২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রহমতগঞ্জে হোঁচট খেল শেখ রাসেল

এই ম্যাচ জিতে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে চলে যাচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র, এটাকে নিশ্চিত ধরে নেয়াই স্বাভাবিক ছিল। কারণ তাদের প্রতিপক্ষ নীচের সারির দল রহমতগঞ্জ। কিন্তু শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বি লিগের দ্বিতীয় লেগের ম্যাচে সেই রহমতগঞ্জই জন্ম দিল বড় এক অঘটনের। শিরোপার দাবিদার শেখ রাসেলকে তারা হারিয়ে দিয়েছে আশরাফুল আউয়াল অপুর দেওয়া একমাত্র গোলে। তাই ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ আর মোহামেডান স্পোর্টিংকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়া হলো না এই ম্যাচের আগে তাদের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে থাকা শেখ রাসেলের (২০)। অথচ প্রথম লেগে এই রহমতগঞ্জকেই তারা ২ --- ০ গোলে হারিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 03:29 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, ৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- এই ম্যাচ জিতে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে চলে যাচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র, এটাকে নিশ্চিত ধরে নেয়াই স্বাভাবিক ছিল। কারণ তাদের প্রতিপক্ষ নীচের সারির দল রহমতগঞ্জ। কিন্তু শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বি লিগের দ্বিতীয় লেগের ম্যাচে সেই রহমতগঞ্জই জন্ম দিল বড় এক অঘটনের। শিরোপার দাবিদার শেখ রাসেলকে তারা হারিয়ে দিয়েছে আশরাফুল আউয়াল অপুর দেওয়া একমাত্র গোলে। তাই ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ আর মোহামেডান স্পোর্টিংকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়া হলো না এই ম্যাচের আগে তাদের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে থাকা শেখ রাসেলের (২০)। অথচ প্রথম লেগে এই রহমতগঞ্জকেই তারা ২ --- ০ গোলে হারিয়েছিল। ম্যাচের ২৫ মিনিটেই জয়সূচক গোলটি পেয়ে যায় ১২ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট পাওয়া রহমতগঞ্জ। বাম প্রান্ত ধরে এগিয়ে যাওয়া তাদের নাইজেরিয়ান স্ট্রাইকার ফ্রান্সিস যে ক্রসটি করেন, তাতে বল খুঁজে পায় শেখ রাসেলের বক্সের ঠিক ওপরে দাঁড়ানো অপুর পা। সেখান থেকে জোরালো শটে বল জালে পাঠান অপু। ঠিক আগের রাউন্ডেই আরামবাগকে হারিয়ে বি লিগে নিজেদের প্রথম জয় পাওয়া রহমতগঞ্জের অবস্থানে খুব একটা হেরফের হচ্ছে না এই জয়েও। ১১ দলের টুর্নামেন্টে তাদের জায়গা এখনো শেষের সারিতেই। বৃষ্টিভেজা মাঠে দু'দলকেই লড়তে হচ্ছিল বলের নিয়ন্ত্রণ পাওয়ার জন্য। তবে সারা ম্যাচে বল দখলে অনেক এগিয়ে থেকেও শেখ রাসেলের এই ম্যাচে হেরে যাওয়ার কারণ দুটো। এক. নিজেদের ব্যর্থতা এবং দুই. রহমতগঞ্জের গোলকিপার আনোয়ারুল ইসলামের দৃঢ়তা। তাদের খেলোয়াড়রা আধ ডজন গোলের সুযোগ যেমন নষ্ট করেছেন, তেমনি মরোক্কান স্ট্রাইকার তোয়াতি ইউনুস এবং মিডফিল্ডার ইগির মোহাম্মদকে বেশ কয়েকবারই হতাশায় ডুবিয়েছেন আনোয়ারুল। শেখ রাসেলের কোচ ওয়াজেদ গাজীর কথায়ও আছে এই হারের ময়নাতদন্ত,"শুরুতেই তিন/চারটা গোলের সুযোগ নষ্ট করে এবং প্রতিপক্ষকে গোল করতে দিয়ে কিছুতেই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবেন না আপনি। এটাকে দুর্ভাগ্যই বলতে পারেন। তাছাড়া তাদের (রহমতগঞ্জ) গোলকিপার যেভাবে আমাদের কয়েকটা গোল প্রচেষ্টা নস্যাৎ করেছে, তা অসাধারণ।" এবার রহমতগঞ্জের কোচ রিয়াজউদ্দিনের মুখে শোনা যাক তাদের সাফল্যের রহস্য,"আমরা কাউন্টার অ্যাটাক নির্ভর খেলার ছকই কষেছিলাম। আমি খুশি যে খেলোয়াড়রা পরিকল্পনা অনুযায়ী খেলে ফল এনে দিয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১২০ ঘ.