২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাগ্যের বিরোধিতায় জিততে পারল না মোহামেডান

মুক্তিযোদ্ধা ১ : ঢাকা মোহামেডান ১ ১০ জনের মোহামেডানের সঙ্গেও পারলো না তারকাখচিত মুক্তিযোদ্ধা। লালকার্ড দেখে মোহামেডানের এমেকা মাঠ ছাড়ার পর ১৬ মিনিট ১০ জনের মুক্তিযোদ্ধাকে পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেনি মুক্তিযোদ্ধা। উল্টো মোহামেডানই চাপিয়ে খেলেছে। এবং যে পরিমাণ গোলের সুযোগ তারা তৈরি করেছে তারপরও গোল না পাওয়াটা নিছকই ভাগ্যের ফের। ভাগ্যের এই বিরোধিতাতেই প্রথম লেগের পরাজয়ের প্রতিশোধ নেওয়া হলো না ঢাকা মোহামেডানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 04:19 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ------- মুক্তিযোদ্ধা ১ : ঢাকা মোহামেডান ১ ১০ জনের মোহামেডানের সঙ্গেও পারলো না তারকাখচিত মুক্তিযোদ্ধা। লালকার্ড দেখে মোহামেডানের এমেকা মাঠ ছাড়ার পর ১৬ মিনিট ১০ জনের মুক্তিযোদ্ধাকে পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেনি মুক্তিযোদ্ধা। উল্টো মোহামেডানই চাপিয়ে খেলেছে। এবং যে পরিমাণ গোলের সুযোগ তারা তৈরি করেছে তারপরও গোল না পাওয়াটা নিছকই ভাগ্যের ফের। ভাগ্যের এই বিরোধিতাতেই প্রথম লেগের পরাজয়ের প্রতিশোধ নেওয়া হলো না ঢাকা মোহামেডানের। অথচ ম্যাচ শুরুর ১০ মিনিটের ঝটিকা আক্রমণে তারা গোল খেয়ে বসতে পারতো। ৫ মিনিটে মুক্তিযোদ্ধার ডিফেন্সের ভুলের মাশুল গুনতে গুনতেও গোনা হয়নি মোহামেডানের শরীফ শট নিতে একটু দেরী করে ফেলায়। মিনিট দুয়েক পরে মোহামেডানের দুই নাইজেরিয়ান পল ও এমেকা নষ্ট করেছেন দুটো সহজ সুযোগ। শফিকুল ইসলাম মানিকের কাছে অবশ্য তাদের ব্যর্থতারও আগে আসছে মুক্তিযোদ্ধা গোলরক্ষক তিতুমীর চৌধুরী টিটোর ফাউল। তার দাবি অনুযায়ী টিটো যেভাবে আক্রমনটা ঠেকিয়েছেন তাতে পেনাল্টিই পাওনা ছিল তাদের, "আমাদের দুটো নিশ্চিত পেনাল্টি দেয়নি রেফারি। এছাড়া একটি গোল বাতিল করেছে। এভাবে তো আর জেতা যায় না।" মানিকের দাবিকৃত অন্য 'পেনাল্টিটি' ম্যাচের শেষ মুহুর্তের ঘটনা; মুক্তিযোদ্ধার গোলমুখে দারুন ট্যাকল করে পলকে ঠেকিয়ে দেন রজনী। আর অফসাইডে থেকে এমেকা ৭০ মিনিটে মুক্তিযোদ্ধার জালে বল জড়িয়ে দিলেও মোহামেডান কোচের চোখে তা বৈধ ! আসলে ভাগ্য ছিল মুক্তিযোদ্ধার সঙ্গেই। প্রথম আক্রমণ থেকেই গোল আদায় করে নিয়েছে তারা। প্রায় মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে যাওয়া মরক্কোর ব্রাহিম ডি বক্সের ওপর থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে পরাস্ত করেছেন মোহামেডানের গোলরক্ষক হিমেলকে। দৃষ্টিনন্দন এ গোলের পেছনে কিন্তু মোহামেডানের ফুটবলাররাও যথেষ্ট অবদান রেখেছেন ব্রাহিমকে বিনা বাঁধায় এগুতে দিয়ে। ১৭ মিনিটে তার চেয়েও সহজ সুযোগ পেয়েছিলেন মতিউর মুন্না, মনির বাড়ানো চমৎকার এক থ্রু আয়ত্তে নিয়ে মুন্না মোহামেডানের গোলমুখে হানা দিয়ে শট নিতে দেরি করে ফেলেন। গোল খাওয়ার পর দ্বিতীয়ার্ধে মোহামেডান একচেটিয়া খেলে। তাদের টানা আক্রমণে দিশেহারা হয়ে যায় মুক্তিযোদ্ধার ডিফেন্স। সেই সঙ্গে অবশ্যম্ভাবী চিত্র হয়ে যায় মোহামেডানের স্ট্রাইকারদের ব্যর্থতা, পোস্টে বাতাস লাগিয়ে শটগুলোর বাইরে উড়ে যাওয়া এবং গোলরক্ষক হিমেলের নৈপুন্য। হিমেল একবারই ভুল করেন ৬৪ মিনিটে এবং তখনই আসে সমতার গোল। এমেকার চমৎকার ফ্রিকিকটি গ্রিপ না পাঞ্চ করবেন, এই সিদ্ধান্তহীনতায় বলটা তার হাত ফসকে ক্রসবারে লেগে গোলমুখের সামনেই পড়ে এবং তাতে নাইজেরিয়ান ডিভাইনের হেড মুক্তিযোদ্ধার জালে জমা করে ম্যাচে ফেরায় মোহামেডানকে। ওই গোলের সঙ্গে সঙ্গেই যেন ভাগ্য ছেড়ে যায় তাদের। ৭০ মিনিটে অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়ে যায় এমেকার গোল। তার মিনিট চারেক পরেই এই নাইজেরিয়ান মুক্তিযোদ্ধার হাসান আল মামুনকে ফাউল করলে রেফারি তৈয়ব হাসান তাকে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন। মোহামেডান ১০ জনের দল হয়ে গেলেও কিন্তু আক্রমণের ধার কমেনি তেমন। ধার কমেছে উল্টো মুক্তিযোদ্ধারই। সেজন্যই আক্ষেপ মুক্তিযোদ্ধার কোচ আবু ইউসুফের, "ওই সময়টায় আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করে খেলতে পারিনি। খেলায় মনযোগী ছিল না আমাদের খেলোয়াড়রা।" তার ফল ড্র ম্যাচ এবং ১২ খেলা শেষে দুদলেরই সংগ্রহ ২২ পয়েন্ট করে। একটি ম্যাচ কম খেলে ঢাকা আবাহনীরও ২২ পয়েন্ট। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১৫ঘ.