প্যারিস, ৯ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স) ---- সেমিফাইনালে মারিয়া শারাপোভাকে হারালেও ফাইনালে দাঁড়াতেই পারেননি আনা ইভানোভিচ। দাঁড়াতে পারেননি না বলে বলা উচিত সার্বিয়ার এই তরুনীকে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের দিকে এগোনোর কোনো সুযোগই দেননি জাস্টিন হেনিন। ৬ --- ১, ৬ --- ২ গেমে ম্যাচ জিতে ফ্রেঞ্চ ওপেনে হ্যাটট্রিক শিরোপাও জিতে নিয়েছেন বেলজিয়ান শীর্ষ বাছাই।
ফ্রেঞ্চ ওপেনে হ্যাটট্রিক শিরোপা জয়ের সর্বশেষ নজীর মনিকা সেলেসের। সেলেস হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন ১৯৯২ সালে। ১৪ বছর পর ওই রেকর্ডে ভাগ বসানোর পথে ১৯ বছর বয়সী ইভানোভিচকে আত্মবিশ্বাসী হওয়ার সুযোগই দেননি হেনিন। প্রথম সার্বিয়ান হিসেবে কোনো গ্র্যান্ডস্লাম ফাইনালে ওঠার আনন্দটাকে প্রথম দু গেমেই শুধু ধরে রাখতে পেরেছিলেন ইভানোভিচ, তারপরই শুরু হয়ে যায় রেকর্ড --- ছোঁয়া জয়ের পথে হেনিনের অবিশ্বাস্য দৃঢ়তাপূর্ণ এক যাত্রা। যাত্রার শেষে তৃপ্তির হাসিটুকু হেনিনেরই। ইভানোভিচের জন্য ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনাল হয়ে রইলো দুঃস্বপ্নের অন্য নাম।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ এসি /২১০০ ঘ.
bdnews24