ।
৪৪ মিনিট পর্যন্ত তামুদোর গোলে এগিয়ে ছিল এস্পানিওল। কিন্তু প্রথমার্ধের শেষ মিনিটে সেই গোল ফিরিয়ে দেয় বার্সেলোনা। জাম্ব্রোত্তার ক্রস, ছুটে গিয়ে লাফিয়ে হাত দিয়ে বল জালে পাঠান মেসি। রেফারির দৃষ্টি এড়ানোয় গোল! এস্পানিওলের খেলোয়াড়দের শত প্রতিবাদেও কোনো কাজ হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য বৈধ গোলেই এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ডেকোর পাস থেকে এবারের গোলদাতাও মেসি। ম্যাচ ২ --- ১ --- এ শেষ করতে পারলে আবার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যেতো রোনালদিনহো, মেসি, এ'তো,ডেকোদের দল। কেননা অন্য ম্যাচে রিয়াল তখন জারাগোজার বিপক্ষে ১ --- ২ গোলেই পিছিয়ে। কিন্ত জয় পাওয়া হয়নি বার্সেলোনার। কিন্তু শেষ মুহুর্তে আবার তামুদোর গোলেই সমতা ফেরায় এস্পানিওল।
মজার ব্যাপার হলো, রিয়াল মাদ্রিদ পরাজয় এড়ায় প্রায় সেই মুহুর্তেই করা রুড ফন নিস্টলরয়ের গোলে। এর আগে ৩০ মিনিটের সময় পাবলো আইমারকে ডিফেন্ডার ইভান হেলগুয়েরা ফাউল করায় পেনাল্টি পেয়েছিল জারাগোজা। এমন সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নিতে ভুল করেননি ডিয়েগো মিলিতো। ৪৫ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিলেন নিস্টলরয়। কিন্তু জারাগোজার গোলরক্ষক সিজার সানচেজ তার চেষ্টা নস্যাত করে দিলে ০ --- ১ --- এ পিছিয়েই প্রথমার্ধ শেষ করে রিয়াল।
তবে বেশিক্ষণ আটকে রাখা যায়নি ডাচ স্ট্রাইকারকে। ৫৬ মিনিটে ঠিকই রিয়ালকে সমতায় ফেরান নিস্টলরয়। সেই আনন্দের স্থায়ীত্ব ছিল মাত্র ৭ মিনিট। তারপর আবার মিলিতোর গোল। আবার (১ --- ২) পিছিয়ে পড়ায় লিগ জয়ের দৌড়ে পিছিয়ে পড়ার আশঙ্কা ছিল রিয়ালের। শেষ মিনিটে নিচু হেডে দুর্দান্ত এক গোল করে সেই আশঙ্কাই শুধু দূরে ঠেলেননি, সেইসঙ্গে পয়েন্ট তালিকায় রিয়ালের শীর্ষস্থানও ধরে রেখেছেন নিস্টলরয়। বার্সেলোনার মতো তাদেরও পয়েন্ট এখন ৭৩। তবে হেড --- টু --- হেডে এগিয়ে থাকায় রিয়ালই পাচ্ছে শীর্ষে থাকার সুযোগ। এখন তাদের কাজ শুধু আগামী সপ্তাহে রিয়াল মায়োরকাকে হারানো। তাহলেই
চার বছরে এই প্রথমবারের মতো প্রিমেরা লিগা জিতবে রিয়াল মাদ্রিদ।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ এসি /১৮৪২ ঘ.
bdnews24